10/06/2026
৩০ বছর বয়সের পর সুস্থ থাকতে শুধু সাপ্লিমেন্ট নয়, প্রয়োজন সঠিক খাবারও।
৩০ বছর বয়সের পর শরীরের বিপাকক্রিয়া (Metabolism) ধীরে ধীরে কমতে শুরু করে। হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, পেশিশক্তি হ্রাস পেতে পারে, ত্বকে বয়সের ছাপ দেখা দিতে পারে এবং হৃদরোগের ঝুঁকিও বাড়তে থাকে। তাই এই বয়সের পর থেকে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সাপ্লিমেন্ট খাওয়ার আগে যতটা সম্ভব পুষ্টি খাবারকে গুরুত্ব দিতে হবে।
১| Vitamin C যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোলাজেন তৈরিতে সাহায্য করে,ত্বক, রক্তনালী ও কোষকে সুরক্ষা দেয়।
খাবারের উৎস: লেবু, কাঁচা আম, আমড়া, পেয়ারা, কাঁচা মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, মাল্টা ও কমলা।
২| Vitamin E একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক ও কোষের ক্ষতি কমাতে সাহায্য করে।
খাবারের উৎস: সূর্যমুখী বীজ, কাঠবাদাম, চিনাবাদাম, ডিমের কুসুম, পালং শাক ও অন্যান্য সবুজ শাক, আম, সয়াবিন ও সয়াবিন তেল, গমের আটা ও বিভিন্ন শস্যদানা।
৩| Magnesium যা পেশী ও স্নায়ুর কার্যক্রম ঠিক রাখে, ঘুমের মান উন্নত করতে সাহায্য করে, হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
খাবারের উৎস: কাজুবাদাম, কাঠবাদাম, চিনাবাদাম, কুমড়ার বীজ, মসুর ডাল, মুগ ডাল, ছোলা, শিম, পালং শাক, লাল শাক, কলমি শাক, লাল চাল ও লাল আটার তৈরি খাবার, নারকেল, ছোট মাছ, কলা।
৪| Calcium + Vitamin D যা হাড় ও দাঁত মজবুত রাখে, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।
খাবারের উৎস: দুধ, দই, পনির, ছোট মাছ (কাঁটাসহ খাওয়া যায় এমন মাছ), শুটকি, ডিমের কুসুম, পালং শাক, লাল শাক, কলমি শাক, সয়াবিন, প্রতিদিন ১৫-২০ মিনিট সকালের রোদ ( ভিটামিন ডি এর সবচেয়ে ভাল উৎস)।
৫| Omega-3 Fatty Acid যা হৃদযন্ত্র ভালো রাখে, ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতায় ভূমিকা রাখে।
খাবারের উৎস: পুঁটি, মলা, ঢেলা, কাঁচকি, চাপিলা, রুই, কাতলা, শিং, মাগুর, ইলিশ, আখরোট, তিসি (Flaxseed), চিয়া সিড।
৬| Vitamin K2 + Vitamin D3 যা ক্যালসিয়ামকে সঠিকভাবে হাড়ে জমা হতে সাহায্য করে, ধমনীতে ক্যালসিয়াম জমার ঝুঁকি কমাতে সহায়তা করে।
Vitamin D3 খাবারের উৎস: ডিমের কুসুম, দেশি মাছের কলিজা (বিশেষ করে রুই/কাতলা/ইলিশ ), ছোট মাছ (শিং, মাগুর, টাকি), দুধ ও দই, সকাল ৮–১০টার রোদ ১৫-২০ মিনিট।
Vitamin K2 খাবারের উৎস: টক দই, পনির, ডিমের কুসুম, গরু/খাসির কলিজা।
সব মানুষের সাপ্লিমেন্ট প্রয়োজন হয় না। রক্ত পরীক্ষায় ঘাটতি পাওয়া গেলে, গর্ভাবস্থা, বয়স্ক বয়স, বিশেষ রোগ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নেওয়া উচিত। অযথা দীর্ঘদিন সাপ্লিমেন্ট খাওয়াও ক্ষতিকর হতে পারে।
তবে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি পান, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করা জরুরি।