17/09/2026
ERCP-এর মাধ্যমে পিত্তনালির পাথর অপসারণ
ERCP (Endoscopic Retrograde Cholangiopancreatography) হলো এমন একটি আধুনিক এন্ডোস্কোপিক পদ্ধতি, যার মাধ্যমে পিত্তনালিতে আটকে থাকা পাথর শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী তা বের করা যায়।
পিত্তনালিতে পাথর আটকে গেলে জন্ডিস, পেটের উপরিভাগে ব্যথা, বমি, জ্বর, পিত্তনালির সংক্রমণ (Cholangitis) ইত্যাদি সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে পাথর অপসারণের জন্য ERCP একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি।
কীভাবে Stone Extraction করা হয়?
প্রথমে মুখ দিয়ে একটি বিশেষ ডুডেনোস্কোপ প্রবেশ করিয়ে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশে পৌঁছানো হয়। এরপর পিত্তনালির মুখ বা Major Papilla শনাক্ত করে সেখানে ক্যানুলেশন করা হয়।
প্রয়োজন অনুযায়ী Sphincterotomy/Papillotomy করার পর কনট্রাস্ট দিয়ে পিত্তনালির ছবি নেওয়া হয় এবং পাথরের সংখ্যা, আকার ও অবস্থান নির্ণয় করা হয়।
এরপর বিশেষ Extraction Balloon অথবা Dormia Basket ব্যবহার করে পাথরকে পিত্তনালির ভেতর থেকে ধীরে ধীরে বের করে আনা হয়।
পাথর বের করার পর আবার পরীক্ষা করে দেখা হয়—পিত্তনালি যথাসম্ভব Clear হয়েছে কি না এবং কোনো অবশিষ্ট পাথর বা বাধা রয়েছে কি না।
বড় বা একাধিক পাথর, পাথরের অবস্থান বা পিত্তনালির গঠনের কারণে সব পাথর একবারে বের করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী Balloon Dilatation, Mechanical Lithotripsy বা Biliary Stenting প্রয়োজন হতে পারে।