09/05/2026
৩ মাস মেয়াদী মমতার এক্সপ্রেসিভ সাইকোথেরাপী প্রশিক্ষন
বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে আয়োজিত ৩ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স ইন এক্সপ্রেসিভ সাইকোথেরাপী প্রশিক্ষনের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান গত ৬ই মে বুধবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনটির আয়োজন করে মমতার প্রশিক্ষন, মূল্যায়ন ও গবেষনা বিভাগ এবং পরিচালনা করে বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলাহাজ্ব রফিক আহামদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা কামাল যাত্রা, স্বপ্না তালুকদার, নাহিদ ফারহানা ফারুকী, এম. এম. এরশাদ এবং আহমদ ইউসুফ হারুন।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি প্লে-ব্যাক থিয়েটার অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও মানবিক গল্প সৃজনশীলভাবে উপস্থাপন করেন। উল্লেখ্য, মমতা’র কর্মরতদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এই ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক ছিলেন মোস্তফা কামাল যাত্রা, এ এল এম রেজা আজীজ, ওবায়দুল ইসলাম মুন্না, মুহাম্মদ শাহ আলম, সাজেদা আকতার সাজু এবং মোহিনী সংগীত সিনহা।
প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এক্সপ্রেসিভ সাইকোথেরাপি কেবল একটি প্রশিক্ষণ প্রক্রিয়া নয়; এটি মানুষের অভিজ্ঞতা, আবেগ ও সম্পর্ককে সৃজনশীলভাবে বোঝা এবং নিরাময়ের একটি মানবিক যাত্রা। বর্তমান সময়ে কমিউনিটি পর্যায়ে কর্মরত ব্যক্তিদের জন্য সহমর্মিতা, সক্রিয় শোনা এবং সৃজনশীল সাইকোসোশাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু কিছু টুলস শিখেননি, বরং নিজেদের ভেতরের মানবিক সক্ষমতাকেও নতুনভাবে আবিষ্কার করেছেন। এছাড়াও মানসিক স্বাস্থ্য, মানবিক সংযোগ এবং সৃজনশীল মনোসামাজিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব রয়েছে। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের নানা সামাজিক ও মানবিক সংকটে কর্মীদের মানবিক দক্ষতা ও সহমর্মিতামূলক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।