10/08/2026
আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। অসংখ্য সন্তান আজ ভালো ফলাফল করেছে। আলহামদুলিল্লাহ। তাদের সাফল্যে বাবা-মায়ের মুখে হাসি ফুটেছে, বুকটা গর্বে ভরে উঠেছে।
সন্তানের ভালো রেজাল্ট, উচ্চশিক্ষা, ভালো ক্যারিয়ার—এসবের জন্য আমরা বাবা-মায়েরা জীবনের কত কিছুই না ত্যাগ করি। নিজের প্রয়োজনকে পিছনে রেখে সন্তানের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি। ভালো স্কুল, ভালো কলেজ, কোচিং, বই, পড়াশোনা—সবকিছুর পেছনে আমাদের একটাই স্বপ্ন থাকে, সন্তান যেন জীবনে প্রতিষ্ঠিত হয়।
আজ সেই স্বপ্নের একটি ধাপ পূরণ হয়েছে। কেউ জিপিএ পেয়েছে, কেউ ভালো ফলাফল করেছে, কেউ হয়তো প্রত্যাশামতো করতে পারেনি। প্রত্যেক সন্তানই আজ তার জীবনের একটি নতুন অধ্যায়ে পা রাখছে।
কিন্তু আজকের এই আনন্দের দিনে একটি প্রশ্ন আমাদের সবার মনে রাখা দরকার।
আমরা কি শুধু সন্তানকে ভালো রেজাল্ট করানোর জন্য তৈরি করছি, নাকি একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তুলছি?
কারণ একটি ভালো ফলাফল তার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। উচ্চশিক্ষা তার নিজের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য। ভালো একটি ক্যারিয়ার তার নিজের জীবনকে সুন্দর করার জন্য।
এসব দেখে বাবা-মা হিসেবে আমরা খুশি হব, কিন্তু সত্যিকারের গর্বিত হব তখনই, যখন আমাদের সন্তান শিক্ষার পাশাপাশি মানবিক দিক থেকেও উচ্চশিক্ষিত হবে।
যে সন্তান বাবা-মায়ের ত্যাগ বুঝবে।
যে সন্তান বৃদ্ধ বয়সে বাবা-মাকে বোঝা মনে করবে না।
যে সন্তান মনে রাখবে, জীবনের শুরুতে যে মানুষগুলো তার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, একদিন সেই মানুষগুলোর হাত ধরার দায়িত্বও তার আসবে।
আজ আমরা সন্তানদের ফলাফল নিয়ে আলোচনা করছি। কে কত পেয়েছে, কে কোন কলেজে পড়বে, কে কোথায় ভর্তি হবে। এসব অবশ্যই গুরুত্বপূর্ণ।
কিন্তু এর পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সন্তান মানুষ হিসেবে কতটা বড় হচ্ছে?
কারণ সার্টিফিকেট একজন মানুষকে শিক্ষিত প্রমাণ করতে পারে, কিন্তু তার ব্যবহার, দায়িত্ববোধ, ভালোবাসা এবং মানবিকতাই তাকে সত্যিকারের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়।
বৃদ্ধাশ্রম কেন তৈরি হয়, সেই প্রশ্নের উত্তর শুধু সন্তানদের কাছে খুঁজলে হবে না। আমাদের সন্তানদের কীভাবে মানুষ করছি, আমরা তাদের কী মূল্যবোধ শেখাচ্ছি, সেটাও আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে।
আজ যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের প্রত্যেকের জন্য আন্তরিক শুভকামনা। তাদের জীবনের পথ সুন্দর হোক, উচ্চশিক্ষার দরজা খুলে যাক, তারা সফল হোক।
তবে সেই সাফল্যের সঙ্গে যেন মানবিকতাটাও বড় হয়।
আমার সকল শুভাকাঙ্ক্ষী, আপনারা যে যেখানে আছেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদের সন্তানদের শুধু উচ্চশিক্ষিত নয়, সৎ, দায়িত্বশীল, মানবিক এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
কারণ একজন বাবা-মায়ের সবচেয়ে বড় স্বপ্ন শুধু এই নয় যে, তার সন্তান জীবনে অনেক বড় হবে।
সবচেয়ে বড় স্বপ্ন হলো, সন্তান একদিন অনেক বড় মানুষ হয়ে বলবে
আমার বাবা-মা আমার জন্য যতটা করেছেন, আমি তাদের জন্য তার সামান্য হলেও করতে পেরেছি।।