30/05/2026
হেপাটাইটিস বি- "Complete Cure"-এর পথে চিকিৎসা বিজ্ঞান।
লিভার কোষে হেপাটাইটিস বি (HBV) ভাইরাস সংক্রমণের পর ভাইরাসের যে স্থায়ী রূপটি এর নির্মূলে সবচেয়ে বড় বাধা, তা হচ্ছে cccDNA। এটি ধ্বংস করা প্রচলিত চিকিৎসায় অসম্ভব ছিল। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো একটি থেরাপি মানুষের লিভারে ঢুকে cccDNA ধ্বংস করতে সফল হয়েছে। যাকে গোড়া থেকে কেটে ধ্বংস করা বলা যায়। থেরাপিটির নাম PBGENE-HBV।
আমেরিকার বায়োটেক কোম্পানি Precision BioSciences তাদের তৈরি এই জিন এডিটিং থেরাপির প্রথম ধাপের মানব পরীক্ষা বা Phase 1 (ELIMINATE-B Clinical Trial)-এর সর্বশেষ ফলাফল প্রকাশ করেছে, যা হেপাটাইটিস বি নির্মূলের লড়াইয়ে বিশাল মাইলফলক।
USFDA এটিকে ইতোমধ্যে দ্রুত ছাড়পত্র দেওয়ার জন্য Fast Track মর্যাদা দিয়েছে। এতে ফেইজ ২/৩ ট্রায়াল দ্রুত শুরু করা যাবে।
PBGENE-HBV কী এবং এটি কীভাবে কাজ করে?
এটি মূলত একটি অত্যন্ত উন্নত এবং সুনির্দিষ্ট জিন এডিটিং প্রযুক্তি। এটি ক্ষুদ্র লিপিড ন্যানো-পার্টিকেল (LNP)-এর মাধ্যমে ইনজেকশনের মতো রক্তের প্রবাহে দেওয়া হয়, যা সরাসরি লিভারের কোষে গিয়ে পৌঁছায়।
এটি কিভাবে কাজ করে :
- এটি লিভারের কোষে লুকিয়ে থাকা ভাইরাসের মূল উৎস cccDNA-কে নিখুঁতভাবে চিনে নিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে।
Phase 1 ট্রায়ালে বড় সাফল্য:
মানবদেহে এই Phase 1 ট্রায়ালের মূল উদ্দেশ্য ছিল থেরাপিটির নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা।
-প্রাপ্ত ফলাফল গবেষকদের রীতিমতো চমকে দিয়েছে:
চিকিৎসায় অংশ নেওয়া রোগীদের লিভার বায়োপসি করে দেখা গেছে, মাত্র দুটি ডোজ দেওয়ার পর ভাইরাসের cccDNA থেকে তৈরি হওয়া ক্ষতিকর উপাদান লিভারে ১০ গুণ কমে গেছে!
--ট্রায়ালে অংশ নেওয়া শতভাগ রোগীর শরীরেই HBsAg-এর মাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
-ট্রায়ালে দেখা গেছে, থেরাপিটি ৩ বার দেওয়ার পর লিভারে অবশিষ্ট থাকা ভাইরাসের প্রায় ৮০% ডিএনএ চিরতরে এডিট ও নিষ্ক্রিয় হয়ে গেছে।
-আরো উল্লেখ্য যে, থেরাপিটি মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে।
জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে অনেক জন্মগত/ জেনেটিক/ ক্রনিক রোগের চিকিৎসার প্রচেষ্টা অনেকদিন ধরেই চলছে। কিন্তু প্রায় সবগুলিই এখনো প্রিক্লিনিক্যাল/ ল্যাবরেটরি পর্যায়ে রয়েছে। মানবদেহে প্রয়োগ পর্যায়ে আসেনি। PBGENE-HBV-ই পৃথিবীর একমাত্র জিন এডিটিং প্রোগ্রাম যা মানবদেহে পরিচালিত ট্রায়ালে সফলতা দেখিয়েছে।
বর্তমানে ইউএসএ, নিউজিল্যান্ড, হংকং এবং ইউরোপের বিভিন্ন দেশে এই ট্রায়ালটির ব্যাপ্তি আরও বাড়ানো হচ্ছে। খুব দ্রুতই এর দ্বিতীয় ধাপ বা Phase 2 ট্রায়াল শুরু হবে।
বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে জিন এডিটিং থেরাপি PBGENE-HBV। এবছরের শুরুতেই বেপিরোভারসেন (Bepirovirsen) ফাংশানাল কিউর ( Functional.Cure) - এর আশা জাগিয়েছে যেটি ফেইজ- ৩ ট্রায়াল শেষে ব্যবহারের অনুমোদনের জন্য অপেক্ষমান।
PBGENE-HBV সফল ভাবে Phase 2/3 trial সম্পন্ন করলে বিশেষজ্ঞদের মতে, PBGENE-HBV হতে যাচ্ছে হেপাটাইটিস বি-এর প্রথম "Complete Cure" বা শতভাগ নিরাময়কারী থেরাপি।
তবে এর জন্য করতে হবে অপেক্ষা। সে পর্যন্ত বর্তমানে ব্যবহৃত ঔষধ নিয়মিত সেবনই হচ্ছে বুদ্ধিমানের কাজ।।
ডা: ফয়েজ আহমদ খন্দকার
MBBS, FCPS, MD, FRCP
লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।