30/05/2026
গরম পড়লেই যে ভুলটা সবচেয়ে বেশি হয়...
গত বুধবারে রওশন ডায়াগনস্টিক সেন্টার কাওরাইদে, এক মা তাঁর দুই বছরের ছেলেকে নিয়ে এলেন।
অভিযোগ একটাই, " দুই-তিনদিন থেকে কয়েকবার পাতলা পায়খানা করছে।"
কথা বলতে বলতে জানতে পারলাম, বাসার পাশের ফার্মেসি থেকে ইতোমধ্যে দুই ধরনের এন্টিবায়োটিক ওষুধ শুরু হয়ে গেছে। অথচ বাচ্চাদের বেশিরভাগ ডায়রিয়ার কারন রোটাভাইরাস... যা ভাইরাল ইনফেকশন যাতে এন্টিবায়োটিকের কোন ভূমিকা নেই...
আমি জিজ্ঞেস করলাম, "বাচ্চা কি খেলাধুলা করছে?"
উত্তর এলো, "জি, করছে। পানি খাচ্ছে, দৌড়াচ্ছেও।"
তাহলে সমস্যা কোথায়?
আসলে শিশুদের বেশিরভাগ ডায়রিয়া কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়। সবচেয়ে বড় ঝুঁকি, শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যাওয়া।
তাই ডায়রিয়া শুরু হলে প্রথম কাজ হলো শরীরে তরল ফিরিয়ে দেওয়া।
বারবার ORS খাওয়ান
বুকের দুধ খাওয়া শিশু হলে আরও ঘন ঘন বুকের দুধ দিন
ডাবের পানি, ভাতের মাড়, খিচুড়ি, কলা, আলু ভর্তা, চিড়ার পানি দিতে পারেন
"পেট খারাপ হয়েছে" বলে খাবার বন্ধ করবেন না
১/ORS কতটুকু?
২ বছরের কম বয়সে: প্রতিবার পাতলা পায়খানার পর ৫০-১০০ মিলি ( ১০-২০ চামচ)
২ বছরের বেশি বয়সে: প্রতিবার পাতলা পায়খানার পর ১০০-২০০ মিলি (২০-৪০ চামচ)
অল্প অল্প করে বারবার খাওয়াবেন।
২/Zinc কেন জরুরি?
ডায়রিয়ার সময় Zinc শিশুর দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবং পুনরায় ডায়রিয়ার ঝুঁকি কমায়।
৬ মাসের কম বয়সে: ১/২ চামচ- ২ বার ( ১৪ দিন)
৬ মাসের বেশি বয়সে: ১ চামচ-২বার ( ১৪ দিন)
৩/ Enterogermina Sachet):
১ প্যাকেট পানিতে মিশিয়ে, দিনে ১ বার, ৫ দিন
কখন ভয় পাবেন?
বাচ্চা পানি খেতে না চাইলে
বারবার বমি হলে
চোখ বসে গেলে
প্রস্রাব কমে গেলে
পায়খানার সাথে রক্ত গেলে
অতিরিক্ত ঝিমিয়ে পড়লে
এই লক্ষণগুলো থাকলে দ্রুত হাসপাতালে যান।
গরমের এই সময়ে একটি বিষয় মনে রাখুন।
ডায়রিয়ায় অধিকাংশ শিশু
মারা যায় শরীরের পানি ও লবণের ঘাটতিতে।
তাই ওষুধের পেছনে ছোটার আগে ORS-এর গ্লাসটা হাতে তুলে দিন।
একজন সচেতন অভিভাবক অনেক সময় শিশুর জীবন বাঁচিয়ে দিতে পারেন।
পোস্টটি শেয়ার করুন। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকুন ।