13/10/2026
কিশোর-কিশোরীদের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা কখনো কখনো এমন কিছু অনুভূতির মুখোমুখি হই, যা শুনে একজন বাবা-মা হিসেবে আপনার কষ্ট হতে পারে।
কোনো কোনো কিশোর রাগের মুহূর্তে বলে, আমার বাবা-মা না থাকলেই ভালো হতো!
কেউ বলে, আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে চাই। কেউ যেন আমাকে আর খুঁজে না পায়!
আবার কেউ কেউ তীব্র অসহায়ত্ব, ক্ষোভ কিংবা দীর্ঘদিনের জমে থাকা কষ্টের মধ্যে এমন চিন্তাও প্রকাশ করতে পারে এই মানুষগুলো আমার জীবন থেকে সরে গেলেই আমি মুক্তি পেতাম। এমনকি তাদের মেরে ফেলতে ইচ্ছে করে!
একজন সাইকোলজিস্ট হিসেবে এখানে আমাদের কাজ শুধু কথাগুলো শুনে সন্তানকে খারাপ, অকৃতজ্ঞ কিংবা মানসিকভাবে অসুস্থ বলে চিহ্নিত করা নয়। আমাদের বুঝতে হবে, এই কথাগুলোর পেছনে কী আছে।
একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনার সন্তান কি আপনাকে ভয় পায়, নাকি আপনাকে বিশ্বাস করে?
একজন ১৪–১৫ বছর বয়সী কিশোরী যখন তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাবা-মাকে না জানিয়ে নেয়, যখন সে বাড়ির মানুষের কাছে সত্যটা বলতে পারে না, কিংবা যখন কোনো অপরিচিত মানুষের কয়েকটি মিষ্টি কথাকেই নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করে তখন আমরা খুব সহজেই বলি,
আজকালকার ছেলেমেয়েগুলো এমন কেন?
বাবা-মায়ের কথা শোনে না কেন?
এতটুকু বয়সে এত সাহস পায় কোথায়?
কিন্তু আমরা কি কখনো প্রশ্ন করি, কেন সন্তানটি তার জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো বাবা-মাকে বলতে পারল না?
আমি বলছি না, প্রতিটি ভুল সিদ্ধান্তের জন্য বাবা-মায়েরাই দায়ী। কিংবা বাবা-মায়ের সঙ্গে দূরত্ব থাকলেই একটি সন্তান বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে। কিন্তু একজন সাইকোলজিস্ট হিসেবে আমি মনে করি, কিশোর-কিশোরীদের আচরণ বোঝার জন্য শুধু তাদের ভুলগুলো দেখলে হবে না, তাদের মানসিক জগৎটাকেও বুঝতে হবে।
১৩–১৬ বছর বয়সে একটা সন্তানের ভেতরে কী ঘটে?
এই বয়সে শরীরের পরিবর্তনের পাশাপাশি আবেগ, আত্মপরিচয়, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং সম্পর্কের প্রতি আগ্রহও বদলাতে থাকে। তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে শেখে এবং চায় কেউ তাদের কথা মন দিয়ে শুনুক।
কখনো তারা ভীষণ রেগে যায়।
কখনো মনে হয়, কেউ তাদের বোঝে না।
কখনো মনে হয়, বাবা-মা তাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করতে চান।
কখনো মনে হয়, এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেলে হয়তো শান্তি পাওয়া যাবে।
এমনকি কারও কারও মনে রাগের মুহূর্তে বাবা-মাকে আঘাত করার মতো চিন্তাও আসতে পারে।
মনে রাখবেন, কোনো চিন্তা মাথায় আসা আর সেই চিন্তা অনুযায়ী কাজ করে ফেলা এক বিষয় নয়।
কিশোর-কিশোরীদের মনে রাগ, বিরক্তি, বিভ্রান্তি কিংবা পরস্পরবিরোধী অনুভূতি আসতে পারে। এসব অনুভূতির জন্য তাদের লজ্জা দেওয়া নয়, বরং অনুভূতিগুলো কীভাবে নিরাপদে প্রকাশ করতে হয়, সেটি শেখানো জরুরি।
তবে আঘাত করার তীব্র ইচ্ছা, নিজেকে ক্ষতি করার চিন্তা কিংবা বারবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রবণতাকে অবহেলা করা যাবে না। এগুলো মনোযোগ দিয়ে বোঝার এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়ার সংকেত।
তাহলে সন্তান কেন বাবা-মায়ের পরিবর্তে অন্য কারও কাছে আশ্রয় খোঁজে?
একটু ভেবে দেখুন—
একটি সন্তান যখন কষ্টের কথা বলতে গিয়ে শুনতে পায়, “এত নাটক করিস কেন?”
যখন নিজের মতামত জানাতে গিয়ে শুনতে হয়, “বড়দের মুখে মুখে কথা বলিস?”
যখন কোনো ভুল স্বীকার করার পর সংশোধনের সুযোগ না পেয়ে অপমানিত হতে হয়…
যখন তার প্রতিটি অনুভূতির জবাবে উপদেশ, বকুনি কিংবা শাস্তি আসে, কিন্তু তার কথাটা মন দিয়ে শোনার কেউ থাকে না…
তখন সে ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো লুকাতে শিখতে পারে।
সে হয়তো একই বাড়িতে থাকে, পরিবারের সঙ্গেই খায়, পড়াশোনা করে অথচ তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবারের কাছে গোপন রাখতে শুরু করে।
তারপর কোনো বন্ধু, সহপাঠী কিংবা অনলাইনে পরিচিত কেউ যখন তাকে মন দিয়ে শোনে, তার অনুভূতিকে গুরুত্ব দেয়, তখন সেই মনোযোগ তার কাছে অসাধারণ মনে হতে পারে।
সে ভাবতে পারে, “এই মানুষটাই আমাকে বোঝে। এই মানুষটাই আমার আপন।”
কিন্তু কেউ আমার অনুভূতি বুঝতে পারছে বলে সে যে নিরাপদ, বিশ্বস্ত কিংবা আমার জন্য সঠিক মানুষ—এমন নিশ্চয়তা নেই।
বিশেষ করে এই বয়সে সুস্থ সম্পর্ক, ব্যক্তিগত সীমারেখা, অনলাইন নিরাপত্তা, প্রতারণার কৌশল এবং বিপদের সময় সাহায্য চাওয়ার বিষয়গুলো সন্তানকে শেখানো অত্যন্ত জরুরি।
আমরা যদি শুধু বলি, “কাউকে বিশ্বাস করবি না”, তাহলে সে হয়তো কথাটা শুনবে না। বরং তাকে শেখাতে হবে, কীভাবে বিশ্বাস করতে হয়, কীভাবে ঝুঁকির লক্ষণ চিনতে হয় এবং কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ করলে কীভাবে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে হয়।
বাবা-মায়েরও কি কিছু শেখার আছে?
অবশ্যই আছে।
সন্তানকে শেখানোর আগে আমাদের নিজেদের আচরণটাও একবার দেখতে হবে।
১. রাগ প্রকাশের শিক্ষা ঘর থেকেই শুরু হয়।
আপনি রেগে গেলে কী করেন? চিৎকার করেন, অপমান করেন, নাকি কিছুটা সময় নিয়ে শান্ত হন?
সন্তান শুধু আপনার উপদেশ শোনে না, আপনার আচরণও দেখে (মডেলিং এর মাধ্যমে )।যদি রাগের সময় কাউকে অপমান করেন, তাহলে সে শিখতে পারে রাগ প্রকাশের অর্থই হলো আঘাত করা। আর আপনি যদি শান্তভাবে নিজের কষ্ট প্রকাশ করতে পারেন, তাহলে সে-ও ধীরে ধীরে সেই দক্ষতা শিখতে পারে।
২. সন্তানকে এমন পরিবেশ দিন, যেখানে সত্য বলার সুযোগ আছে।
সন্তান ভুল করলে অবশ্যই তাকে দায়িত্ব নিতে শেখাতে হবে। কিন্তু প্রতিটি ভুলের জবাবে যদি অপমান, মারধর কিংবা সম্পর্ক হারানোর ভয় থাকে, তাহলে সে সত্য গোপন করতে শিখতে পারে।
তাকে বোঝান, “তুমি ভুল করতে পারো। আমরা সেই ভুল নিয়ে কথা বলব। তোমার কাজের পরিণতি থাকবে, কিন্তু সত্য বলার কারণে তোমাকে অপমান করা হবে না।”
৩. শুধু পড়াশোনার ফলাফল নয়, সন্তানের অনুভূতিরও খোঁজ নিন।
সারাদিনে কত ঘণ্টা পড়ল, পরীক্ষায় কত পেল, কোন বিষয়ে নম্বর কমল—এসব প্রশ্নের পাশাপাশি জিজ্ঞেস করুন,
“আজ তোমার মন কেমন ছিল?”
“কোনো কিছু কি তোমাকে কষ্ট দিয়েছে?”
“এমন কোনো কথা আছে, যেটা তুমি আমাকে বলতে চাও, কিন্তু বলতে ভয় পাচ্ছ?”
তার উত্তর শোনার সময় সঙ্গে সঙ্গে বিচার করবেন না। কখনো কখনো সন্তানের সমাধান দরকার হয় না; দরকার হয় এমন একজন মানুষ, যিনি তার কথা শেষ পর্যন্ত শুনবেন।
৪. পরিবারের সম্পর্কগুলোও সন্তানের মানসিক শিক্ষার অংশ।
স্বামী-স্ত্রীর মতবিরোধ হতে পারে। কিন্তু প্রতিনিয়ত অপমান, হুমকি, চিৎকার কিংবা সহিংসতার পরিবেশে সন্তান বড় হলে তার মানসিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই সন্তানের সামনে নিখুঁত পরিবার হওয়ার অভিনয় নয়, বরং মতবিরোধ কীভাবে সম্মানজনকভাবে সামলাতে হয়, ভুল হলে কীভাবে ক্ষমা চাইতে হয় এবং সম্পর্কের মধ্যে কীভাবে সীমারেখা বজায় রাখতে হয় সেটি দেখানো জরুরি।
৫. সন্তানকে স্বাধীনতা দিন, কিন্তু নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেবেন না।
১৩–১৬ বছর বয়সী একজন কিশোর-কিশোরীর ব্যক্তিগত পরিসর প্রয়োজন। তার বন্ধুত্ব, পছন্দ, আগ্রহ ও মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কোথায় যাচ্ছে, কার সঙ্গে আছে, কীভাবে যোগাযোগ করবে এবং বিপদে পড়লে কার সাহায্য নেবে—এসব বিষয়ে বয়স অনুযায়ী স্পষ্ট ও সম্মানজনক নিয়ম থাকা দরকার।
নজরদারি আর নিরাপদ তত্ত্বাবধান এক বিষয় নয়। সন্তানের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ না করেও তার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা যায়।
🌱 তাহলে আমাদের করণীয় কী?
আমরা সন্তানকে ছোটবেলা থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে পারি—
• রাগ হলে: চিৎকার বা আঘাত না করে কীভাবে নিজের রাগ প্রকাশ করতে হয়।
• কষ্ট পেলে: নিজের অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করতে হয় এবং কীভাবে সাহায্য চাইতে হয়।
• ভালো লাগা তৈরি হলে: আকর্ষণ, ভালোবাসা, সম্মতি, ব্যক্তিগত সীমারেখা ও সুস্থ সম্পর্কের পার্থক্য কী।
• কেউ চাপ দিলে: ভালোবাসার প্রমাণ হিসেবে ব্যক্তিগত ছবি পাঠানো, গোপন রাখতে বাধ্য হওয়া, একা কোথাও চলে যাওয়া কিংবা অস্বস্তিকর কিছু মেনে নেওয়া কেন নিরাপদ নয়।
• বিপদে পড়লে: ভুল করে ফেললেও কীভাবে বিশ্বস্ত প্রাপ্তবয়স্কের কাছে ফিরে আসতে হয়, সাহায্য চাইতে হয় এবং নিজেকে নিরাপদ রাখতে হয়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্তানকে এমনভাবে বড় করুন, যেন সে জানে, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেও সাহায্য চাওয়ার দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে না।
সন্তানের আচরণে হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত গোপনীয়তা, তীব্র রাগ, ভয় কিংবা বারবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলাকে শুধু অবাধ্যতা ভেবে উড়িয়ে দেবেন না। শান্তভাবে কথা বলুন। প্রয়োজনে শিশু-কিশোর মনোবিজ্ঞানী বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নিন।
শেষ পরামর্শ বাবা-মায়ের জন্য…
আমরা অনেক সময় সন্তানকে বলি, (পৃথিবীর সবাই তোমার ক্ষতি করতে পারে, শুধু আমরাই তোমার ভালো চাই)
কিন্তু সন্তান কি সত্যিই অনুভব করে যে তার কষ্টের সময় বাবা-মা তার পাশে থাকবেন?
সে কি জানে, নিজের ভুল স্বীকার করলেও তাকে শোনা হবে?
সে কি জানে, কারও মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে পড়লে, কোনো সম্পর্কে প্রতারিত হলে কিংবা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়লেও সে বাড়িতে ফিরে আসতে পারবে?
একটি সন্তানের নিরাপত্তা শুধু দরজায় তালা দিয়ে নিশ্চিত করা যায় না। তার জীবনে এমন কিছু নিরাপদ সম্পর্কও দরকার, যেখানে সে ভয় ছাড়া সত্য বলতে পারে।
সন্তানকে নিয়ন্ত্রণ করার আগে তার সঙ্গে সংযোগ তৈরি করুন। তাকে শাসন করার পাশাপাশি তার কথা শুনুন। তার ভুল শুধরে দেওয়ার পাশাপাশি নিজের ভুল স্বীকার করার সাহসও দেখান।
মনে রাখবেন, সন্তানকে আপনার কথা শুনতে শেখানো গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—বিপদের সময় যেন সে আপনার কাছে আসতে পারে, সেই বিশ্বাস তৈরি করা।
কারণ সন্তানকে শুধু ভালো-মন্দের পার্থক্য শেখানো যথেষ্ট নয় তাকে এটাও শেখাতে হবে, ভুল বুঝতে পারলে কীভাবে ফিরে আসতে হয় এবং সাহায্য চাইতে হয়।
আপনার সন্তান যেন কখনো এমন অনুভব না করে যে পৃথিবীর সব মানুষের কাছে সে গ্রহণযোগ্য, শুধু নিজের বাবা-মায়ের কাছেই নয়।
আজই সন্তানের সঙ্গে একটু সময় কাটান। উপদেশ দেওয়ার জন্য নয়, শুধু তার কথা শোনার জন্য।
হয়তো সেই ছোট্ট কথোপকথনটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে উঠবে।
কারন সন্তান একদিন হঠাৎ দূরে চলে যায় না, তার আগেই হয়তো সে মনের দিক থেকে দূরে সরে যায়!
Zannatul Ferdoush Jhimu
Mental Health Consultant - LifeLogo