14/09/2026
NS1 Negative মানেই ডেঙ্গু হয়নি
এই ধারনাটা একদম ঠিক নয়।
অনেক সময় জ্বর নিয়ে রোগী বা তার পরিবারের মানুষজন NS1 রিপোর্ট হাতে নিয়ে বলেন, NS1 Negative এসেছে, তাহলে তো ডেঙ্গু হয়নি।
বিষয়টি আসলে এতটা সহজ নয়।
NS1 ডেঙ্গু শনাক্ত করার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশেষ করে জ্বরের প্রথম কয়েক দিনে এই পরীক্ষা করা হয়। কিন্তু NS1 Negative আসলেই যে ডেঙ্গু নেই, সেটা সবসময় বলা যায় না।
কারণ রোগের কোন সময়ে পরীক্ষা করা হচ্ছে, শরীরে ভাইরাসের পরিমাণ কত এবং পরীক্ষার পদ্ধতি কেমন, এসব বিষয়েও রিপোর্টের ফলাফল প্রভাবিত হতে পারে।
তাহলে ডেঙ্গু হয়েছে কিনা বুঝবো কীভাবে?
১. জ্বরের প্রথম ১ থেকে ৫ দিনের মধ্যে NS1 বা Dengue PCR করা হতে পারে। তবে NS1 Negative হলেও ডেঙ্গু পুরোপুরি বাদ যায় না।
২. জ্বরের ৫ দিন পার হলে Dengue IgM antibody পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। প্রয়োজন হলে চিকিৎসক পরবর্তী সময়ে আবার পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।
৩. CBC খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে platelet count এবং hematocrit বা PCV দেখা হয় এবং প্রয়োজনে বারবার পরীক্ষা করা হয়। তবে শুধু platelet কমে গেলেই ডেঙ্গু নিশ্চিত হয় না।
৪. সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীর জ্বরের কততম দিন, কী কী উপসর্গ আছে, শারীরিক অবস্থা এবং সব পরীক্ষার রিপোর্ট একসঙ্গে মূল্যায়ন করা।
তাই শুধু একটি NS1 Negative রিপোর্ট হাতে নিয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন না।
আবার শুধু platelet কমেছে দেখেও আতংকিত হওয়ার দরকার নেই।
জ্বর হলে কখন কোন পরীক্ষা করা প্রয়োজন, সেটা রোগের দিন এবং রোগীর অবস্থার ওপর নির্ভর করে।
বিশেষ করে শিশু, গর্ভবতী মা এবং বয়স্কদের জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।
মনে রাখবেন
NS1 Negative মানেই ডেঙ্গু হয়নি
এটা একটি ভুল ধারনা।
ডেঙ্গু সন্দেহ হলে সঠিক সময়ে সঠিক পরীক্ষা এবং রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডা: মোঃ ইউসুফ হীরা