16/05/2026
আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো— নেজাল পলিপ, নাকের হাড় বাঁকা এবং নাকের মাংস বৃদ্ধি নিয়ে।
আমাদের অনেকেরই অভিযোগ থাকে—
নাকে পলিপ হয়েছে, নাক বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, অতিরিক্ত হাঁচি বা সর্দির সমস্যা থাকে।
এ কারণে অনেক সময় মানুষ ভুল চিকিৎসার শিকার হন।
আমাদের প্রায় ৯৫% মানুষেরই নাকের হাড় কিছুটা বাঁকা থাকে।
তবে সবার চিকিৎসা বা অপারেশন লাগে না।
যাদের ক্ষেত্রে নাকের হাড় বাঁকা থাকার কারণে শ্বাস নিতে কষ্ট হয়, দীর্ঘদিন নাক বন্ধ থাকে, ঘুমে সমস্যা হয়, মাথাব্যথা বা বারবার সাইনাসাইটিস হয়— সেসব ক্ষেত্রে প্রথমে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি।
প্রয়োজন হলে পরে সার্জারির কথা বিবেচনা করা হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো “নাকের মাংস বৃদ্ধি”।
আমাদের নাকের ভেতরে স্বাভাবিকভাবেই দুটি মাংসল অংশ থাকে, যেগুলোকে মেডিকেলের ভাষায় Inferior Turbinate বলা হয়।
অনেক সময় এগুলো ফুলে বড় হয়ে যায়, যাকে Inferior Turbinate Hypertrophy বলা হয়।
কিন্তু অনেকেই ভুল করে এটাকে পলিপ মনে করেন।
বিশেষ করে কিছু ভুল চিকিৎসক, কবিরাজ বা হার্বাল চিকিৎসায় এটিকে পলিপ বলে বিভিন্ন ধরনের ক্ষতিকর অ্যাসিড ব্যবহার করা হয়।
এর ফলে নাকের মারাত্মক ক্ষতি হতে পারে—
যেমন নাকের পর্দা ছিদ্র হয়ে যাওয়া, নাকের ভেতরে জোড়া লেগে যাওয়া, ইনফেকশন, এমনকি নাক বসেও যেতে পারে।
আসল নেজাল পলিপ হলো এক ধরনের দীর্ঘদিনের প্রদাহ বা chronic inflammation-এর কারণে নাক ও সাইনাসের মিউকোসা ফুলে গিয়ে তৈরি হওয়া নরম মাংসপিণ্ড।
এটি নাকের ভেতরে দেখা যেতে পারে, যাকে Ethmoidal Polyp বলা হয়।
আবার কিছু ক্ষেত্রে এটি গলার দিকেও চলে যেতে পারে, যাকে Antrochoanal Polyp বলা হয়।
এই রোগ নির্ণয়ের জন্য সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও Proper Diagnosis খুবই গুরুত্বপূর্ণ।
প্রথমে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, এবং অনেক রোগী এতে ভালো হয়ে যান।
তবে পলিপ বড় হয়ে গেলে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে।
#আরো কোন বিষয় জানতে চাইলে কমেন্টে জানান ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব
ধন্যবাদ সবাইকে।
আশা করি সবাই উপকৃত হয়েছেন।
ভুল চিকিৎসা থেকে সচেতন থাকুন এবং সুস্থ থাকুন।
ডা:মো:আল -আমিন
নাক কান গলা থাইরয়েড বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন।
পোস্টটি শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন।