13/05/2026
Express More, Stress Less!
অনেক সময় আমরা বলি— “আমি ঠিক আছি।”/“কিছু হয়নি।”/“আমি একাই সামলে নিতে পারব।”
কিন্তু বাস্তবে আমরা সবসময় ঠিক থাকি না।
অনুভূতি প্রকাশ অনেকের কাছে অস্বস্তিকর, ঝুঁকিপূর্ণ কিংবা অনিরাপদ মনে হয় বলেই মানুষ নিজের আবেগ গোপন রাখে। অনেকেই ছোটবেলা থেকেই শিখে আসে যে আবেগ প্রকাশ করা মানে দুর্বলতা প্রকাশ করা। ফলে তারা দুঃখ, মানসিক চাপ কিংবা কষ্ট নীরবে নিজের ভেতরে জমিয়ে রাখে।
কিন্তু মনোবিজ্ঞান ভিন্ন একটি বিষয় নির্দেশ করে—
অনুভূতি প্রকাশ দুর্বলতার নয়, বরং মানসিক সচেতনতার পরিচয়।
🔸 অনুভূতি প্রকাশ হলো নিজের আবেগকে সঠিকভাবে চিহ্নিত করা, বোঝা এবং সুস্থ উপায়ে প্রকাশ করার সক্ষমতা। মনোবিজ্ঞানীদের মতে, আবেগ স্বীকার করা মানসিক চাপ কমাতে এবং আবেগীয় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
এ প্রসঙ্গে মার্কিন মনোবিজ্ঞানী James Gross, Emotional Regulation নিয়ে বলেন:
“Emotional suppression may reduce outward expression, but it does not reduce the internal emotional experience.” অর্থাৎ, মানুষ বাইরে থেকে নিজের আবেগ লুকাতে পারলেও ভেতরের মানসিক চাপ কমে না।
🔹আবেগ দমন (Emotional Suppression) —
নিজেকে “শক্ত” প্রমাণ করার জন্য অনুভূতি লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়া। এটি সাময়িকভাবে কার্যকর মনে হলেও দীর্ঘমেয়াদে অতিরিক্ত চিন্তা, আবেগীয় শূন্যতা, বিরক্তি কিংবা মানসিক অবসাদের কারণ হতে পারে।
🔹সুস্থ আবেগীয় প্রকাশ (Healthy Emotional Expression) —
নিজের অনুভূতি সৎ ও উপযুক্তভাবে প্রকাশ করা। এটি আত্মসচেতনতা বৃদ্ধি করে, সম্পর্ককে দৃঢ় করে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।
- মানুষ কেন অনুভূতি প্রকাশ করতে দ্বিধা বোধ করে?
সমালোচনার ভয়, প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা, সামাজিক প্রত্যাশা, শৈশবের অভিজ্ঞতা কিংবা দুর্বল মনে হওয়ার ভয়—এসবই এর প্রধান কারণ।
অনেককে ছোটবেলা থেকেই বলা হয়— “শক্ত হও।”
ফলে তারা অনুভূতি প্রকাশের পরিবর্তে তা দমন করতে শিখে যায়।
দীর্ঘদিন আবেগ গোপন রাখার প্রভাব গভীর হতে পারে। এটি মানসিক চাপ, উদ্বেগ, মানসিক ক্লান্তি এবং শারীরিক চাপ বৃদ্ধি করে, মানুষের সঙ্গে আবেগীয় সংযোগ কমিয়ে দেয় এবং একাকীত্বের অনুভূতি তৈরি করতে পারে।
☑️ অনুভূতি সুস্থভাবে প্রকাশের কিছু উপায়:
১. বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলুন
২. নিজের অনুভূতি লিখে রাখুন
৩. নিজের আবেগ চিহ্নিত করার অভ্যাস গড়ে তুলুন
৪. অপরাধবোধ ছাড়া অনুভব করতে শিখুন
৫. নিজের প্রতি সহানুভূতিশীল হোন
🌿 প্রতিটি অনুভূতি লুকিয়ে রাখাই শক্তির পরিচয় নয়। প্রকৃত মানসিক শক্তি হলো নিজের আবেগকে বুঝতে পারা এবং তা সুস্থভাবে প্রকাশ করতে শেখা। কারণ, অনুভূতি প্রকাশ মানুষকে দুর্বল নয়, বরং আরও মানবিক করে তোলে।
Psychologist Carl Rogers-এর মতে: “The curious paradox is that when I accept myself just as I am, then I can change.”
Written & poster design by : Maiesoon Ateefah Hosen