06/06/2026
আলহামদুলিল্লাহ।
আজ আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের রোগীকে পজিটিভ প্রেসার রুম থেকে সফলভাবে বের করতে পেরেছি। এবারের ট্রান্সপ্লান্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এটি ছিল সম্পূর্ণ TMSS-এর নিজস্ব টিমের পরিচালনায় সম্পন্ন একটি ট্রান্সপ্লান্ট। আগের ট্রান্সপ্লান্টে এভারকেয়ারের অভিজ্ঞ টিম সরাসরি সহায়তা করেছিল, কিন্তু এবার পুরো দায়িত্ব আমাদের নিজেদের কাঁধেই ছিল।
পুরো ঈদের ছুটিটা আমরা এই রোগীকে ঘিরেই কাটিয়েছি। কাজটি মোটেও সহজ ছিল না, তবে আল্লাহর অশেষ রহমতে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
২০২০ সালে হেমাটোলজিতে MD শেষ করে বগুড়ায় আসার পর নানা প্রতিকূলতার মধ্যে পড়েছিলাম। প্রথমে করোনা মহামারি, এরপর দীর্ঘদিন হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কাজ করা—সব মিলিয়ে মনে হয়েছিল আমার একাডেমিক ও পেশাগত পথ যেন থমকে গেছে।
সেই কঠিন সময়ে Abu Jafar Saleh স্যার আমার ওপর আস্থা রেখেছিলেন। তিনি যেন আমাকে নতুন করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন এবং ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান হিসেবে পথচলার দ্বার খুলে দিয়েছিলেন। স্যারের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।
একইভাবে Quazi Haq স্মিতা আপার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, যিনি হাতে-কলমে ট্রান্সপ্লান্টের বাস্তব শিক্ষা দিয়েছেন। এভারকেয়ারের পুরো টিমকেও ধন্যবাদ, যারা সবসময় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন।
Matiur Rahman স্যারের দূরদর্শিতা ও সাহসিকতারও প্রশংসা করতেই হয়। তিনি মানুষের সামর্থ্য চিনতে পারেন এবং যথাযথ দায়িত্ব দিতে জানেন। তাঁর নেতৃত্বে TMSS Hematology and Bone Marrow Transplant Center -এ কাজ করতে গিয়ে কখনো নিজেকে অভিভাবকহীন মনে হয়নি।
সংশ্লিষ্ট সকল বিভাগকে ধন্যবাদ, বিশেষ করে Transfusion Medicine বিভাগ এবং Abdullah Al Masud -কে।
আমাদের রোগীর নিউট্রোফিল প্রায় এক সপ্তাহ শূন্যের কাছাকাছি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, পুরো সময়টাতে রোগীর একবারও জ্বর আসেনি। শুধুমাত্র ওরাল লেভোফ্লক্সাসিন দিয়েই ট্রান্সপ্লান্ট-পরবর্তী সময় সফলভাবে পার করা গেছে। এটি সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক অভিজ্ঞতা।
এই সাফল্যের প্রকৃত কৃতিত্ব আমার সহকর্মী ও টিমের সদস্যদের। ডা. সায়েম, ডা. রেজওয়ান, ডা. অরিন, ডা. সায়েদা, ডা. মুবাশ্বির, নার্স ইনচার্জ ফাতেমা এবং পুরো নার্সিং টিম, হাউজকিপিং টিম—সবার আন্তরিক পরিশ্রম ও নিষ্ঠা ছাড়া এটি সম্ভব হতো না।
সবশেষে, সবাই আমাদের রোগী এবং আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আমরা আরও অনেক রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারি।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর।