11/07/2020
২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া বলতে আপনি কী বোঝেন?
১/ ২০ সেকেন্ড সাবান ঘষা, তারপর পরিষ্কার না হওয়া পর্যন্ত পানি ব্যবহার।
২/ যত দ্রুত সম্ভব (১-২ সেকেন্ডে) সাবান ঘষা, তারপর বাকী সময় ধরে পানি ব্যবহার।
৩/ ১০ সেকেন্ড সাবান ঘষা, ১০ সেকেন্ড পানি ব্যবহার।
৪/ ৫ সেকেন্ড সাবান ঘষা, ১৫ সেকেন্ড পানি ব্যবহার।
৫/ ১৫ সেকেন্ড সাবান ঘষা, ৫ সেকেন্ড পানি ব্যবহার।
CORRECT ANSWER:
সবচেয়ে নিরাপদ পদ্ধতি হল ১ নং। কিন্তু অনেকেই ভাবছেন, ২০ সেকেন্ড ধরে সাবান ঘষার পরে হাত ধুতে তো আরো অনেক সময় লাগবে। তাহলে যে বলে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে।
এর উত্তর জানতে হলে আমাদের এই পোস্টের সবার প্রথম বাক্যটিতে মনোযোগ দিতে হবে। বাক্যটার গঠনশৈলীর মধ্যেই উত্তর পাওয়া যাবে। এখানে বলা হয়েছে, "২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে" হাত ধোয়া। অর্থাৎ, ২০ সেকেন্ড সাবান ঘষতে হবে। এর পর আপনার হাত পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত পানি ব্যবহার করতে হবে।
বিষয়টা অনেকটা বিরাট গরু-ছাগলের হাট আর খাঁটি গরুর দুধ এর মত। গরু-ছাগল বিরাট নাকি হাট বিরাট এই কনফিউশন যেমন আছে, তেমনি গরু খাঁটি নাকি দুধ খাঁটি এই কনফিউশনও আছে। যদিও তামিম ইকবালের বিজ্ঞাপনের পরে আমরা জানতে পারি, গরু খাঁটি হলেই দুধ খাঁটি হবে। তবে গোয়ালা পানি মিশালে দুধ খাঁটি থাকবে না! :)
যাহোক, হাত ধোয়ার ব্যাপারে UNICEF এর সুস্পষ্ট নির্দেশনা আছে তাদের ওয়েবসাইটে।
দ্রুত সাবান ঘষে দ্রুত ধুয়ে ফেললে কোন কাজ হবে না।
১। চলমান পানিতে হাত ভেজান।
২। ভেজা হাতে পর্যাপ্ত সাবান লাগান।
৩। কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য (পারলে আরো বেশি, কিন্তু ২০ সেকেন্ডের কম না) হাতের পিছনে, আঙ্গুলের মধ্যে এবং নখের নীচে সহ সমস্ত হাতের পৃষ্ঠতলে স্ক্রাব করুন।
৪। চলমান জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন।
৫। একটি পরিষ্কার কাপড় বা একক ব্যবহারের তোয়ালে দিয়ে হাত মুছে নিন।
৪ নং ধাপে কতক্ষণ হাত ধুতে হবে?
আপনার হাত কমপক্ষে ২০-৩০ সেকেন্ডের জন্য ধোয়া উচিত। এটির সহজ উপায় হল ২ বার শুভ জন্মদিনের গান গাওয়া। অন্য কিছু বলেও এটি মেনে চলতে পারেন।
হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রেও একই রকম। একটি স্যানিটাইজার ব্যবহার করুন যাতে কমপক্ষে ৬০% অ্যালকোহল থাকে এবং সম্পূর্ণ হাত পরিষ্কার নিশ্চিত করার জন্য কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য আপনার হাতে এটি ঘষুন।
আশা করি, এখন থেকে আর T20 স্টাইলে কেউ হাত ধুবেন না। যারা ১ নং স্টাইলে হাত ধোন, তারা সঠিক। বাকিরা লাইনে আসুন।