05/08/2026
রাত প্রায় বারোটা। NICVD-র CCU-তে তখন সেই চেনা নিস্তব্ধতা — মনিটরের বিপ, কোথাও একটা alarm বেজেই চলেছে যেটা কেউ এখনও বন্ধ করেনি।
Emergency থেকে বায়ান্ন বছরের একজন মানুষ আসলেন। প্রচণ্ড শ্বাসকষ্ট, শুতে পারছেন না। স্লিপে লেখা: "? Acute decompensated heart failure — for CCU admission."
ডিউটিতে ছিল আমাদের রেসিডেন্ট। ট্রলি ঢোকার সাথে সাথেই ও ফাইল খুলে বসেছে।
"ভাইয়া, breathlessness, orthopnoea — heart failure-ই তো মনে হচ্ছে। ডাইইউরেটিক শুরু করে দিই?"
আমি বললাম, "একটু দাঁড়াও। রোগীর সাথে দুই মিনিট কথা বলো আগে।"
কথা বলতেই ছবিটা বদলাতে লাগল। মানুষটা বললেন, মাসতিনেক ধরে সন্ধ্যায় জ্বর আসে, রাতে ঘামে বিছানা ভিজে যায়, ওজন কমতে কমতে এই দশা। আর শ্বাসকষ্টটা ধীরে ধীরে বেড়েছে — হঠাৎ করে নয়।
"এই 'ধীরে ধীরে' শব্দটা শুনলে?" আমি বললাম। "Acute LVF এভাবে আসে না। ও রাত তিনটায় দম আটকে ধড়মড় করে উঠে বসে। এটা অন্য কিছু।"
রেসিডেন্ট examination শুরু করল। "ভাইয়া, JVP তো স্বাভাবিক। পা-ও ফোলা নয়।"
"তাহলে failure-এর তত্ত্বটা আরও দুর্বল হয়ে গেল, তাই না? বুকে হাত রাখো।"
Percussion করতেই ওর মুখটা বদলে গেল। ডান দিকের নিচের অংশ একেবারে stony dull, breath sound নেই বললেই চলে, vocal fremitus উধাও।
"Effusion, ভাইয়া। বড় effusion।"
Echo করলাম নিজেই। LV চমৎকার চলছে, EF ভালো, pericardium পরিষ্কার। হৃৎপিণ্ডটা নির্দোষ। Portable X-ray-তে ডান দিকটা পুরো ঝাপসা।
রেসিডেন্ট বলল, "ভাইয়া, এখনই tap করব?"
"রোগী oxygen-এ stable, tamponade নেই, তাড়াহুড়ার কিছু নেই। রাত বারোটায় অন্ধকারে needle ঢোকানোর চেয়ে খারাপ সিদ্ধান্ত কম আছে। কাল সকালে, দিনের আলোয়।"
পরদিন সকালে thoracocentesis। USG ছিল না — আমাদের বেশিরভাগ ওয়ার্ডে যেমন থাকে না। তাই সেই পুরনো ভরসা: হাত আর কান। রোগীকে সোজা বসিয়ে percuss করে dullness-এর সীমা বের করে, posterior axillary line-এ, পাঁজরের উপরের কিনারা ঘেঁষে।
Needle ঢুকল, fluid এলো — আর রেসিডেন্টের হাতটা কেঁপে গেল।
"ভাইয়া! রক্ত! আমি কি vessel-এ লেগে ফেললাম?"
"শান্ত হও। Fluid-টা কি প্রথমে লাল ছিল, পরে পরিষ্কার হয়েছে?"
"না ভাইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম।"
"তাহলে traumatic tap নয়। একটু fluid পরিষ্কার টিউবে রেখে দাও, দেখো জমাট বাঁধে কি না। সত্যিকারের রক্ত বাঁধবে; blood-stained effusion বাঁধবে না।"
বাঁধল না। রিপোর্ট এলো — exudate, lymphocyte-predominant, ADA: 60।
Tuberculous pleural effusion!!
HRZE শুরু হলো।
দুদিন পর রোগী stable, শ্বাস স্বাভাবিক, effusion কমে গেছে। Cabin-এ shift করা হলো। কয়েকটা দিন চমৎকার গেল — জ্বর নামল, নিজেই বাথরুমে যাচ্ছেন, রাউন্ডে গেলে হেসে বলেন, "স্যার, এখন খেতে ইচ্ছা করে।"
রেসিডেন্ট বেশ খুশি। বলল, "ভাইয়া, কেসটা তো সুন্দর ক্লোজ হয়ে গেল।"
আমি হেসে বলেছিলাম, "TB-র কেস কখনো এত তাড়াতাড়ি ক্লোজ হয় না। আরও কয়েকটা দিন দেখো।"
সেই কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে, ভাবিনি।
সপ্তাহখানেক পর সকালে cabin থেকে জরুরি ডাক। মানুষটা বিছানায় গুটিয়ে আছেন, উঠে বসতে পারছেন না। মাথা ঘুরছে, দুবার বমি করেছেন, হাত-পা ঠান্ডা, BP তলানিতে।
রেসিডেন্ট ততক্ষণে fluid চালিয়ে দিয়েছে। ফোনে বলল, "ভাইয়া, দুই লিটার নরমাল স্যালাইন দেয়া হয়ে গেছে। BP উঠছেই না। Effusion আবার জমল নাকি? নাকি empyema হয়ে septic shock?"
"যুক্তিসঙ্গত সন্দেহ। আগে বুকটা clear করো — portable X-ray, echo, stethoscope।"
মিনিট বিশেক পর ওর গলা শুনেই বোঝা গেল ও বিভ্রান্ত। "ভাইয়া, সব পরিষ্কার। Effusion আগের চেয়েও কম। নতুন কিছু নেই, জ্বর নেই, LV ভালো, pericardium শুকনো। কিন্তু BP উঠছে না কেন?!"
আর ঠিক এই জায়গাটাই আসল turning point। বুক আর হৃৎপিণ্ড — দুটোকেই দোষ দেওয়ার উপায় শেষ। সমস্যা তাহলে অন্য কোথাও।
"Electrolyte পাঠাও," বললাম। "আর মনে মনে ভাবতে থাকো — এক সপ্তাহ আগে আমরা এই মানুষটার শরীরে নতুন কী ঢুকিয়েছি।"
রিপোর্ট এলো: Na⁺ কম, K⁺ বেশি, glucose কম।
ফোনে রেসিডেন্টের গলাটা বদলে গেল। "ভাইয়া... এটা তো Addisonian pattern।"
"এখন বলো, কেন fluid-এ BP উঠছিল না?"
ও একটু ভাবল। "Hypovolaemia... vasoplegia?"
"ঠিক ধরেছ। Cortisol হলো permissive hormone — ওটা ছাড়া adrenaline-noradrenaline যতই চিৎকার করুক, vessel সাড়া দেয় না। Receptor আছে, সিগন্যাল আছে, কিন্তু সাড়া দেওয়ার ক্ষমতা নেই। তাই পাত্রটাই শিথিল হয়ে পড়ে আছে — যত fluid ঢালো, ধরে রাখতে পারবে না। এই hypotension fluid-এ সারবে না, সারবে শুধু steroid-এ।"
"আর Na কম, K বেশি — aldosterone নেই বলে?"
"হ্যাঁ। Sodium বেরিয়ে যাচ্ছে, potassium জমছে। আর cortisol নেই বলে gluconeogenesis থেমে গিয়ে সুগার নামছে। তিনটে মিলিয়ে একটাই গল্প।"
"কিন্তু ভাইয়া, adrenal-এ সমস্যা হলো কেন হঠাৎ?"
এখানেই গল্পের আসল অংশ।
"TB কখনো এক জায়গায় থেমে থাকে না। যে TB pleura পর্যন্ত পৌঁছেছে, সে adrenal-এও বহু আগে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে cortex-টা খেয়ে ফেলছিল। আর মনে রাখো — cortex-এর প্রায় নব্বই শতাংশ ধ্বংস না হলে Addison's ক্লিনিক্যালি প্রকাশ পায় না। তাই এই মানুষটা বছরের পর বছর দিব্যি ছিলেন। স্বাভাবিক দিনে যেটুকু cortisol তৈরি হতো, সেটুকুই যথেষ্ট ছিল। রিজার্ভ শূন্যের কাছে, কিন্তু কেউ টের পায়নি। শরীর কখনো অভিযোগ করে না, যতক্ষণ না তাকে বাড়তি চাপ দেওয়া হয়।"
"আর সেই চাপটা?"
"আমরা নিজেরাই দিয়েছি। Rifampicin।"
ও কয়েক সেকেন্ড চুপ করে রইল।
"CYP induction?"
"একদম। Rifampicin অসম্ভব শক্তিশালী hepatic microsomal enzyme inducer, বিশেষ করে CYP3A4। আর cortisol-এর metabolism হয় ঠিক এই enzyme দিয়েই। ওষুধ শুরুর কয়েক দিনের মধ্যে লিভার অনেক দ্রুত cortisol ভাঙতে লাগল — half-life ছোট হয়ে গেল, clearance বেড়ে গেল। যেটুকু হরমোন কষ্ট করে তৈরি হচ্ছিল, সেটুকুও শরীরে টিকে থাকার সময় পেল না।"
"কিন্তু ভাইয়া, আমরা তো প্রতিদিন কত রোগীকে rifampicin দিই। তাদের তো এমন হয় না।"
চমৎকার প্রশ্ন। আর এখানেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়।
"কারণ তাদের adrenal সুস্থ। Cortisol কমতে শুরু করলেই ACTH বেড়ে যায়, গ্রন্থি বাড়তি cortisol বানিয়ে ঘাটতিটা পুষিয়ে দেয়। কেউ টেরও পায় না। কিন্তু এই গ্রন্থিটার সেই বাড়তি বানানোর ক্ষমতাই ছিল না। ACTH ডাকল, গ্রন্থি সাড়া দিতে পারল না। এখানেই সব ভেঙে পড়ল।"
ভাবো — একজন মানুষ শেষ কয়েকটা টাকা দিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। হঠাৎ খরচ দ্বিগুণ হয়ে গেল। আয় বাড়ানোর উপায় নেই, শুধু ব্যয় বেড়েছে। যা হওয়ার তাই হলো।
"ভাইয়া, আরেকটা কথা। এটা এক সপ্তাহ পরে হলো কেন? প্রথম দিনেই তো হতে পারত।"
"এটাই সবচেয়ে সুন্দর সূত্র। Enzyme induction তাৎক্ষণিক নয় — নতুন enzyme protein তৈরি হতে সময় লাগে, পুরো প্রভাব আসতে এক থেকে দুই সপ্তাহ। তাই crisis আসে ঠিক তখন, যখন সবাই ভাবছে রোগী ভালো হয়ে যাচ্ছে। এই দেরিটাই ফাঁদ — ততদিনে মন থেকে ওষুধের সন্দেহ সরে গেছে।"
Cortisol আর ACTH-এর জন্য রক্ত পাঠানো হলো। কিন্তু রিপোর্টের অপেক্ষায় বসে থাকিনি।
Hydrocortisone দাও, এখনই।"
রোগীকে CCU-তে ফিরিয়ে এনে IV hydrocortisone দিলাম fluid-এর সাথে। ঘণ্টাখানেকের মধ্যে যে BP এতক্ষণ কোনো fluid-এ নড়ছিল না, সেটা উঠতে শুরু করল। বিকেলে গিয়ে দেখি মানুষটা চোখ মেলে তাকিয়ে আছেন।
রেসিডেন্ট পাশে দাঁড়িয়ে বলল, "ভাইয়া, তাহলে rifampicin-ই adrenal নষ্ট করল?"
"না।" এই জায়গাটা সবচেয়ে সূক্ষ্ম। "Rifampicin adrenal gland নষ্ট করেনি। TB সেই কাজটা অনেক আগেই সেরে রেখেছিল। Rifampicin শুধু পর্দাটা সরিয়ে দিয়েছে। "
আর উল্টো দিকটাও ভুলবেন না — যাঁর Addison's আগে থেকেই diagnosed, তাঁকে rifampicin দিলে steroid-এর ডোজ শুরুতেই প্রায় দ্বিগুণ করে দিতে হয়। একই যুক্তি খাটে আরও অনেক ওষুধে — ciclosporin, warfarin, OCP, antiretrovirals।
একটা enzyme, অসংখ্য পরিণতি।
Dr. Shariful Halim
Clinical and Interventional Cardiologist
MBBS (DMC), MD (Cardiology), MRCP-UK (PACES), ECFMG certified (USA)
Davidson, FCPS & MRCP Mentor
Founder: MedSparkle
Send a message to learn more