07/10/2026
ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ (হে প্রেমময়), ইয়া গাফফার (হে ক্ষমাশীল), ইয়া রহমান (হে দয়াময়), ইয়া রাহীম (হে পরম দয়ালু), ইয়া হাফিজ (হে রক্ষাকারী), ইয়া হাদি (হে পথপ্রদর্শক), ইয়া নূর (হে জ্যোতি), ইয়া লতিফ (হে সূক্ষ্মদর্শী), ইয়া আলিম (হে সর্বজ্ঞ), ইয়া কারীম (হে মহানুভব)...
আপনি এই সন্তানদের আমার কাছে আমানত হিসেবে দিয়েছেন, কিন্তু তাদের অন্তর আপনারই। তাই আমি তাদের পুরোপুরি আপনার হেফাজতে সঁপে দিচ্ছি।
ইয়া আল্লাহ…
আমাকে ক্ষমা করুন যদি আমি সবসময় তেমন মা হতে না পারি যেমনটা আমার সন্তানদের প্রাপ্য ছিল।
আমাকে ক্ষমা করুন সেই মুহূর্তগুলোর জন্য যখন আমি এতটাই ক্লান্ত ছিলাম যে তাদের কথা শুনতে পারিনি।
আমাকে ক্ষমা করুন সেই সময়ের জন্য যখন আমি তাদের কষ্ট বুঝতে পারিনি। আমার কোনো কথা যদি তাদের মনে কষ্ট দিয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন যদি আমি তাদের কোমলতার প্রয়োজনের সময় কঠোর হয়ে থাকি... অথবা তাদের যখন আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি অন্য কাজে ডুবে থাকতাম।
তাদের বড় করার ক্ষেত্রে আমি যদি কোনো ভুল করে থাকি, তবে আমাকে ক্ষমা করুন। আমার ভুলগুলো সংশোধন করে দিন। আমার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো তাদের হৃদয়ে কোনো ক্ষত সৃষ্টি করে থাকলে তা সারিয়ে দিন। আর আমার ভুলগুলোকে তাদের ওপর আপনার রহমত দিয়ে বদলে দিন।
ইয়া আল্লাহ...
তাদের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিন। তাদের মনে আপনার কিতাবের প্রতি ভালোবাসা জাগিয়ে দিন। তাদের হৃদয়ে আপনার রাসূল ﷺ-এর প্রতি ভালোবাসা দিন। আপনার সন্তুষ্টি যাতে আছে, তার প্রতি তাদের অনুরাগী করুন। আর যা তাদের আপনার থেকে দূরে সরিয়ে দেয়, তেমন কিছু ভালোবাসা থেকে তাদের অন্তরকে রক্ষা করুন।
এই দুনিয়ার মোহ থেকে তাদের রক্ষা করুন যা তাদের আপনার থেকে দূরে টেনে নিতে চায়। ঈমানকে দুর্বল করে দেয় এমন সন্দেহ থেকে এবং এমন সব পথ থেকে তাদের বাঁচান যা দেখতে সুন্দর হলেও আপনার নূর বা আলো থেকে দূরে সরিয়ে দেয়। এমনভাবে তাদের রক্ষা করুন যা আমার চোখ কোনোদিন দেখবে না।
ইয়া আল্লাহ...
দুনিয়া তাদের অন্য কোথাও পথ দেখানোর আগেই তাদের অন্তরকে আপনার দিকে পরিচালিত করুন। একাকীত্বের মুহূর্তে কুরআনকে তাদের সঙ্গী বানিয়ে দিন। সালাতকে (নামাজকে) এমন জায়গা বানিয়ে দিন যেখানে তাদের হৃদয় প্রশান্তি পায়। জীবন যখন কঠিন হয়ে পড়বে, তখন আপনার জিকির বা স্মরণকেই তাদের আশ্রয় বানিয়ে দিন।
তাদের অন্তরকে ঈমানের আলোয় পূর্ণ করে দিন। যখন অন্ধকার তাদের ঘিরে ধরবে, আপনার নূর দিয়ে তাদের পথ দেখান। যখন তারা বিভ্রান্ত হবে, আপনার হিকমত বা প্রজ্ঞা দিয়ে তাদের অবিচল রাখুন। যখন প্রলোভন তাদের সামনে আসবে, তাদের অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন।
ইয়া আল্লাহ...
তাদের প্রতি এমন দয়া করুন যা আমি করতে পারি না। যখন জীবন তাদের আঘাত করবে, আপনি তাদের সান্ত্বনা দিন। যখন তারা পথ হারাবে, আপনি পথ দেখান। যখন তারা রাতে সবার অজান্তে নীরবে কাঁদবে, আপনি তাদের লুকানো চোখের জল কবুল করে নিন। এই স্বার্থপর দুনিয়ায় তাদের কখনো একা অনুভব করতে দেবেন না।
তাদের আমার চোখের শীতলতা বানিয়ে দিন। আমি যেন তাদের সলাতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি যেন তাদের মুখ থেকে কুরআনের তিলাওয়াত শুনতে পাই। মানুষের প্রতি তাদের দয়া ও সৌজন্য দেখার তৌফিক আমাকে দিন। তাদের জীবন যেন আমার জন্য আনন্দের উৎস হয়।
ইয়া আল্লাহ...
আপনি তাদের ভবিষ্যৎ দেখছেন যেখানে আমি শুধু তাদের বর্তমানটুকু দেখি। তাই তাদের ভবিষ্যৎকে কল্যাণ, ঈমান, ইখলাস এবং নেক আমলে ভরপুর করে দিন। তাদের এমন সব সিদ্ধান্ত থেকে রক্ষা করুন যা তাদের ক্ষতি করবে, যদিও তাদের মন তা পাওয়ার জন্য ব্যাকুল থাকে। তাদের জন্য কল্যাণের এমন সব দরজা খুলে দিন যা তারা কল্পনাও করতে পারেনি।
তাদের চরিত্রকে সুন্দর করে দিন। এই রূঢ় পৃথিবীতে তাদের কোমল হৃদয়ের অধিকারী করুন। যখন মিথ্যা বলা সহজ হয়ে যাবে, তখন তাদের সত্যবাদী রাখুন। যখন চারদিকে অহংকারের জয়জয়কার, তখন তাদের বিনয়ী রাখুন। তারা যেখানেই যাক, তাদের কল্যাণের উৎস বানিয়ে দিন।
ইয়া আল্লাহ...
আমি যখন আর বেঁচে থাকব না, আপনি তাদের রক্ষা করবেন। তাদের চারপাশে এমন মানুষ রাখুন যারা তাদের আপনার কথা মনে করিয়ে দেবে। তাদের জীবনে সৎ সঙ্গী দান করুন। আর তাদের এমন সন্তান হিসেবে কবুল করুন যারা কখনো তাদের মা-বাবার জন্য দুআ করতে ভুলবে না।
আমার সন্তানদের আমার চেয়েও উত্তম মুসলিম হিসেবে গড়ে দিন। তাদের ঈমান যেন আমার চেয়েও শক্তিশালী হয়। তাদের নিষ্ঠা যেন আমার চেয়েও গভীর হয়। আপনার প্রতি তাদের নৈকট্য যেন আমার চেয়েও বেশি হয়।
তাদের জীবনের শেষ কথা যেন হয়: লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈমানের সাথে যেন তাদের মৃত্যু হয়। আর আপনার রহমতে জান্নাতুল ফিরদাউসে আমাদের সবাইকে পুনরায় একত্রিত করুন।
ইয়া আল্লাহ... আমার সন্তানরা যেন দুনিয়ার পেছনে ছোটার আগেই আপনার দিকে ছুটে আসে।
আমিন 🤲📿