Bangladesh Medical University-BMU

Call Directions Website Contact the practice

Bangladesh Medical University-BMU Bangladesh Medical University (BMU).
(2)

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন ও  বৈঠক অনুষ্ঠিত রোবটিক সার্জারি চালুসহ দ্বিপাক্ষিক চিকিৎসা সহযোগিতা জো...
27/09/2026

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন ও বৈঠক অনুষ্ঠিত
রোবটিক সার্জারি চালুসহ দ্বিপাক্ষিক চিকিৎসা সহযোগিতা জোরদারে গুরত্বারোপ

শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভূমিকা এবং সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতিকে কেন্দ্র করে ৩ দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে চীনের উচ্চপর্যায়ের দুটি প্রতিনিধিদল। চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের প্রতিনিধিদল ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল যৌথভাবে বিএমইউ পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শহীদ ডা. মিল্টন হলে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন (Zhao Junmin) চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে চীনের যে অর্জন ও অভিজ্ঞতা রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং (Dr. Yu Qiang)) তার বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সহযোগিতার ক্ষেত্র ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএমইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং দেশের সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরেন। অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য রোগীরা এখানে আসেন। একই সাথে পোস্টগ্রাজুয়েট চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

অধ্যাপক রফিকুল ইসলাম তার উপস্থাপনায় আরও জানান, জটিল ও বিশেষায়িত রোগের চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি, আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি এবং উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশে কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা ও পরিধি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। উন্নত সার্জিক্যাল পদ্ধতি, মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং অপারেশন-পূর্ব ও পরবর্তী চিকিৎসাব্যবস্থার উন্নতির ফলে অর্গান ট্রান্সপ্ল্যান্টে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিএমইউ-তেও কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্গান ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি ইউরোলজিতে মিনিমালি ইনভেসিভ প্রোসিডিউর, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং আধুনিক সার্জিক্যাল ইন্টারভেনশনের ব্যবহার বহুগুণ বেড়েছে। দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সাহায্য করছে। একই সাথে চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ও উন্নত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের সুযোগ রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বাস্থ্য খাতের যৌথ উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন

গুরুত্বপূর্ণ এই সভায় চীনের ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টি অফ চায়না এর স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন, কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রফেসর লি জিয়ংমিং (Prof Li Jiongming) সহ কমপক্ষে ১৬ সদস্যের একটি প্রতিনিধ দল অংশ নেন।

সভায় বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রস্থডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ, ইউরোলজি বিভাগের সার্জন ডা. মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। চীনের প্রতিনিধি দলটি পরে বিএমইউ এর বহির্বিভাগ পরিদর্শন করেন।

সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

ক্রম বিকাশমান চিকিৎসাবিজ্ঞানের জগতে নিরন্তর এগিয়ে যাওয়ার ঐতিহাসিক মুহূর্ত...জটিল চিকিৎসায় বিএমইউ এর অভাবনীয় সাফল্য: সফলভ...
22/09/2026

ক্রম বিকাশমান চিকিৎসাবিজ্ঞানের জগতে নিরন্তর এগিয়ে যাওয়ার ঐতিহাসিক মুহূর্ত...

জটিল চিকিৎসায় বিএমইউ এর অভাবনীয় সাফল্য: সফলভাবে ৬ রোগীর লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন লিভার গ্রহীতা রোগী ও লিভার দাতারা ভালো আছেন
প্রস্তুত আরো ৪ রোগী

দেশেই জটিল চিকিৎসায় অভাবনীয় ও ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আরও ৪টি লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য রোগী নির্বাচন ও প্রস্তুতি চলছে। বিএমইউ এর এই সাফল্য দেশে রোগীদের জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসায় এক নতুন যুগের সূচনা হলো। একই সাথে এই সাফল্য জটিল চিকিৎসায় একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই ৬টি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে গত ০১ ও ০২ সেপ্টেম্বর ২০২৫ এবং ০৩, ০৪ জুলাই ও ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে। সরকারি বরাদ্দের আওতায় রোগীদের এসব ট্রান্সপ্ল্যান্ট বিনামূল্যে করা হয়েছে। সকল লিভার গ্রহীতা রোগী ও লিভার দাতারা ভালো আছেন। বিএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হেপাটোলজি এবং অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগসহ মোট ১৯টি বিশেষায়িত বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এসব সার্জারি সম্পন্ন হয়। এই সকল ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করতে হায়দ্রাবাদস্থ এশিয়ান ইনস্টিটিউট অফ এন্টারোলজি (এআইজি) হসপিটাল -এর বিশেষজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিম বিএমইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি সহযোগিতা প্রদান করেছেন। আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ইং, মঙ্গলবার, দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএমইউ এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, এ সকল ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করার আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং আইনগত ও নৈতিক বিষয় যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। বর্তমানে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে রোগীদের পরবর্তী চিকিৎসা ও ফলোআপ চলছে। বিএমইউ কর্তৃপক্ষ মনে করে যে, ধারাবাহিক এই কার্যক্রম দেশে উন্নত লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আজ একটি আনন্দের দিন, সাফল্যের দিন। দেশের রোগীদের ও মানুষকে আমরা একটি সুসংবাদ দিতে চাই তা হলো, দেশেই অত্যন্ত জটিল চিকিৎসা যার সাথে মাল্টিডিসিপ্লিনারি বিভাগসমূহ সম্পৃক্ত যেমন লিভার ট্রান্সপ্ল্যান্ট এখন দেশেই করা সম্ভব। বিএমইউতে সম্প্রতি ৪ জনসহ এক বছরের মধ্যে ৬ জন রোগীর সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। যদিও এর আগে এই বিশ্ববিদ্যালয়ে ২০১৯ ও ২০২৩ সালে বিচ্ছিন্নভাবে ২টি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। বিএমইউ বর্তমান প্রশাসন লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমকে একটি স্থায়ী ও গতিশীল রূপ দিতে বিশেষ কর্মপদ্ধতি গ্রহণ করেছে। লিভার ট্রন্সপ্ল্যান্ট সার্জারির জন্য মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচ নিয়ে একটি দক্ষ টিমওয়ার্ক গড়ে তোলা হয়েছে। বিএমইউ লক্ষ্য মাসে ২টি এবং বছরে ২৪টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা। পরবর্তীতে এই কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে। বিএমইউর আরো লক্ষ্য রয়েছে লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সেবায় আরো দক্ষ জনবল গড়ে তোলা এবং দেশব্যাপী তা ছড়িয়ে দেওয়া। বিএমইউর বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। লিভার ট্রান্সপ্ল্যান্ট , কিডনী ট্রান্সপ্ল্যান্ট, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম আইনগতভাবে সকল বিধিবিধান মেনে অত্যন্ত সচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করা এবং একই সাথে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি ও চিকিৎসা সেবা কার্যক্রমে আন্তর্জাতিকমান নিশ্চিত করা বিএমইউ এর বর্তমান প্রশাসনের একটি অন্যতম লক্ষ্য। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসাসেবায় বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তাতে প্রধান ভূমিকা পালন করবে এবং দেশের রোগীদের আস্থা পুরোপুরি অর্জন করতে সক্ষম হবে। এই লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ জন্য সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা কাম্য। লিভার ট্রান্সপ্ল্যান্ট সেবায় বিদেশে এমনকি পাশ্ববর্তী দেশে করলেও কোটি টাকা ব্যয় হয়। বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সম্পন্ন করতে কমবেশি ৩০ লাখ টাকার মতো ব্যয় হবে। দেশে রোগীরা বিএমইউ এর ওপর আস্থা রেখেই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রন্সপ্ল্যান্ট কার্যক্রম সেবা নিতে পারেন এবং এ জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই।

বিএমইউর সম্মানিত সাবেক উপাচার্য ও হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, দেশে লিভারে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫ কোটি মানুষ। বাংলাদেশে বছরে কমপক্ষে ১ হাজার রোগীর লিভার ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। লিভার ট্রান্সপ্ল্যান্ট করলে রোগী দীর্ঘমেয়াদে সুস্থ থাকে এবং তার শারীরিক কার্যক্ষমতা স্বাভাবিক থাকে।

সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, লিভার ট্রন্সপ্ল্যান্ট সার্জারি সেবা অব্যাহত ও গতিশীল রাখতে প্রয়োজনে লিভার ট্রান্সপ্ল্যান্ট হাব তৈরি করা হবে।

সংবাদ সম্মেলনে বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, বিএমইউ এর ডিন ও পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, হেপাটোবিলিয়ারি পেনক্রিয়েটিভ ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মোঃ মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচ হামিদ আহম্মদ, অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, সম্মানিত উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী, ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.এসএম রাশেদ-উল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম এলিন, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান আনিসুল ইসলাম, ডা. নাহিদ সুলতানা, উপ-পরিচালক (জনসংযোগ-অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট শারমিন আক্তার, কামরুন নাহার, নাজনীন নাহার মাহফুজা, সেন্টার ম্যানেজার মানিক মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ হাসান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে কিডনি প্রতিস্থাপন: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অন...
21/09/2026

বিএমইউতে কিডনি প্রতিস্থাপন: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ)-তে ‘কিডনি প্রতিস্থাপন: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জসমুহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা: দাতা ও গ্রহীতা (রেনাল ট্রান্সপ্ল্যান্টটেশন এট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস এন্ড ফিউচার পারসপেক্টিভ ডোনার এন্ড রিসিপিয়েন্ট-Renal Transplantation at BMU: Current Scope, Challenges and Future Perspectives-Donor and Recipient)’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২১ সেপ্টেম্বও ২০২৬ইং তারিখ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক।

সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। তিনি ‘ফর্ম রুটিন টু রিসকিউ রিসিপিয়েন্ট-সাইড রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জারি ইন বিএমইউ (From Routine to Rescue: Recipient-side Renal Transplant Surgery in BMU)’ বিষয়ে আলোচনা করেন। বিএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল হোসেন ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু ইনসাইটস অফ ডোনার নেফরেক্টোমি (Insights of Donar Nephrectomy)’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। বিএমইউয়ের নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ কবির হোসেন ‘কিডনী ট্রান্সপ্ল্যান্টেশন: কারেন্ট স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর্ম দি বিএমইউ পারসপেক্টিভ (kidney Transplantation: Current Scope and Challenges from the BMU Perspective) ’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে কিডনি প্রতিস্থাপনের বর্তমান অবস্থা, দাতা ও গ্রহীতার প্রস্তুতি, চিকিৎসা-সুবিধা, প্রতিস্থাপন-পরবর্তী চিকিৎসা এবং এ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কিডনি প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা-সুবিধা, উপযুক্ত দাতা নির্বাচন, নিয়মিত ফলোআপ, অঙ্গদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিদেশের পরিবর্তে দেশেই কিডনী প্রতিস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

বিএমইউর পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া সঞ্চালনায় সম্মানিত মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ডেন্টাল ডীন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, অধ্যাপক ডা. মোহা: সাইদুল ইসলাম, অধ্যাপক ডা. এটিএম আমান উল্যাহ, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম, নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচ হামিদ আহম্মদ, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রস্থোডনটিকস বিভাগের অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ হাসান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন বিষয়ে ১২০ জনকে প্রশিক্ষণ প্রদানবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহী...
21/09/2026

বিএমইউতে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন বিষয়ে
১২০ জনকে প্রশিক্ষণ প্রদান

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক (Training on Preparation of Technical Specifications, Cost Estimation & Technical Evaluation of Tenders) ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। রিসোর্স পারসন ছিলেন বিএমইউর কনসালটেন্ট (ই-জিপি) অধ্যাপক আবু সৈয়দ মজুমদার। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ে এ পর্যন্ত ১২০ জন শিক্ষক, বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবায়দা।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ হাসান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

Address

Shahabag
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255165760

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Medical University-BMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Medical University-BMU:

Shortcuts

Share

Category