07/08/2026
সন্তান জন্মের পর মায়ের কি মানসিক উপসর্গ দেখা দিচ্ছে ?
জন্মপরবর্তী উন্মাদনা বা (Postpartum Psychosis) 'পোস্টপার্টাম সাইকোসিস'— এটি একটি নীরব জরুরি চিকিৎসা পরিস্থিতি।
মা হওয়া পৃথিবীর সুন্দরতম অনুভূতিগুলোর একটি। কিন্তু এই আনন্দময় অভিজ্ঞতার আড়ালেই কিছু মায়ের জীবনে নেমে আসতে পারে এক অন্ধকার ঝড়।
সন্তান জন্ম দেওয়ার পর অনেক মা-ই সাধারণ বিষণ্নতা বা 'বেবি ব্লুজ'-এ ভোগেন। কিন্তু প্রতি ১,০০০ জন নতুন মায়ের মধ্যে ১ থেকে ২ জনের ক্ষেত্রে ঘটনাটি আরও গুরুতর মোড় নেয়। তারা আক্রান্ত হন পোস্টপার্টাম সাইকোসিস (Postpartum Psychosis)-এ।
💡 উপসর্গগুলো কেমন হতে পারে?
সন্তান জন্মের প্রথম কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে এই লক্ষণগুলো হঠাৎ দেখা দিতে পারে:
বাস্তবতার সাথে সম্পর্ক ছিন্ন হওয়া: মা এমন কিছু দেখতে বা শুনতে পান যা বাস্তবে নেই (Hallucinations)।
ভুল ও দৃঢ় বিশ্বাস (Delusions): মা হয়তো ভাবতে শুরু করেন সন্তানটি তাঁর নয়, অথবা কেউ সন্তান বা তাঁর ক্ষতি করতে চাচ্ছে।
তীব্র মেজাজ পরিবর্তন: হঠাৎ অতিরিক্ত আনন্দ, আবার পরপরই গভীর বিষণ্নতা বা আতঙ্ক।
অস্বাভাবিক আচরণ: সন্তানকে নিয়ে অতিরিক্ত বা একেবারেই যত্ন না নেওয়া, তীব্র ঘুমহীনতা ও বিভ্রান্তি।
⚠️ মনে রাখবেন: এটি কোনো কুসংস্কার, 'জ্বিনের আছড়' বা মায়ের ইচ্ছা-কৃত কোনো ভুল আচরণ নয়। এটি সম্পূর্ণ একটি বায়োলজিক্যাল ও হরমোনজনিত জটিলতা।
❤️ আমাদের করণীয় কী?
১. জরুরি মানসিক চিকিৎসা: পোস্টপার্টাম সাইকোসিস একটি Psychiatric Emergency। লক্ষণ দেখা দেওয়া মাত্রই কোনো ধরনের বিলম্ব না করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
২. নিরাপত্তা নিশ্চিত করা: এই সময় মা ও নবজাতক—উভয়েরই সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিরাপত্তা প্রয়োজন।
৩. সহানুভূতি ও পরিবারিক সাপোর্ট: বিচার বা দোষারোপ নয়, এই সময়ে মায়ের প্রয়োজন সঠিক চিকিৎসা, নিখাদ ভালোবাসা আর পরিজনদের অকৃত্রিম পাশে থাকা।
সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেলে একজন মা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার তাঁর সন্তানকে কোলে তুলে নিতে পারেন এবং হাসিমুখে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
আপনার আশপাশে কোনো নতুন মা কি মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন?
তাহলে আজই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ।