20/07/2026
একটা গল্প দিয়ে শুরু করা যাক;
সকালে বাসে উঠেছেন। একজন যাত্রী একটু তোতলাতে তোতলাতে কন্ডাক্টরকে গন্তব্যের নাম বললেন। সঙ্গে সঙ্গে পেছন থেকে দু-একজন হেসে উঠল। কেউ ফিসফিস করে বলল, "এত বড় হয়েও ঠিকমতো কথা বলতে পারে না!" একজন ছোট ছেলে দৃশ্যটি দেখছিল। সে কিছু বলল না, চুপচাপ দেখল। তার মনে হলো যে মানুষ অন্যদের অনেকের মত নয়, আলাদা, তাকে নিয়ে কথা বলা যায়, কৌতুক করা যায় হাসা যায়।
এভাবেই আমাদের সমাজে "ভিন্নতা" (Individual Difference) ধীরে ধীরে অনেক সময় "সমস্যা" হয়ে দাড়ায়।
আমরা কেন এত সহজে বিচার করি?
মানুষের মস্তিষ্ক খুব দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসে। মনোবিজ্ঞানে একে বলা যায় mental shortcut। নতুন কাউকে দেখলে বা কারও আচরণ একটু আলাদা মনে হলে, আমাদের মস্তিষ্ক দ্রুত তাকে কোনো একটি "বক্সে" রাখতে চায়, ব্যাখ্যা তৈরি করে।
যেমন হতে পারে
• যে বেশি কথা বলে, সে "বেয়াদব"।
• যে কম কথা বলে, সে "অহংকারী"।
• যার শরীর স্থূল, সে "অলস/বেশি পরিমানে খাবার গ্রহণ করে"।
• যার শরীর ক্ষীণ, সে "দূর্বল/অসুস্থ"।
• যে একটু অন্যরকম পোশাক পরে, সে "অদ্ভুত"।
আসলে এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ও অন্যদের ব্যাখ্যা যা বেশিরভাগ মানুষের মধ্যে প্রচলিত সেখান থেকে গ্রহণ করার প্রবণতা আমাদের এমন ভুল ধারণা তৈরি করে।
এই মানসিকতা তৈরি হয় কীভাবে?
ধরা যাক, চার বছরের একটি শিশু ড্রয়িংরুমে বসে আছে। পাশের বাসার একজন খুঁড়িয়ে হাঁটছেন। শিশুটি কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। সে এখনও জানে না, এই মানুষটিকে কীভাবে দেখা উচিত। ঠিক তখনই পরিবারের একজন সদস্য হেসে বললেন, "দেখেছো, কী অদ্ভুত হাঁটে!" সবাই একটু হেসে উঠল। শিশুটিও হাসল।
সেদিন সে শুধু একজন মানুষকে নিয়ে হাসেনি; সে একটি আচরণ শিখেছে। সে শিখেছে, যে মানুষ অন্যদের থেকে আলাদা, তাকে নিয়ে মন্তব্য করা, হাসাহাসি করা বা কৌতুক করা স্বাভাবিক।
আবার অন্য একটি দৃশ্য কল্পনা করুন। স্কুলে নতুন একজন শিক্ষার্থী এসেছে। সে একটু ধীরে কথা বলে। কয়েকজন সহপাঠী তাকে অনুকরণ করে হাসছে। একজন শিক্ষক বা বড় কেউ যদি কিছু না বলেন, তাহলে আশেপাশের শিশুরা আরেকটি বার্তা পায়—"এতে কোনো সমস্যা নেই, এটা গ্রহণযোগ্য আচরণ।"
মনোবিজ্ঞানে এটিকে Social Learning (সামাজিক শিক্ষণ) বলা হয়। অর্থাৎ, আমরা শুধু উপদেশ শুনে শিখি না; বরং মানুষকে দেখে, তাদের প্রতিক্রিয়া দেখে এবং কোন আচরণ সমাজে গ্রহণযোগ্য বলে মনে করা হয়, তা দেখে শিখি।
এ কারণেই একজন মানুষ জন্মগতভাবে কাউকে ছোট করে দেখা, অসম্মান করা বা নেতিবাচক ব্যাখ্যা করা শেখে না। সে ধীরে ধীরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, বিদ্যালয়, সামাজিক পরিবেশ, এমনকি গণমাধ্যম থেকেও শিখে—কাকে সম্মান করতে হবে, কাকে নিয়ে হাসা যাবে, আর কাকে "স্বাভাবিক" বলে ধরে নিতে হবে।
এরপর ধীরে ধীরে এই শেখা বিশ্বাসে পরিণত হয়। তখন সে নিজেও অনেক সময় বুঝতে পারে না যে সে নিজের মতামত প্রকাশ করছে, নাকি সমাজের কাছ থেকে শেখা পুরোনো ধারণাগুলোই পুনরাবৃত্তি করছে।
এই শেখার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ কাজ করে—
****** পরিবারে গ্রহণযোগ্যতা: ভালোবাসার শর্ত থেকে বিচার করার মানসিকতা
একটি শিশুর জন্য পরিবারই তার প্রথম শিক্ষালয়, আর বাবা-মা ও পরিবারের সদস্যরাই তার প্রথম শিক্ষক। সে শুধু কথা শুনে শেখে না; পরিবারের ভাষা, আচরণ, প্রতিক্রিয়া এবং মূল্যবোধ থেকেও শেখে কোনটি "ভালো", কোনটি "খারাপ", কাকে গ্রহণ করা হয় আর কাকে প্রত্যাখ্যান করা হয়।
যদি ছোটবেলা থেকে তাকে বারবার শুনতে হয়
• "ওর মতো হয়ো না।"
• "ওকে দেখো, কী অহংকারী!"
• "মেয়েরা এমন উদ্ধত করে না।"
• "ছেলেরা দুর্বল নয় তাই তারা কাঁদে না।"
• "ভদ্র ছেলেমেয়েরা এভাবে কথা বলে না।"
তাহলে শিশুর মনে ধীরে ধীরে একটি বিশ্বাস তৈরি হয়—কিছু বৈশিষ্ট্য গ্রহণযোগ্য, আর কিছু বৈশিষ্ট্য অগ্রহণযোগ্য। আরও গভীরে একটি ভয় জন্মায়—"যদি আমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে কি আমাকে কম ভালোবাসা হবে? আমাকে কি গ্রহণ করা হবে না?"
মনোবিজ্ঞানে একে অনেক সময় শর্তসাপেক্ষ গ্রহণযোগ্যতা (Conditional Acceptance) বলা হয়। অর্থাৎ, শিশুটি অনুভব করতে শেখে যে তাকে ভালোবাসা বা গ্রহণ করা হবে তখনই, যখন সে পরিবারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী আচরণ করবে।
ফলে সে নিজের স্বাভাবিক অনুভূতি, চাহিদা বা ব্যক্তিত্বের কিছু অংশকে লুকিয়ে ফেলতে শেখে। যে ছেলে কাঁদতে চায়, সে কান্না চেপে রাখে। যে মেয়ে দৃঢ়ভাবে নিজের মত প্রকাশ করতে চায়, সে চুপ থাকতে শেখে। যে শিশু অন্তর্মুখী, সে জোর করে মিশুক হওয়ার চেষ্টা করে। সে আর নিজের মতো থাকতে চায় না; বরং এমন একজন হওয়ার চেষ্টা করে, যাকে সবাই গ্রহণ করবে।
কিন্তু এই শেখার আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। শিশুটি শুধু নিজেকে বদলাতে শেখে না, সে অন্যদেরও একই মানদণ্ডে বিচার করতে শেখে। কারণ সে বিশ্বাস করতে শুরু করে যে ভালো মানুষ হওয়ার একটিই নির্দিষ্ট উপায় আছে। ফলে পরে জীবনে যখন সে এমন কাউকে দেখে, যে ভিন্নভাবে কথা বলে, ভিন্ন মত প্রকাশ করে, পোশাক পরে, আবেগ প্রকাশ করে বা জীবনযাপন করে, তখন সে সহজেই তাকে "ভুল", "অস্বাভাবিক" বা "অগ্রহণযোগ্য" বলে মনে করতে পারে।
একটি সাধারণ উদাহরণ: ধরা যাক, একটি পরিবারে ছোটবেলা থেকেই ছেলেকে বলা হয়, "ছেলেরা কাঁদে না, কান্না দুর্বলতার লক্ষণ।" সে নিজের কান্না লুকাতে শিখল। বড় হয়ে যখন তার নিজের সন্তান বা কোনো বন্ধু কাঁদে, তখন সহানুভূতি দেখানোর পরিবর্তে সে হয়তো বলবে, "এত দুর্বল হলে চলবে না, কান্না বন্ধ করো।"
অর্থাৎ, যে বার্তা সে একসময় নিজের জন্য পেয়েছিল, সেটিই সে অজান্তে অন্যদের দিকে ফিরিয়ে দেয়। এভাবেই বিচার, কটাক্ষ ও অগ্রহণযোগ্যতার সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে।
একটি শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য তাই সবচেয়ে জরুরি হলো এমন একটি পারিবারিক পরিবেশ, যেখানে তাকে বোঝানো হয় "তোমার সব আচরণ ঠিক নাও হতে পারে, কিন্তু তুমি অমূল্য। তোমার অনুভূতি, তোমার ব্যক্তিত্ব এবং তোমার ভিন্নতাকে আমরা সম্মান করি।"
যখন একটি শিশু শর্তহীন গ্রহণযোগ্যতা (Unconditional Acceptance) অনুভব করে, তখন তার আর অন্যকে ছোট করে নিজের মূল্য প্রমাণ করার প্রয়োজন হয় না। কারণ সে জানে, মানুষের মূল্য তার নিখুঁত হওয়ায় নয়; বরং মানুষ হিসেবে তার অস্তিত্বেই।
****** সমাজের চোখে "স্বাভাবিক" হওয়ার চাপ
মানুষ শুধু পরিবারে নয়, সমাজের মধ্যেও বড় হয়। আর প্রতিটি সমাজেরই কিছু অলিখিত নিয়ম, প্রত্যাশা এবং "স্বাভাবিক" হওয়ার একটি ধারণা থাকে। ছোটবেলা থেকেই আমরা নানা বার্তা পাই—কেমন ছাত্রকে ভালো বলা হয়, কোন পেশাকে সফল ধরা হয়, কী ধরনের আচরণ ভদ্র, কার জীবনকে আদর্শ মনে করা হয়। ধীরে ধীরে এই বার্তাগুলো আমাদের বিশ্বাসে পরিণত হয়।
আমাদের সংস্কৃতিতে প্রায়ই মনে করা হয়, ভালো ফলাফল, নির্দিষ্ট কিছু ক্যারিয়ার, একই ধরনের আচরণ, একই জীবনধারা এবং একইভাবে আবেগ প্রকাশ করাই "স্বাভাবিক"। ফলে যে মানুষটি একটু ভিন্নভাবে চিন্তা করে, ভিন্ন আগ্রহ নিয়ে বাঁচে, অন্যভাবে নিজেকে প্রকাশ করে বা প্রচলিত পথের বাইরে হাঁটে, তাকে সহজেই "অস্বাভাবিক", "অদ্ভুত", "বেয়াড়া" বা "সমস্যাজনক" বলে চিহ্নিত করা হয়।
এর পেছনে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ হলো অনিশ্চয়তার প্রতি মানুষের অস্বস্তি (Discomfort with Uncertainty)। আমাদের মস্তিষ্ক পরিচিত জিনিসকে নিরাপদ মনে করে, এবং অপরিচিত বা ভিন্ন কিছু দেখলে অস্বস্তি অনুভব করে। তাই অনেকেই ভিন্নতাকে জানার চেষ্টা না করে দ্রুত বিচার করে ফেলেন। কারণ বিচার করা সহজ, কিন্তু বোঝার চেষ্টা করা কঠিন। কিছু বিষয় অনেক সময় অস্বাস্থ্যকর হতে পারে, তারপরেও আমরা পরিবর্তনের মাধ্যমে অনিশ্চয়তার পথ এড়িয়ে চলি।
আরেকটি বিষয় হলো সামাজিক তুলনা (Social Comparison)। আমরা প্রায়ই নিজের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করে মূল্যায়ন করি। তাই সমাজ যখন একটি নির্দিষ্ট জীবনধারাকেই "সফল" বা "স্বাভাবিক" বলে প্রতিষ্ঠা করে, তখন মানুষ নিজের অজান্তেই সেই মানদণ্ডকে অন্যদের ওপরও প্রয়োগ করতে শুরু করে।
একটি সাধারণ উদাহরণ: ধরা যাক, একটি পরিবারের তিন ভাইবোনের মধ্যে একজন চিকিৎসক, একজন প্রকৌশলী, আর ছোটজন সংগীতশিল্পী হতে চায়। আত্মীয়-স্বজন প্রায়ই বলতে শুরু করেন, "এত ভালো পড়াশোনা করে গান করবে?", "এতে ভবিষ্যৎ কী?" বা "একটু স্বাভাবিক কিছু করো।"
এখানে সমস্যা সংগীত নয়; সমস্যা হলো সমাজের সেই ধারণা, যেখানে সাফল্যের সংজ্ঞা খুব সংকীর্ণ। ফলে ভিন্ন পথ বেছে নেওয়া মানুষকে নিজের সিদ্ধান্ত নিয়েও অপরাধবোধে ভুগতে হয়।
একইভাবে, যে শিশু বেশি চঞ্চল, তাকে বলা হয় "দুষ্ট"; যে শান্ত, তাকে বলা হয় "অতি লাজুক"; যে প্রশ্ন বেশি করে, তাকে বলা হয় "বেয়াদব"; আর যে নিজের মত প্রকাশ করে, তাকে বলা হয় "অহংকারী"। অর্থাৎ, ভিন্নতাকে বোঝার পরিবর্তে আমরা তাকে একটি নেতিবাচক পরিচয় দিয়ে দিই।
কিন্তু বাস্তবতা হলো, "স্বাভাবিক" বলতে মানুষের একটা রূপ-ই নেই। মানুষের ব্যক্তিত্ব, শেখার গতি, আগ্রহ, অনুভূতি প্রকাশের ধরন, প্রতিভা এবং জীবন বেছে নেওয়ার পথ—এসবই স্বাভাবিক বৈচিত্র্যের অংশ।
একটি সুস্থ সমাজ সেই সমাজ, যেখানে সবাইকে একই ছাঁচে ঢালার চেষ্টা করা হয় না; বরং ভিন্নতাকে দুর্বলতা নয়, মানবিক বৈচিত্র্য হিসেবে দেখা হয়। কারণ সমাজের অগ্রগতি সব সময় তাদের হাত ধরেই এসেছে, যারা প্রচলিত পথের বাইরে গিয়ে নতুনভাবে ভাবতে সাহস করেছে।
***** নিজের অনিরাপত্তা (Insecurity): অন্যকে ছোট করে নিজের অস্বস্তি ঢাকার চেষ্টা
সব মানুষ যারা অন্যকে সমালোচনা করেন বা ছোট করেন, তারা যে সচেতনভাবে খারাপ হতে চান—তা নয়। অনেক সময় এর পেছনে কাজ করে গভীর অনিরাপত্তাবোধ (Insecurity), নিজেকে নিয়ে অসন্তুষ্টি, এবং অপূর্ণতার অনুভূতি। এটি একটি অবচেতন মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যেখানে মানুষ নিজের ভেতরের অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পাওয়ার জন্য অন্যের দুর্বলতার দিকে বেশি মনোযোগ দেয়।
এক ধরনের অন্তর্নিহিত বিশ্বাস তাদের মধ্যে কাজ করে—"আমি যদি অন্যকে ছোট প্রমাণ করতে পারি, তাহলে হয়তো আমি তুলনামূলকভাবে বড় বা ভালো মনে হব।" বাস্তবে এতে নিজের সক্ষমতা বাড়ে না, কিন্তু কিছু সময়ের জন্য নিজের অস্বস্তি কমে বলে মনে হয়।
অনেক সময় এই মানুষেরা নিজেরাই নিজেদের সবচেয়ে কঠোর সমালোচক। তারা হয়তো মনে মনে বিশ্বাস করে—
• "আমি যথেষ্ট ভালো নই।"
• "আমি অন্যদের মতো সফল হতে পারিনি।"
• "মানুষ যদি আমার দুর্বলতা দেখে ফেলে, তারা অঅমাকে গ্রহণ করবে না-সম্মান করবে না"
এই ধরনের ভয় এবং আত্ম-অসন্তুষ্টির কারণে তারা নিজের ভেতরের কষ্টের মুখোমুখি হতে চান না। তাই অবচেতনভাবে মন অন্যের ভুল, সীমাবদ্ধতা বা ভিন্নতাকে খুঁজতে শুরু করে। এতে কিছু সময়ের জন্য নিজের অপূর্ণতার অনুভূতি থেকে মন সরে যায়। মনোবিজ্ঞানে এটিকে অনেক ক্ষেত্রে প্রতিরক্ষা কৌশল (Defence Mechanism)-এর একটি রূপ হিসেবে দেখা হয়। অর্থাৎ, নিজের মানসিক অস্বস্তি সামলানোর জন্য মন এমন একটি পথ বেছে নেয়, যা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে ব্যক্তি ও সম্পর্ক—দুটোরই ক্ষতি করে।
একটি সাধারণ উদাহরণ: ধরা যাক, অফিসে একজন সহকর্মী পদোন্নতি পেলেন। আরেকজন কর্মী, যিনি নিজেও সেই পদটি আশা করেছিলেন, ভেতরে ভেতরে হতাশ ও অযোগ্য বোধ করছেন। কিন্তু নিজের সেই কষ্টকে স্বীকার করার বদলে তিনি বলতে শুরু করলেন—
"ও তো বসের কাছের মানুষ বলেই প্রমোশন পেল।"
"ওর তেমন কোনো যোগ্যতাই নেই।"
হয়তো কথাগুলো সত্য নয়। কিন্তু এই সমালোচনার মাধ্যমে তিনি নিজের না পাওয়ার কষ্টকে কিছুটা আড়াল করার চেষ্টা করছেন। এতে সাময়িকভাবে মন হালকা লাগতে পারে, কিন্তু প্রকৃত সমস্যার সমাধান হয় না।
একই ঘটনা স্কুল, পরিবার বা সামাজিক জীবনেও দেখা যায়। যে শিক্ষার্থী নিজের ফলাফল নিয়ে হতাশ, সে হয়তো মেধাবী সহপাঠীকে "বইপোকা" বলে উপহাস করে। যে ব্যক্তি নিজের চেহারা নিয়ে অস্বস্তিতে ভোগেন, তিনি অন্যের চেহারা নিয়ে বেশি মন্তব্য করেন। যে নিজের জীবন নিয়ে তৃপ্ত নন, তিনি প্রায়ই অন্যের জীবনকে ছোট করে দেখার চেষ্টা করেন।
দীর্ঘমেয়াদে এর ক্ষতি কী?
এই অভ্যাস ধীরে ধীরে মানুষকে আরও অনিরাপদ করে তোলে। কারণ তিনি নিজের সমস্যার মুখোমুখি না হয়ে সব সময় বাইরের মানুষকে নিয়ে ব্যস্ত থাকেন। ফলে আত্ম-উন্নতির সুযোগ কমে যায়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সহানুভূতির ক্ষমতাও ক্ষয় হতে থাকে।
অন্যকে ছোট করা কখনোই আত্মসম্মানের পরিচায়ক নয়; বরং অনেক ক্ষেত্রেই এটি নিজেকে গ্রহণ করতে না পারার অস্বস্তির একটি নীরব প্রকাশ। প্রকৃত আত্মবিশ্বাসী মানুষ অন্যকে ছোট করে নিজের মূল্য প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না। কারণ তিনি জানেন, অন্যের আলো নিভিয়ে নিজের আলো উজ্জ্বল করা যায় না। নিজের আলো বাড়াতে হলে নিজের ভেতরেই কাজ করতে হয়।
***** দলে অন্তর্ভুক্তির মানসিকতা (Need to Belong)
মানুষ স্বভাবগতভাবেই একটি সামাজিক প্রাণী। আমাদের মস্তিষ্ক এমনভাবে গড়ে উঠেছে যে আমরা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে, গ্রহণযোগ্য হতে এবং কোনো না কোনো দলের অংশ হতে চাই। পরিবার, বন্ধু, সহপাঠী, সহকর্মী—প্রত্যেক দলই আমাদের কাছে নিরাপত্তা, পরিচয় এবং গ্রহণযোগ্যতার অনুভূতি দেয়।
এই কারণেই অনেক সময় দেখা যায়, বন্ধুরা সবাই যদি কাউকে নিয়ে কটাক্ষ করে, হাসাহাসি করে বা উপহাস করে, তাহলে দলের কয়েকজন সদস্য ভেতরে ভেতরে অস্বস্তি বা বিব্রতবোধ করলেও প্রকাশ্যে প্রতিবাদ করেন না। বরং অনেকেই না ভেবেই সেই হাসিতে যোগ দেন।
এর পেছনে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ হলো "দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়" (Fear of Social Rejection বা Fear of Exclusion)। অনেকের মনে অজান্তেই প্রশ্ন কাজ করে—"আমি যদি ওদের সঙ্গে একমত না হই, তাহলে ওরা কি আমাকে নিয়েই হাসবে? আমাকে কি আর নিজেদের দলে নেবে না?" এই আশঙ্কা মানুষকে নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়েও দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য করতে পারে।
মনোবিজ্ঞানে একে Conformity (দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবণতা) বলা হয়। অর্থাৎ, একজন ব্যক্তি নিজের ব্যক্তিগত মতামত বা মূল্যবোধকে সাময়িকভাবে চাপা দিয়ে দলের আচরণ অনুসরণ করেন, যাতে তিনি গ্রহণযোগ্য থাকেন।
একটি দৈনন্দিন উদাহরণ: স্কুলে নতুন একজন ছাত্র এসেছে। সে একটু চুপচাপ, তাই কয়েকজন তাকে "বইপোকা" বলে ডেকে হাসাহাসি শুরু করল। শ্রেণির অন্য একজন শিক্ষার্থী জানে যে এটি ঠিক নয়। কিন্তু সে প্রতিবাদ করল না। বরং মুচকি হেসে সেও সেই ডাকটি ব্যবহার করল। কারণ তার ভয় হলো-যদি সে প্রতিবাদ করে, তাহলে পরের দিন হয়তো তাকেই "অতিরিক্ত ভালো মানুষ" বা "নাটকবাজ" বলে দলের বাইরে ঠেলে দেওয়া হবে।
এভাবেই একটি ভুল আচরণ ধীরে ধীরে দলের সংস্কৃতিতে (Group Culture) পরিণত হয়, যা কিশোর বয়সে অনেক বেশি দেখা যায়। কেউ আর ভাবেই না যে এটি একজন মানুষের আত্মসম্মান বা মানসিক স্বাস্থ্যের ওপর কতটা আঘাত করতে পারে।
কিন্তু একজন সাহসী মানুষই একটি দলের সংস্কৃতি বদলে দিতে পারে। অনেক সময় একজনের একটি বাক্য—"আচ্ছা, ওকে নিয়ে আর মজা না করি, ওর খারাপ লাগতে পারে।" - অন্যদেরও ভাবতে শেখায়। কারণ নেতিবাচক আচরণ যেমন ছড়ায়, তেমনি সহানুভূতি, সম্মান এবং মানবিকতাও সংক্রামক। একজনের সচেতন অবস্থান অনেক সময় পুরো দলের আচরণ বদলে দিতে পারে।
যারা অন্যকে বিচার করে, তাদের নিজেদের কী কোনো ক্ষতি হয়?
অনেকেই মনে করেন, অন্যকে ছোট করা, সমালোচনা করা বা উপহাস করলে নিজের গুরুত্ব বা মর্যাদা বাড়ে। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অন্যকে বিচার করার অভ্যাস শুধু সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না, ধীরে ধীরে সেই ব্যক্তির নিজের মানসিক বিকাশ, আত্মপরিচয় এবং আবেগীয় স্বাস্থ্যের ক্ষতি করে।
১. সহমর্মিতা (Empathy) ধীরে ধীরে কমে যায়:
সহমর্মিতা হলো অন্য একজন মানুষের অনুভূতি বোঝার এবং তার জায়গায় নিজেকে কল্পনা করার ক্ষমতা। কিন্তু যখন আমরা কাউকে দেখেই বিচার করতে অভ্যস্ত হয়ে যাই, তখন আমরা তার গল্প, সংগ্রাম বা বাস্তবতাকে জানার আগেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি। ফলে মানুষের আচরণের পেছনের কারণ জানার মানসিকতা ধীরে ধীরে হারিয়ে যায়।
ধরা যাক, অফিসে একজন সহকর্মী প্রায়ই চুপচাপ থাকেন। কেউ হয়তো মনে করল, "কী অহংকারী মানুষ!" এই ধারণা নিয়েই সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করল। পরে জানা গেল, তিনি কয়েক মাস আগে তার খুব কাছের একজন মানুষকে হারিয়েছেন এবং এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি।
যদি শুরুতেই কেউ ভাবত, "হয়তো এর পেছনে কোনো কারণ আছে", তাহলে তার প্রতি আচরণ ভিন্ন হতে পারত।
যখন আমরা বারবার মানুষকে না বুঝে বিচার করি, তখন আমাদের চিন্তায় একটি অভ্যাস তৈরি হয় - "মানুষকে বোঝার দরকার নেই, শুধু লেবেল দিলেই যথেষ্ট।"
এই অভ্যাস ধীরে ধীরে সহমর্মিতার জায়গা সংকুচিত করে দেয়।
২. গভীর ও নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে পারে না:
যে মানুষ সব সময় অন্যের ভুল, সীমাবদ্ধতা বা ভিন্নতা নিয়ে মন্তব্য করে, তার আশেপাশের মানুষ ধীরে ধীরে সতর্ক হয়ে যায়। কারণ কেউই এমন পরিবেশে স্বস্তি বোধ করে না, যেখানে সামান্য ভুল করলেই সমালোচনা বা উপহাসের শিকার হতে হয়।
মনস্তাত্ত্বিকভাবে মানুষ একটি সম্পর্কের মধ্যে নিরাপত্তা (Psychological Safety) খোঁজে। অর্থাৎ, এমন একটি পরিবেশ যেখানে সে নিজের ভুল স্বীকার করতে পারবে, প্রশ্ন করতে পারবে, নিজের দুর্বলতা প্রকাশ করতে পারবে -ভয় ছাড়া।
কিন্তু একজন বিচারপ্রবণ মানুষের আশেপাশে মানুষ প্রায়ই মনে মনে ভাবে -
"আমি যদি ভুল কিছু বলে ফেলি?"
"আমি যদি ওর পছন্দমতো না হই?"
"আমাকেও কি অন্যদের মতো সমালোচনা করবে?"
ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মানুষ প্রয়োজনের কথা বলে, কিন্তু মনের কথা আর বলে না। সম্পর্ক থাকে, কিন্তু আন্তরিকতা হারিয়ে যায়।
৩. নিজেরও ভুল করার ভয় বেড়ে যায়:
এটি একটি খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। যে মানুষ অন্যদের সব সময় বিচার করে, সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে সবাইও হয়তো একইভাবে মানুষকে বিচার করে।
তখন তার নিজের মনেও প্রশ্ন জাগে -
"আমি যদি ভুল করি?"
"মানুষ যদি আমাকে অযোগ্য ভাবে?"
"আমার দুর্বলতা যদি কেউ দেখে ফেলে?"
ফলে সে নিজের প্রকৃত অনুভূতি, সীমাবদ্ধতা বা অপূর্ণতাকে লুকিয়ে রাখতে শুরু করে।
উদাহরণ হিসেবে, একজন ম্যানেজার সব সময় কর্মীদের ছোটখাটো ভুল নিয়ে কঠোর সমালোচনা করেন। কিন্তু কোনো একদিন নিজে একটি ভুল করে ফেললে তিনি সেটি স্বীকার না করে দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দেন। কারণ তার মনে ভয় কাজ করে—"আমি যদি ভুল স্বীকার করি, তাহলে মানুষ আমাকে দুর্বল ভাববে।"
অর্থাৎ, তিনি অন্যদের বিচার করার যে সংস্কৃতি তৈরি করেছেন, শেষ পর্যন্ত সেই সংস্কৃতির ভয়েই তিনি নিজেও বন্দি হয়ে পড়েন।
৪. শেখার সুযোগ কমে যায়:
শেখার জন্য সবচেয়ে জরুরি হলো কৌতূহল (Curiosity)। কিন্তু বিচার করার অভ্যাস কৌতূহলকে ধীরে ধীরে প্রতিস্থাপন করে দেয়।
যখন আমরা ভাবি—
• "ও তো কিছুই জানে না।"
• "ওর কাছ থেকে শেখার কী আছে?"
• "ও আমার মতো নয়।"
তখন আমরা অজান্তেই শেখার দরজা বন্ধ করে দিই।
ধরা যাক, অফিসে নতুন একজন সহকর্মী এসেছে। তিনি অন্য জেলা থেকে এসেছেন এবং কাজ করার পদ্ধতিও একটু ভিন্ন। কেউ যদি শুরুতেই বলে বসে, "এভাবে কাজ করলে হবে না", তাহলে সে হয়তো কখনো জানতেই পারবে না যে ওই সহকর্মীর পদ্ধতিটি আরও কার্যকর হতে পারে।
অন্যদিকে, যদি সে ভাবত - "আমি বুঝতে চাই, তুমি এভাবে কেন কাজ করো?" তাহলে হয়তো দুজনেই নতুন কিছু শিখতে পারত।
ভিন্ন মানুষ মানেই ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং নতুন শেখার সম্ভাবনা। কিন্তু বিচার করার অভ্যাস মানুষকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যায়, যেখানে সে মনে করে "আমি জানি", তাই আর জানার প্রয়োজন নেই। এই মনোভাব ব্যক্তিগত বিকাশকে থামিয়ে দেয়।
সবশেষে বলা যায় অন্যকে বিচার করা প্রথমে শক্তির মতো মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি মানুষকে এক অদৃশ্য মানসিক কারাগারে বন্দি করে ফেলে। সেখানে সহমর্মিতার জায়গায় আসে সমালোচনা, সম্পর্কের জায়গায় আসে দূরত্ব, আত্মবিশ্বাসের জায়গায় আসে আত্মরক্ষার প্রবণতা, আর কৌতূহলের জায়গায় আসে অহংকার।
যে মানুষ অন্যকে বোঝার চেষ্টা করে, সে শুধু অন্যকে নয়—নিজেকেও সমৃদ্ধ করে। আর যে মানুষ শুধু বিচার করে, সে অজান্তেই নিজের শেখা, বেড়ে ওঠা এবং সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাগুলো সংকুচিত করে ফেলে।