27/03/2025
চোখের ছানি কতটুকু জানি?
আপনার অনেক প্রশ্ন নিশ্চয়ই?
আশা করি অনেকগুলো উত্তর কয়েক মিনিটের পড়ায় জেনে নিবেন!
১.চোখের ছানি কি?
চোখের ভেতরে আলো প্রবেশের জন্য স্বচ্ছ একটি লেন্স থাকে, এটি যখন অস্বচ্ছ হয় তাকে ছানি বলে।
২.ছানি হবার লক্ষণ কি কি?
দেখতে কম পাওয়া, মেঘলা দৃষ্টি হওয়া, রোদে কম দেখা, চোখে আলো পড়লে দেখতে না পাওয়া, ধীরে ধীরে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়া।
৩.এই রোগের প্রতিরোধক কি?
নিয়মিত চক্ষু পরীক্ষা করানো, পুষ্টিকর খাদ্য, সিগারেট না খাওয়া, সানগ্লাস পড়ে বাইরে বের হওয়া, ভিটামিন সি খাওয়া। যদিও তারপরও ছানি হতে পারে, বয়সের সাথে সাথে এটা এমনিতেই হতে পারে।
৪. কি ঔষধ খেলে ছানি হয় না?
এমন কোনো ঔষধ নেই। তবে কিছু ভিটামিন ও ড্রপ ব্যবহারে ছানি বিলম্বিত হতে পারে।
৫. ঔষধে ছানি কাটা যায়?
না।
৬. কোন ছানি খারাপ?
ডায়াবেটিস থাকলে ছানি খারাপ, ছানি সহ চোখ লাল হলে, ছানি পেকে গেলে।
৭. কোন বয়সে ছানি বেশি হয়?
সাধারণ ছানি পঞ্চাশ বছরের পরে দেখা দেয়। বয়স যতই বাড়ে ততই সম্ভাবনা বাড়ে। শিশুদেরও ছানি হতে পারে।
৮. চশমা ব্যবহার করলে হবে?
চশমা ব্যবহার করে ছানি ভালো করা যায় না। তবে বিশেষ ধরনের ছানিতে বিশেষ চশমা পরে সাময়িক কিছুটা ভালো দেখা যায়।
৯. চিকিৎসা কি?
অপারেশন। ঘোলা হয়ে যাওয়া লেন্সটি অপসারণ করে, সেখানে একটি আর্টিফিসিয়াল লেন্স বসিয়ে দেওয়া।
১০. অপারেশন কত প্রকার আছে?
ফ্যাকো অপারেশন, লেজার অপারেশন, SIC(অল্প কেটে ছানি অপারেশন)
১১. কোন ধরনের অপারেশন ভালো?
সব ধরনের অপারেশন ভালো। যার জন্য যেটা প্রযোজ্য। আমাদের দেশে ফ্যাকো অপারেশন এখন সবচেয়ে খরচ ও ফলাফলের দিক থেকে সেরা। লেজার অপারেশন সর্বত্র পাওয়া যায় না, তবে ফলাফল ভালো।
১২. লেন্স কি দিতেই হবে?
ছানি অপারেশন করে অবশ্যই লেন্স দিতে হবে। লেন্স না দিলে দেখা যায় না। অপারেশন করা বা না করা সমান। অনেক আগে অপারেশন করে কেবল ছানি বের করে ফেলা হতো। তখন লেন্স ছিল না তাই।
১৩. লেন্স কত প্রকার?
শক্ত ও নরম বা ফোল্ডাবল লেন্স।
১৪. শক্ত না নরম লেন্স ভালো?
নরম লেন্স ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে শক্ত লেন্স প্রয়োজন হয়।
১৫. কোন দেশের লেন্স ভালো?
এটা কোনো সঠিক প্রশ্ন না। সব দেশের লেন্স ই ভালো। যে লেন্সের স্বচ্ছতা ও অন্যান্য আলোক গুনাবলী বেশি তার দাম তত বেশি।
১৬. অপারেশনে খরচ কেমন?
এটা সার্জনের উপর নির্ভর করে, লেন্সের দামের উপর নির্ভর করে, এবং সার্জারীর ধরনের উপর নির্ভর করে।
তবে ১০ হাজার টাকা থেকে দেড় লক্ষ পর্যন্ত খরচ হতে পারে প্রতি চোখে।
১৭. ফ্যাকো অপারেশন কি?
ফ্যাকো মেশিনের মাধ্যমে যখন অত্যন্ত ক্ষুদ্র ছিদ্র করে চোখের ছানি অপারেশন করা হয় এবং লেন্স প্রতিস্থাপন করা হয় তাকে ফ্যাকো অপারেশন বলে।
১৮. ইনজেকশন বিহীন অপারেশন কি?
চোখের অপারেশনের পূর্বে সাধারণত ইনজেকশন দিয়ে চোখ অবস করে নেওয়া হয়। কিন্তু যখন বিশেষ ড্রপ ব্যবহারে চোখ অবস করা হয় তাকে ইনজেকশন বিহীন অপারেশন বলে।
১৯. সেলাই বিহীন অপারেশন কি?
বর্তমানের সব ধরনের ছানি অপারেশন সেলাই বিহীন। কিন্তু কিছু বছর আগে অপারেশন করে সেলাই দেয়া লাগতো।
২০. রক্তপাত বিহীন অপারেশন কি?
বর্তমান সময়ের ফ্যাকো ও লেজার ছানি অপারেশন সাধারণত রক্তপাত বিহীন অপারেশন।
২১. অপারেশন এর রিস্ক আছে?
সব ধরনের অপারেশন এ রিস্ক থাকে। কোনো সার্জন ইচ্ছে করে কোনো ক্ষতি করেন না। চোখের নানান জটিলতার কারণে রিস্ক তৈরি হতে পারে। কিন্তু এটার হার অত্যন্ত কম।