24/08/2026
হঠাৎ ঝুঁকে ভারী কিছু তুলতে গেলেন, আর অমনি পিঠে প্রচণ্ড একটা টান। ব্যথায় সোজা হওয়া দূরে থাক, এক চুল নড়াচড়া করার উপায়ও থাকে না। মনে হয় যেন পিঠের পেশি একদম লক হয়ে গেছে। এটাকে বলা হয় Acute Muscle Spasm।
আসলে আমাদের পিঠের মেরুদণ্ডকে রক্ষা করার জন্য চারপাশের পেশিগুলো সবসময় প্রতিরক্ষার কাজ করে। যখনই মেরুদণ্ডে কোনো অস্বাভাবিক চাপ পড়ে, লিগামেন্টে টান লাগে বা হঠাৎ ভুল পজিশনে মুভমেন্ট হয়, তখন শরীর নিজের সুরক্ষার জন্যই পিঠের পেশিগুলোকে শক্ত করে ফেলে যাতে মেরুদণ্ডের আর কোনো ক্ষতি না হয়। এটা শরীরের এক ধরনের স্বয়ংক্রিয় ডিফেন্স মেকানিজম।
হঠাৎ পিঠে টান লাগলে তাৎক্ষণিক করণীয়:
✔️ ব্যথা শুরুর প্রথম ২৪-৪৮ ঘণ্টা ভারী কাজ বা নড়াচড়া বন্ধ রাখুন। যে পজিশনে আরাম পান যেমন একপাশে কাত হয়ে হাঁটুদুটো পেটের দিকে একটু ভাঁজ করে কিংবা চিত হয়ে হাঁটু নিচে বালিশ দিয়ে শুবেন। তবে টানা কয়েকদিন বিছানায় শুয়ে থাকবেন না, এতে পেশি আরও শক্ত হয়ে যেতে পারে।
✔️ ব্যথার জায়গায় জোড়াজোড়ি করে ম্যাসাজ বা ডলাডলি করবেন না। এতে টান লাগা পেশি আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
✔️ প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে ব্যথার জায়গায় ১০-১৫ মিনিটের জন্য আইস প্যাক বা তোয়ালেতে পেঁচানো বরফ দিয়ে সেঁক দিন। দিনে ৪-৫ বার এটি করলে পেশির ফোলাভাব ও তীব্র ব্যথা দ্রুত কমবে।
✔️ কোমর বা পিঠ বাঁকা করে নিচু হয়ে কিছু তুলতে যাবেন না।
✔️ দুদিন পার হওয়ার পর যদি ব্যথার তীব্রতা কমে কিন্তু পেশি টান ধরে থাকে, তখন হালকা গরম পানির সেঁক বা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে পেশি শিথিল করতে সাহায্য করে।
✔️ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের পেইনকিলার খাবেন না।
✔️ ব্যথা কিছুটা সহনীয় হলে ঘরের ভেতর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করুন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা শুয়ে থাকা এড়িয়ে চলুন।
ডা. মোঃ ফেরদৌস রায়হান
সহকারী অধ্যাপক,( অর্থোপেডিক সার্জারী)।
শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।