06/11/2026
আপনার শরীর কি আপনাকে আগেই সতর্ক করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না?
ধরুন, একজন মানুষ নিয়মিত অফিস করছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। বাইরে থেকে দেখে মনে হবে, সবকিছু ঠিকঠাক।
কিন্তু হঠাৎ একদিন Lipid Profile করালেন। রিপোর্টে দেখা গেল, Triglyceride ৪০০-এর বেশি, আর HDL Cholesterol প্রয়োজনের তুলনায় অনেক কম।
এবার একটু থামুন!
এই রিপোর্টকে শুধু Cholesterol-এর সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। কারণ এমন ফলাফল অনেক সময় শরীরে Insulin Resistance এবং ভবিষ্যতে Type 2 Diabetes-এর ঝুঁকির ইঙ্গিত দিতে পারে।
এরপর যদি ওই ব্যক্তির Ultrasonography করা হয়, দেখা যেতে পারে Fatty Liver। Blood Pressure মাপলে পাওয়া যেতে পারে 140/90 mmHg বা তার বেশি। Serum Uric Acid-ও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
আরেকটি বিষয় লক্ষ করবেন, এদের অনেকেরই পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমেছে, ওজন বেশি এবং BMI-ও স্বাভাবিকের তুলনায় অনেক উঁচু।
এখন ভাবুন তো, এতগুলো সমস্যা একই ব্যক্তির শরীরে একসঙ্গে কেন দেখা যাচ্ছে?
কারণ, এগুলো অনেক সময় বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়। শরীরের ভেতরে চলতে থাকা একটি বড় Metabolic Dysfunction-এর বিভিন্ন প্রকাশ। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এই অবস্থাকে আমরা বলি Metabolic Syndrome।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই সমস্যাগুলো সাধারণত হঠাৎ করে আসে না। ধীরে ধীরে তৈরি হয়। অনেক সময় কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরের ভেতরে ক্ষতি করতে থাকে। একদম নীরব ঘাতকের মতো!
তবে আশার কথা হলো, এই পর্যায়ে জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারলে অনেকটাই ঘুরে দাঁড়ানো সম্ভব।
ধরুন, একজন অতিরিক্ত ওজনের মানুষ নিজের বর্তমান ওজনের মাত্র ৫-৭% কমাতে পারলেন। নিয়মিত হাঁটছেন, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করছেন, চিনি ও অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট কমাচ্ছেন এবং পর্যাপ্ত ঘুমাচ্ছেন।
কয়েক মাসের মধ্যে তার Blood Sugar, Blood Pressure, Triglyceride এবং Fatty Liver-এর অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।
অর্থাৎ, সব সমস্যার সমাধান শুধু ওষুধের ওপর নির্ভর করে না। অনেক ক্ষেত্রে আপনার প্রতিদিনের জীবনযাত্রার পরিবর্তনই চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আরেকটি বিষয় বলি।
সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার পর প্রথম কয়েক পা ফেলতেই কি গোড়ালিতে ব্যথা হয়? কখনো কি পায়ের বুড়ো আঙুলের গোড়ায় হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন?
এগুলোকে শুধু বয়সের সমস্যা কিংবা অতিরিক্ত ওজনের কারণে হচ্ছে ভেবে অবহেলা করবেন না। গোড়ালির ব্যথার পেছনে Plantar Fasciitis থাকতে পারে। আবার বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা Gout-এর কারণেও হতে পারে, বিশেষ করে Uric Acid বেশি থাকলে।
তাই উপসর্গগুলো বুঝতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে এবং কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
আমার কথা হলো, Diabetes ধরা পড়ার পর সতর্ক হওয়ার চেয়ে Diabetes হওয়ার আগেই সতর্ক হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ।
কারণ শরীর অনেক সময় অসুস্থ হওয়ার আগেই আমাদের কিছু সংকেত দেয়। সমস্যা হলো, আমরা বেশির ভাগ সময় সেই সংকেতগুলো গুরুত্ব দিই না।
মনে রাখবেন, Metabolic Syndrome এবং Diabetes অনেক সময় নিঃশব্দে জীবনে প্রবেশ করে।
কবিগুরুর ভাষায়, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে।
কিন্তু এই নিঃশব্দ আগন্তুকের হাতে প্রেমপত্র থাকে না, থাকে Lipid Profile, Blood Sugar আর Ultrasonography-এর রিপোর্ট!
তাই রিপোর্ট হাতে পাওয়ার পর নয়, নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করুন আজ থেকেই।