27/07/2026
পূর্ণচন্দ্রের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, প্রজ্ঞা ও করুণার পথে এগিয়ে চলুক প্রতিটি জীবন। শুভ আষাঢ়ী পূর্ণিমা।
বুদ্ধের আলোকধারায় আত্মশুদ্ধি, সংযম ও মৈত্রীর এক মহিমান্বিত অধ্যায় আষাঢ়ী পূর্নিমা।আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের জীবনে এক মহিমান্বিত, পবিত্র ও ঐতিহাসিক তিথি। এই পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি মানবজাতির জ্ঞান, করুণা, প্রজ্ঞা ও মুক্তির পথচলার এক অবিস্মরণীয় স্মারক। প্রায় আড়াই হাজার বছর আগে এই শুভ তিথিতেই ভগবান গৌতম বুদ্ধ সারনাথের ঋষিপতন মৃগদায়ে তাঁর প্রথম ধর্মদেশনা—ধম্মচক্কপবত্তন সুত্ত—প্রদান করে জগতে সত্যধর্মের চাকা ঘুরিয়ে দেন। এই ঘটনাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন, যা মানবসভ্যতার ইতিহাসে শান্তি, সত্য ও কল্যাণের এক অনন্য সূচনা।আষাঢ়ী পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো বর্ষবাস (বস্সাবাস)-এর সূচনা। এই দিন থেকে ভিক্ষুসংঘ তিন মাস এক স্থানে অবস্থান করে কঠোর সাধনা, ধ্যান, ধর্ম অধ্যয়ন ও আত্মশুদ্ধির অনুশীলনে আত্মনিয়োগ করেন। বর্ষার সময় অকারণে চলাফেরা করলে ক্ষুদ্র প্রাণীর ক্ষতি হতে পারে—এই অপরিসীম করুণা ও অহিংসার আদর্শ থেকেই বর্ষবাস প্রথার সূচনা। এটি বৌদ্ধধর্মে জীবনের প্রতি গভীর শ্রদ্ধা, দয়া ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।বর্ষবাস কেবল ভিক্ষুসংঘের জন্য নয় গৃহী বৌদ্ধদের জন্যও এটি আত্মসংযম, শীল পালন, দান, ধ্যান, ধর্মশ্রবণ ও সৎকর্ম বৃদ্ধির এক মহামূল্যবান সময়। এই তিন মাসে অনেকেই পঞ্চশীল বা অষ্টশীল পালন করেন, নিয়মিত বিহারে গিয়ে ধর্মদেশনা শোনেন, মৈত্রীভাবনা চর্চা করেন এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। কারণ প্রকৃত ধর্মচর্চা কেবল আনুষ্ঠানিকতায় নয়, বরং চরিত্র, আচরণ ও চিত্তের বিশুদ্ধতায় প্রকাশ পায়।
আষাঢ়ী পূর্ণিমা আমাদের স্মরণ করিয়ে দেয়—জীবনের সকল দুঃখ, অশান্তি ও বিভ্রান্তির অবসান সম্ভব, যদি আমরা বুদ্ধ প্রদর্শিত মধ্যমার্গ, চতুরার্যসত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করি। মানুষের প্রকৃত শত্রু বাইরের কেউ নয়; লোভ, দ্বেষ ও মোহই মানুষের আসল বন্ধন। ধর্মের আলো সেই অন্ধকার দূর করে হৃদয়ে জাগিয়ে তোলে প্রজ্ঞা, মৈত্রী ও করুণা।
আজকের ভোগবাদী, প্রতিযোগিতামূলক ও অস্থির সমাজে আষাঢ়ী পূর্ণিমার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। বাহ্যিক উন্নতির পাশাপাশি আত্মিক উন্নতি অপরিহার্য। সত্যিকারের সুখ ধন-সম্পদে নয়, বরং সংযমে ক্ষমতায় নয়, বরং করুণায়; ভোগে নয়, বরং ত্যাগে বিভেদে নয়, বরং মৈত্রীর বন্ধনে।এই পবিত্র আষাঢ়ী পূর্ণিমা ও বর্ষবাসের শুভক্ষণে আমরা প্রত্যেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার অঙ্গীকার করি। বিদ্বেষের পরিবর্তে মৈত্রী, হিংসার পরিবর্তে অহিংসা, লোভের পরিবর্তে দানশীলতা এবং অজ্ঞতার পরিবর্তে প্রজ্ঞার আলোকে জীবনকে আলোকিত করি। বুদ্ধের অমৃতবাণী যেন আমাদের চিন্তা, বাক্য ও কর্মে প্রতিফলিত হয়।সকল প্রাণীর কল্যাণ হোক। সকলের হৃদয়ে শান্তি, প্রজ্ঞা ও মৈত্রীর দীপ জ্বলে উঠুক।পূর্ণচন্দ্রের নির্মল আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়। প্রজ্ঞা আর করুণার সেই মধ্যম পথ ধরে এগিয়ে চলুক প্রতিটি জীবন, খুঁজে পাক শান্তি, খুঁজে পাক মুক্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, দুঃখমুক্ত হোক। শুভ আষাঢ়ী পূর্ণিমা।
সব্বে সত্তা সুখিতা হোন্তু।সব্বে সত্তা অবেরা হোন্তু।সব্বে সত্তা অব্যাপজ্জা হোন্তু।সব্বে সত্তা অনীঘা হোন্তু।
সব্বে সত্তা সুখী অত্তানং পরিহরন্তু।