24/04/2026
সিলেটে এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু দুঃখজনক।
এরপরও সারাদেশের তুলনায় সিলেটের পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। তবে, সিলেটে হাম টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে।
সারাদেশের মতো সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাতজনে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১০ মাস বয়সী শিশুর নাম আরিফ।
নিহত আরিফ সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়াপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
তিনি জানান, শিশুটি হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে তার পেটে ব্যথা, কালো মল ও নাক দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে। শিশুটির খিটখিটে আচরণ, প্রচণ্ড জ্বর ও শকের লক্ষণ দেখা যায়। এটি হেমোরেজিক হাম বা ‘ব্ল্যাক হাম’ হতে পারে। পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে হাম-রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৭ জনের শরীরে হাম-রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সাতজন (দু’জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ২০ জন ও সিলেটে রয়েছে ১৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরো ৫৮ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মা ও শিশু হাসপাতালে একজন, জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৬০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন,