02/11/2024
নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, ইউনানী ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, ডিপ্লোমাধারী ডাক্তার সমীপে খোলা চিঠি....
মহান পার্লামেন্ট কর্তৃক পাসকৃত দু'টি আইন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন'২০১৯ ধারা ২৩(২) মোতাবেক
'নিবন্ধিত ভেটেরিনারিয়ানগণ, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল আইন' ২০২৪ ধারা ২(১৩), ২১(৩) মোতাবেক নিবন্ধিত হোমিওপ্যাথিক ডিপ্লোমাধারী, ব্যাচেলরধারী চিকিৎসকগণ নামের পূর্বে ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন' বলা রয়েছে।
অপরপক্ষে, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি আইন'২০১০ ধারা ২৯(১) ধারা মোতাবেক 'এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না' বলা হয়েছে। উক্ত ধারায় "অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না" বলার কারণে সাধারণ জনগণ এটাই মনে করে থাকেন যে, বাংলাদেশে কেবল ব্যাচেলর অব মেডিসিন এন্ড ব্যাচেলর অব সার্জারী এমবিবিএস/ ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী বিডিএস ডিগ্রিপ্রাপ্তগণই ডাক্তার। অন্য কেউ ডাক্তার নয়। ২৯(১) ধারায় উদ্ভট লাইনের কারণে অনেকে মনে করে থাকেন যে, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিভিএম, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী ডিএইচএমএস, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি বিএইচএমএস ডিগ্রিপ্রাপ্তরা ডাক্তার নন কিংবা যে কেউ ভাবতে পারেন বিএমডিসি আইন'২০১০ অনুযায়ী ডিভিএম, বিএইচএমএস, ডিএইচএমএস ধারীরা নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এতে করে জাতির কাছে ভুল ম্যাসেজ যাচ্ছে যে, উনারা ডাক্তার পদবি ব্যবহার করার যোগ্য নন। একটি আইনে যখন "অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না" এরূপ বলা হয় তখন ধরেই নেয়া হয় বাকী পেশাজীবি চিকিৎসকরা কেউ পারবেন না ডাক্তার পদবি ব্যবহার করতে। আইনে এরূপ উদ্ভট বাক্য চয়ন অন্যান্য পেশাজীবি চিকিৎসকদের মৌলিক অধিকার হরণ করেছে। ধারা ২৯(১) এ তাই ঘটেছে।
বিএমডিসি আইন'২০১০ ধারা ২৯(১) এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তগণ ব্যতীত নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তার, নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারসহ অন্য সকল নিবন্ধিত ডাক্তারদের অডাক্তার কিংবা ভুয়া ডাক্তার হিসেবে নির্দেশ করেছে।
বিএমডিসি আইন'২০১০ এর ২৯(১) ধারাটি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন'২০১৯ ধারা ২৩(২), বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল আইন' ২০২৪ ধারা ২(১৩), ২১(৩), অন্যান্য চিকিৎসকদের জন্য প্রযোজ্য প্রচলিত আইন ও বিধি-বিধান গুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে গেছে। মহামান্য সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। যা মোটেও কাম্য নয়।
এমতাবস্থায়, বিএমডিসি আইন'২০১০ ধারা ২৯(১) সংশোধন করে লেখা উচিত "বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকগণ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন।" উপরোক্ত বাক্য চয়ন ব্যতীত অন্য কোন বাক্য চয়নের আইনানুগ সুযোগ বিএমডিসি আইন'২০১০ ধারা ২৯(১) এ নেই।
সবশেষে নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তার, নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারসহ অন্য সকল নিবন্ধিত ডাক্তারদের বিএমডিসি আইন'২০১০ ধারা ২৯(১) এর বিরুদ্ধে আলাদা আলাদা রিট পিটিশন মামলা করে মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক ধারা ২৯(১) অবৈধ ঘোষণা করার আহবান জানাচ্ছি। যাতে করে সাধারণ জনগণ ভেটেরিনারি ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তারসহ অন্য সকল নিবন্ধিত চিকিৎসকদের ডাক্তার হিসেবেই সমীহ করেন।
উল্লেখ্য, বিএমডিসি নিবন্ধিত ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ ডিপ্লোমাধারী চিকিৎসকগণ মহামান্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ মোতাবেক, ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী বিইউএমএস, ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী বিএএমএস ডিগ্রিপ্রাপ্তগণ সরকারের যথাযথ আইন ও বিধি-বিধানের আলোকে নামের পূর্বে ডা. উপাধি ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে থাকেন।
সকলকে ধন্যবাদ।