04/10/2026
বেশিরভাগ মানুষ থাইরয়েড মানেই শুধু TSH লেভেল দেখে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, আপনার শরীরের কার্যক্ষমতা নির্ভর করে T4 আর T3 হরমোনের ওপর - আর এই দুইটার ভূমিকা একেবারেই আলাদা। T4 (thyroxine) হলো মূলত একটি ইনএক্টিভ বা স্টোরেজ হরমোন। থাইরয়েড গ্রন্থি এটিই বেশি তৈরি করে, এবং এটাকে বলা যায় “র ম্যাটেরিয়াল।” কিন্তু শরীর এই T4 ব্যবহার করতে পারে না যতক্ষণ না এটাকে এক্টিভ হরমোন T3 (triiodothyronine)-এ রূপান্তর করা হয়। আর T3 হলো সেই হরমোন যা সরাসরি আপনার মেটাবলিজম, ওজন নিয়ন্ত্রণ, এনার্জি লেভেল, শরীরের তাপমাত্রা, মুড, হেয়ার ফল, স্কিন, পিরিয়ড সাইকেল, ফার্টিলিটি এমনকি মস্তিষ্কের ফোকাস ও মেমোরি পর্যন্ত নিয়ন্ত্রণ করে।
সমস্যা হলো, অনেক মানুষের রিপোর্টে TSH ও T4 নরমাল থাকলেও তারা সব ক্লাসিক হাইপোথাইরয়েড উপসর্গে ভুগে - যেমন ক্লান্তি, ঠান্ডা সহ্য না হওয়া, ওজন না কমা, চুল পড়া, কোষ্ঠকাঠিন্য, ডিপ্রেশন, ব্রেন ফগ। কেন? কারণ তাদের শরীর ঠিকমতো T4 কে T3-তে কনভার্ট করতে পারছে না। এটাকে বলা হয় পেরিফেরাল কনভার্সন প্রবলেম। এবং এই জায়গাটাতেই নিউট্রিশন সবচেয়ে বড় ভূমিকা রাখে।
T4 থেকে T3 কনভারশন হওয়ার জন্য শরীরকে নির্দিষ্ট কিছু মাইক্রোনিউট্রিয়েণ্ট দরকার। সেলেনিয়াম এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোফ্যাক্টর , কারণ deiodinase এনজাইম(যেটা T4 কে T3-তে রূপান্তর করে) সেলিনিয়াম ছাড়া কাজই করতে পারে না। জিংক দরকার থাইরয়েড হরমোন রিসেপ্টরের কার্যকারিতা ঠিক রাখতে। আয়রন দরকার অক্সিজেন পরিবহন এবং হরমোন সিন্থেসিস ও অ্যাকটিভেশন -এর জন্য। ভিটামিন এ থাইরয়েড রিসেপ্টরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ভিটামিন বি 12 ও ফলেট স্নায়ু ও শক্তি উৎপাদনে সহায়ক, আর প্রোটিন ছাড়া কোনো হরমোনই ঠিকভাবে কাজ করতে পারে না কারণ হরমোন রিসেপ্টর ও ট্রান্সপোর্ট প্রোটিন সবই প্রোটিন দিয়ে তৈরি।
কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় । থাইরয়েড থাকলেই ভয় পেয়ে আমরা খাবার কমিয়ে দেই , কার্ব একেবারে বাদ দেই, দিনের পর দিন ক্যালোরি ডেফিসিটে থাকি। শরীর তখন এটাকে “ফ্যামিন সিগন্যাল” হিসেবে নেয়। ফলাফল? শরীর বাঁচার জন্য মেটাবলিজম ধীর করে দেয়, T4 থেকে T3 কনভার্সন কমিয়ে দেয় এবং ইনস্টেড রিভার্স T3 (rT3) বাড়িয়ে দেয় যেটা একই রিসেপ্টরে বসে T3-এর কাজ ব্লক করে রাখে। মানে আপনি রিপোর্টে হয়তো “নরমাল” দেখবেন, কিন্তু শরীর ভেতরে ভেতরে মেটাবলিক শাটডাউন মোডে চলে যাবে। এটাই হলো সেই অবস্থা যেখানে মানুষ বলে, “আমি তো কম খাচ্ছি, তবু ওজন কমছে না।” কারণ সমস্যা ফ্যাট নয়, সমস্যা হরমোন অ্যাক্টিভেশন।
এছাড়াও ইনফ্ল্যামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার, গাট ডিসবায়োসিস, ক্রনিক স্ট্রেস, ঘুমের অভাব — সবকিছুই T4 থেকে T3 কনভার্সন কমিয়ে দেয়। কর্টিসোল বেশি থাকলে শরীর সার্ভাইভাল মোড -এ থাকে, তখন সে এনার্জি কনজারভেশন করে, বার্নিং না। আবার লিভার ঠিকভাবে কাজ না করলে কনভার্সন ঠিক হয় না, কারণ লিভারই হলো T4 থেকে T3 কনভার্সন -এর প্রধান অর্গ্যান। গাট হেলথ খারাপ হলে মাইক্রোনিউট্রিয়েণ্ট এবসর্পশন কমে যায়, ফলে কনভার্সন মেশিনারি - ই দুর্বল হয়ে পড়ে।
এখন আসি প্র্যাকটিক্যাল নিউট্রিশন - এর কথায়। থাইরয়েড ঠিক রাখতে আপনাকে শুধু আয়োডিন খেতে হবে এই ধারণা খুবই বিপজ্জনক। আয়োডিন দরকার, কিন্তু বেশি হলে উল্টো অটোইমিউন থাইরয়েড সমস্যা বাড়াতে পারে। আসল প্রয়োজন হলো ব্যালেন্সড ডায়েট - যেখানে পর্যাপ্ত প্রোটিন থাকবে (প্রতিদিন কমপক্ষে ০.৮-১.০ গ্রাম পার কেজি বডি ওয়েট), কমপ্লেক্স কার্ব থাকবে যাতে শরীর ফ্যামিন মোড -এ না যায়, হেলথি ফ্যাট থাকবে যাতে হরমোন সিনথেসিস ঠিক থাকে, এবং মাইক্রোনিউট্রিয়েণ্ট - রিচ খাবার থাকবে। যেমন: ডিম, মাছ, দই, লিভার, বাদাম-বীজ, শাকসবজি, ডাল এগুলো শুধু “হেলথি ” না, এগুলো বায়োকেমিকেল লেভেল -এ আপনার থাইরয়েডকে কাজ করতে সাহায্য করে।
আসল কথা হচ্ছে আপনি শুধু লেভোথাইরক্সিন (T4) খেয়ে থাইরয়েড ঠিক করতে পারবেন না, যদি আপনার শরীর সেই T4 কে T3-তে রূপান্তর করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন ওষুধ বাড়ানো হবে, কিন্তু উপসর্গ কমবে না। কারণ সমস্যা থাইরয়েড গ্রন্থি বা গ্ল্যান্ডে নয় আপনার মেটাবলিক এনভায়রনমেন্ট এ। আর সেই এনভায়রনমেন্ট বানায় আপনার খাবার, ঘুম, স্ট্রেস লেভেল, গাট ও লিভার হেলথ।
সুতরাং থাইরয়েড মানেই শুধু “হরমোন কম” না। থাইরয়েড মানে “হরমোন কাজ করছে কিনা।” আর হরমোন কাজ করবে কিনা, সেটা নির্ভর করে আপনি কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কতটা ঘুমাচ্ছেন, আর কতটা নিজের শরীরকে সার্ভাইভাল মোড থেকে বের করে আনতে পারছেন।
যদি আপনি সত্যিই থাইরয়েড ঠিক করতে চান, তাহলে প্রশ্ন হওয়া উচিত “আমি শুধু ওষুধ নিচ্ছি, নাকি আমি আমার শরীরকে হরমোন-ফ্রেন্ডলি পরিবেশ দিচ্ছি?”
Tanzin Tababy
Nutritionist and Diet consultant
Trained in Clinical Nutrition and Dietetics
MindSheba
✔️অনলাইন বা অফলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ইনবক্স করুন