30/09/2021
**হিপ্নপীডিয়া** (𝗛𝘆𝗽𝗻𝗼𝗽𝗮𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗦𝗹𝗲𝗲𝗽 𝗹𝗲𝗮𝗿𝗻𝗶𝗻𝗴)
✍️
সংজ্ঞা : ঘুমের সময় বা সম্মোহনের অধীনে শ্রবণের দ্বারা শেখা।
ব্যাখ্যা:
বিভিন্ন সংস্কৃতিতে নতুন তথ্য প্রবর্তনের মাধ্যম হিসেবে 'ঘুম'কে প্রায়ই স্মৃতি শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। স্লিপ-লার্নিং (হিপ্নপিডিয়া) হচ্ছে ক্রমাগত ভাবে কোনো সাউন্ড রেকর্ডিং বাজিয়ে ঘুমন্ত ব্যক্তির কাছে তথ্য পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। এটি একটি neuro-linguistic প্রোগ্রামিং টেকনিক যা আমাদের বিভিন্ন কাজে মনকে পুনরায় প্রোগ্রাম করতে সাহায্য করে। এটি সম্ভব হয় কারণ আমরা যখন ঘুমাই, আমাদের অচেতন মনে ইনফরমেশন বা তথ্য গুলো অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে।
শিশুদের ক্ষেত্রে হিপ্নপীডিয়ার উপযোগিতা:
শিশুদের মানসিক বিকাশের অথবা আচরণ সংশোধন এর ক্ষেত্রে এই প্রক্রিয়াটি খুবই কার্যকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। আমাদের চিন্তাভাবনা, আবেগ এবং দৈনন্দিন ক্রিয়াগুলি বিভিন্ন বিশ্বাস থেকে উদ্ভূত হয়। অতএব, যদি আমরা কোনো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই, তাহলে সেই উৎসের কাছে পৌঁছানোর জন্য ঘুম হল আদর্শ সময়। ঘুমের সময় আমরা সন্তানদের ওপর এই পদ্ধতি প্রয়োগ করে তাদের মনের গভীরে এমন সব তথ্য প্রেরণ করতে পারি যেগুলো দিনের বেলায় বিভিন্ন কারণে তাদের কাছে প্রকাশ করা প্রায়ই কঠিন হয়ে পড়ে। হিপ্নপীডিয়া ব্যবহার করে শিশু মনে তাদের প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, আস্থা, দৃঢ় ভাবে প্রোথিত করা যেতে পারে যা শিশুদের আত্মবিশ্বাস, সাহস ইত্যাদি বৃদ্ধি করতে সাহায্য করে।
প্রক্রিয়া:
প্রথমত, আপনার সন্তানের ক্ষেত্রে কোন কোন ইনফরমেশন জ্ঞাপন করা প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত নিন। তথ্যগুলি সংক্ষিপ্ত এবং ইতিবাচক আছে কিনা নিশ্চিত করুন, "না" বা যেকোনো নেগেটিভ শব্দ ব্যবহার করা এড়িয়ে চলুন। এবং আপনি যে বিষয়ে উদ্বিগ্ন তার চেয়ে বেশী আপনি যেই উদ্দেশ্য অর্জন করতে চান তার উপর মনোনিবেশ করুন।
দ্বিতীয়তঃ, একসাথে অনেকগুলি বার্তা নির্বাচন না করাও গুরুত্বপূর্ণ। একবার আপনি বার্তাটি সম্পর্কে পরিষ্কার হয়ে গেলে, সেটি একটি কাগজের টুকরোতে সরল ভাষায় লিখে ফেলুন যাতে কথা গুলো ভুলে না যান।
এখন অপেক্ষা করুন যতক্ষণ না আপনার শিশু REM ঘুমে (গভীর ঘুম) প্রবেশ করে। মনে রাখবেন যে REM ঘুম সাধারণত ঘুমিয়ে পড়ার 2 ঘন্টার মধ্যে ঘটে। এই মুহুর্তে, আপনার সন্তানের পাশে বসে তাদের ঘুম না ভাঙিয়ে আপনি যা লিখেছেন তা বলা শুরু করুন। স্বাভাবিকভাবে, ধীরে ধীরে, নরম এবং মৃদু স্বরে বলতে থাকুন, প্রায় ফিসফিসের মতো। এইভাবে পাঁচ থেকে দশ মিনিট তাদের সাথে কথা বলুন এবং একটি ইতিবাচক, প্রেমময় বাক্য দিয়ে শেষ করুন। "আমি তোমাকে খুব ভালোবাসি", "তুমি আমার কাছে খুব মূল্যবান", অথবা আপনার সন্তান এর হৃদয় স্পর্শ করবে এরম কিছু বলুন। কমপক্ষে 21 দিনের জন্য এই রুটিনটি পুনরাবৃত্তি করতে হবে, কারণ প্রতি 21 দিনে মস্তিষ্কের কোষের পুনর্জন্ম ঘটে।
উদাহরণ স্বরূপ, আপনি যদি চান যে আপনার সন্তান এগ্রেসিভ আচরণ না করে অথবা তার বন্ধুদের সাথে ঝগড়াঝাঁটি মারপিট এ না জড়ায়, তাহলে সে যখন ঘুমিয়ে পড়বে তখন খুব মৃদু স্বরে বলুন, "সোনা, আগামীকাল তুমি খুব খুশিতে খেলবে, সারাদিন শান্তি এবং সুখী বোধ করবে, বন্ধুদের সাথে আনন্দ শেয়ার করবে, আমি তোমাকে অনেক ভালোবাসি" (সর্বদা ইতিবাচক শব্দ), অথবা, "তুমি সবসময় খুব নিরাপদ এবং আত্মবিশ্বাসী বোধ করো", "তুমি বন্ধু তৈরি করতে পছন্দ করো" বা " তোমার পড়াশোনা সহজ মনে হয়, বিষয়গুলো খুব সহজেই বুঝতে এবং মনে রাখতে পারো", ইত্যাদি।
গুরুত্ব:
ঘুমানোর সময়, মানুষের সচেতন মনের বাধাগুলি নেমে আসে এবং অচেতন মন তথ্যের জন্য অনেক বেশি উন্মুক্ত হয়ে পরে। বলা কথাগুলো সরাসরি অচেতন এ পৌঁছয়, যা সচেতনের চেয়ে 1,000 গুণ বেশী গ্রহণযোগ্য হয়। শিশুর ঘুমের সময় আপনি যা বলবেন তা সরাসরি এবং কার্যকরভাবে তাদের মনে প্রবেশ করবে।
হিপ্নপীডিয়ার কার্যকারিতা:
বাচ্চাদের মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এই টেকনিকটি খুবই সহায়তা করে। হিপ্নপীডিয়ার সাহায্যে আমাদের সন্তানদের নিরাপদ, সুস্থ্য, সুখী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করতে পারি। এটি আমাদের সন্তানদের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করার এবং তাদের সাথে সম্পর্ক উন্নত করার একটি শক্তিশালী পদ্ধতি।
#হিপ্নপীডিয়া