10/07/2026
ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি (DBT) বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
ঢাকা, ১০ জুলাই ২০২৬: ঢাকা আহ্ছানিয়া মিশন (ডিএএম) এবং আইএসএসইউপি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি (DBT) বিষয়ক একটি বিশেষায়িত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের প্রথম সেশন অনুষ্ঠিত হয় ৩ জুলাই ২০২৬ এবং দ্বিতীয় ও সমাপনী সেশন অনুষ্ঠিত হয় ১০ জুলাই ২০২৬ তারিখে, ঢাকা আহ্ছানিয়া মিশনের ধানমন্ডিস্থ অডিটোরিয়ামে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জনাব জাহির উদ্দিন। তিনি ডিবিটি-এর মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সেবায় এর কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২২ জন মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য পেশাজীবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আবেগ নিয়ন্ত্রণে সমস্যা, আত্মক্ষতির প্রবণতা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ডিবিটি কৌশলের ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ এবং সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন। তাঁরা প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রমাণভিত্তিক (Evidence-based) থেরাপিউটিক পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে জনাব ইকবাল মাসুদ বলেন, দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রশিক্ষণ, গবেষণা ও অংশীদারিত্বের মাধ্যমে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন যে, আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের নিয়মিত কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিমূলক (Capacity Building) উদ্যোগ বাস্তবায়ন করা এবং প্রতিরোধ, চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞানভিত্তিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া। এ ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী আগস্ট ২০২৬ মাসে নারী মাদকাসক্তি চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক উইমেন ইন্টারভেনশন ফর সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড মেন্টাল হেলথ কারিকুলাম (WISE) বিষয়ক একটি বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন করা হবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা ও মনোসামাজিক সহায়তা সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরও তথ্যের জন্য:
ঢাকা আহ্ছানিয়া মিশন
স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর
বাড়ি নং-১৯, সড়ক নং-১২, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
ই-মেইল: