13/03/2026
বিষয়- কেতুর মহাদশা
------------------------
কেতুর মহাদশা নিয়ে কিছু লেখা উচিৎ। আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট এর এই মহাদশা চলছে, প্রায়শই তাদের সঙ্গে কথা হয়। যাদের কেতুর মহাদশা চলছে বা যারা বুধের মহাদশার শেষে দাঁড়িয়ে আছে, তাদের সবার জন্যই এই লেখা।
কেতুর মহাদশা আপনাকে অন্ধকারের পথে বইয়ে নেবে। অপরাধ বা নেতিবাচকতা নয়, একান্তই অন্ধকার। যেখানে আলো নেই।
কেতু বিচ্ছেদ এর।
কেতু ইশ্বরহীনতার।
কেতু মূলের।
কেতু একদম আদিমতার প্রথম সৃষ্টি বিন্দু।
কেতু আপনাকে পর পর অন্তরদশা ধরে ধরে আপনাকে বিচ্ছিন্ন করবে। সেই সব কিছু থেকে যা যা আপনি কামনা করেছিলেন। পেয়েছিলেন। চেয়েছিলেন।
কেতু আপনাকে কাল্পনিক ঈশ্বরকল্পের থেকে আস্তে আস্তে মুক্ত করে, ডুবিয়ে দেবেন প্রাচীন আধ্যাত্মিক নৈশব্দে। লালন ফকির লিখেছিলেন, 'যখন নিঃশব্দ শব্দেরে খাবে'- কেতুর মহাদশা আপনাকে সেই কল্পে নিয়ে যাবে।
কেতু আপনাকে একদম আত্মার আত্মীকরণে নিয়ে যাবে, বুঝবেন একদম মূল ছাড়া গাছের বা এই সৃষ্টির অস্তিত্ব নেই। আপনিই আপনার মূল। আপনি আছেন, তাই আপনার চারিদিকের এই সমস্ত সৃষ্টি আছে। আত্মজ্ঞান পাবেন,আত্মস্থ হবেন।
মন- মাথা এবং এতদিনের শিখে আসা সব কিছুর প্রবল দ্বন্দের পর অবশেষে প্রথম বিন্দু। নতুন আপনি। যেখানে পুরো পৃথিবীটাই শুধুই নতুন করে দেখবার-অনুভব করবার- ভোগ করবার।
তবে পথিক, এই পথ বড় কঠিন। এখানে কেতু সার্বভৌম। কোন অবস্থানের বিচার করে না। কেতুর মহাদশায় ভালো কেতু- খারাপ কেতু বিচার করা অর্থহীন। একটু বেশী বা একটু কম। মানদন্ডে খুব ফারাক হয় না। কেতু শিক্ষক, এবং তার শিক্ষাকালে ফার্স্ট বয় আর লাস্ট বয় এ কোন ফারাক নেই। শিক্ষা পদ্ধতি একই। ফলাফলে কেতুর হাত নেই।
কেতুর মহাদশা আপনাকে শত শতাদীর জমে থাকা বদ্ধ ইতিহাসের জমে থাকা নোংরা কাদা জলে ডুব সাঁতার কাটিয়ে সরাসরি অমরকন্টকে নিয়ে ফেলবে।
মা নর্মদার পবিত্র ধারায় স্নাত হয়ে শুক্র গৃহে এবার প্রবেশ হে পথিক।
Get Connected KetuGate