23/10/2025
ভিটামিন D উৎপাদন + সার্কাডিয়ান রিদম ঠিক রাখা + প্রাকৃতিক হরমোন ব্যালান্স রাখা এই উদ্দেশ্যগুলোর জন্য বাংলাদেশের আবহাওয়া ও ভৌগলিক অবস্থানের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রৌদ্রস্নানের রুটিন (Sun Exposure Schedule)—
সময়: ৬:৩০ – ৯:০০ টা
শরীরের জৈব ঘড়ি (circadian rhythm) রিসেট করা + মেলাটোনিন হরমোনের চক্র ঠিক রাখার জন্য এসময় রোদে যাবেন। এসময় UV কম, কিন্তু ব্লু লাইট বেশি, তাই শরীর বুঝে যায় এখন সকাল। এতে রাতে ঘুম ভালো হয়, মন ফ্রেশ থাকে এবং হরমোন ও এনার্জির ভারসাম্য ঠিক থাকে।
- ১৫ থেকে ২০ মিনিট অবস্থান করলেই যথেষ্ট।
- সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না। কিন্তু সূর্যের আলো যেন খালি চোখে (চশমা ছাড়া) পড়ে।
- মুখ, গলা, বাহু খোলা রাখবেন।
- হালকা ব্যায়াম, হাঁটা, বা শ্বাসপ্রশ্বাস অনুশীলন করলে আরো ভালো।
সময়: ৯:৩০ – ১১:৩০ টা
ভিটামিন D উৎপাদনের জন্য এসময় রোদে যাবেন। ভিটামিন D ছাড়া কোনো সুস্থ-সবল মানুষের অস্তিত্ব কল্পনা করা সম্ভব না! এটি হাড়, ইমিউন সিস্টেম, হরমোন, মুড, মেটাবলিজম সবকিছুর সঙ্গে জড়িত।
- ফর্সা ত্বক ১০ থেকে ১৫ মিনিট, মাঝামাঝি ত্বক ২০ থেকে ২৫ মিনিট, শ্যামলা ত্বক ৩০ থেকে ৪০ মিনিট রোদ লাগাতে হবে। তীব্র গরম হলে সময় অল্প করা যেতে পারে।
- কাপড়ের ভিতর দিয়ে UVB আসতে পারে না। শরীরের অন্তত ৩০ থেকে ৪০% অংশ খোলা রাখবেন। মুখ, গলা, বাহু, পা ইত্যাদি অনাবৃত রাখতে হবে।
- কাঁচের ভেতর দিয়ে রোদের UVB আসতে পারেনা। অবশ্যই খোলা জায়গায় যেতে হবে।
- কোনো সানস্ক্রিন ব্যবহার করা যাবে না।
- রোদে যাবার আগে পানি খেয়ে যেতে পারেন।
সময়: ১২:০০ – ২:৩০ টা
এসময় সূর্যের কোণ সবচেয়ে উঁচু থাকে, UVB সর্বাধিক মাত্রায় থাকে।
দুপুরে দীর্ঘ সময় থাকার দরকার নেই। না গেলেও তেমন সমস্যা নেই।
অল্প সময় থাকলে উপকারিতা পাবেন হচ্ছে- ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও ঘাম শরীরের টক্সিন বের করে দেয়।
- চাইলে ৫ থেকে ৭ মিনিটের মতো রোদে দাঁড়ানো যায়।
- হাতে–পায়ে রোদ পড়লেই যথেষ্ট।
- রোদ থেকে এসে পর্যাপ্ত পানি খান, বিশ্রাম নেন।
সময়: ৪:০০ – ৫:৩০ টা
সূর্য নামতে শুরু করলে সোনালী বা লালচে আলো পড়ার সময় রোদে UV খুব কম, কিন্তু near infrared light বেশি থাকে। এই সময় প্রাকৃতিক ইনফ্রারেড থেরাপি পাবেন, যা ইনফ্লামেশন কমায়। সেইসাথে শরীরকে রাতের ঘুমের জন্য প্রস্তুত করতে এসময় রোদে যাবেন। (রাতে কৃত্রিম নীল আলো, ফোন, টিভি যত কম ব্যবহার করবেন, তত ঘুম ভালো হবে।)
- ১৫ থেকে ৩০ মিনিট রোদ লাগান।
- চোখ খোলা রাখবেন (চশমা ছাড়া)।
- শান্তভাবে হাঁটবেন বা বসে থাকবেন।
সকালে, দুপুরে ও দিনের শেষ সময়ে সূর্যের আলোতে কিছু সময় কাটানোর এই অভ্যাসকে সামান্য মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন এর দীর্ঘমেয়াদী প্রভাব অপরিসীম! এটা কেবল আপনার দেহ ঘড়ি-কেই সিনক্রোনাইজ করে না, বরং এক সামগ্রিক সুস্থ জীবন নিশ্চিত করে।
তাই সূর্যর আলোর এক্সপোজারকে আপনার প্রতিদিনের অভ্যাসের অংশ বানিয়ে ফেলুন। মেঘলা দিনেও ঘরের বাইরে যান, কারণ মেঘের মধ্যে দিয়েও প্রয়োজনীয় আলো আপনার চোখে পৌঁছে থাকে।
দুপুরের সময় ভিটামিন D উৎপাদনের জন্য রৌদ্রস্নানের নিয়ম সবার জন্য এক না। উপরে দুপুরের টাইমের নিয়মটা প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী।
বয়স, ত্বক, এমনকি শরীরের তাপ সহ্যক্ষমতা অনুযায়ী ভিটামিন ডি এর জন্য রোদে থাকার সময় ও পদ্ধতি কিছুটা ভিন্ন হয়—
- নবজাতকদের (০–৬ মাস) সরাসরি রোদে নেওয়া যাবে না। কারণ তাদের ত্বক খুব নরম ও পাতলা। তাদের সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আড়াল করা পরোক্ষ রোদে (indirect sunlight) ৩ থেকে ৫ মিনিট ও ধীরে ধীরে বাড়িয়ে ১০ মিনিট পর্যন্ত রাখা যাবে।
যেমন- জানালার পাশে, যেখানে সূর্যের আলো পড়ছে কিন্তু সরাসরি না, যেখানে শিশুর মুখ বা চোখে সরাসরি রোদ পড়বে না।
- ৬ মাস থেকে কয়েক বছর বয়সী শিশুদের হালকা রোদে যাওয়া খুব উপকারী। এই বয়সে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ১০–১৫ মিনিট থাকলেই যথেষ্ট। তাদের অল্প পোশাকে (হাত-পা খোলা রেখে) বাইরে খেলতে দিতে পারেন।
- ১৩ থেকে ২০ বছর বয়সী ছেলে-মেয়েরা শরীরের সর্বোচ্চ গ্রোথ ও হরমোন সক্রিয়তার পর্যায়ে থাকে। তারা সকাল ১০:৩০ টার মধ্যে ২০ থেকে ৩০ মিনিট মুখ, গলা, বাহু, পা খোলা রেখে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারে।
চাইলে ১/২ দিন পরপর ভরদুপুরের রোদে ৫–৭ মিনিট থাকতে পারে।
- বয়স বাড়লে বৃদ্ধদের ত্বকে ভিটামিন D তৈরির ক্ষমতা কমে যায়, তাই রোদে একটু বেশি সময় থাকা দরকার তাদের। তারা ৯/১০/১১টার সময় ৩০ থেকে ৪৫ মিনিট রোদে হালকা পোশাকে বসে থাকতে পারে বা হাঁটাহাঁটি করতে পারে।
নিয়মিত রোদে যাওয়া হলেও ডায়েটে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ওমেগা-3, জিঙ্ক ইত্যাদি সমৃদ্ধ খাবার থাকা জরুরি, তা না হলে রোদ থেকে পাওয়া ভিটামিন D পুরোপুরিভাবে কাজ করতে পারে না।