11/10/2026
ভাবুন তো, আপনার PLID হলো, ডাক্তার আপনাকে রেস্ট নিতে বললো, ঝুকতে, হাটতে, কাজ করতে নিষেধ করলো। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আপনি কিছুই করেন না, হাল্কা মুভমেন্ট করেন, শুয়ে থাকেন- শুয়ে থাকতে থাকতে কোমরে ঘা হয়ে গেছে!
এটা সত্যিকারের গল্প, আর এটা হয়েছে আমাদের এক ছোট ভাইয়ের, যার প্রথমবার PLID অপারেশন ভালো ছিল, কিন্তু ভারী কিছু মুভমেন্টের পর তার আবার ব্যথা আসে, দ্বিতীয়বার PLID অপারেশনের পর সে কার্যত রোবট হয়ে যায়, মুভমেন্টের ভয় তাকে জুজুর মত চেপে ধরে।
শুয়ে থাকতে থাকতে তার কোমরের নিচে আর হিপে ঘা হয়ে যায়। ঢাকা চেম্বারে একজন পেয়েছি, তাকে সামনে ঝুকতে বললে লাম্বার বা কোমর দিয়ে নয় হিপ জয়েন্ট ভাজ করে।
এ সমস্যাটি PLID এর বাইরে একটা আলাদা রোগ, নাম "কাইনেশিওফোবিয়া" বা মুভমেন্ট করতে ভয়। এ ভয়ের কারনে ঘা হওয়াটা খুব কম হয়, কিন্তু আপনার অজান্তেই আপনি কাইনেশিওফোবিয়ার দিকে আগাচ্ছেন না তো?
শুরুতে মুভমেন্টে ভয় হয়, মনে হয় সামনে ঝুকলেই ডিস্ক বের হয়ে যাবে। একটু হাটতে বা জার্নি করতে কোমরের বেল্ট পরেন। এমনো পেয়েছি ঘুমানো ছাড়া সব সময় বেল্ট পরে রাখেন। ডাক্তার মানা করার পর সামনে ঝুকা ভুলে গেছেন, ৩০ বছর বয়সেই চেয়ারে নামাজ পড়েন, এমনকি ভারী একটা জগ ভরে ফিল্টার থেকে ডাইনিং টেবিল পর্যন্ত যান না!
আর যদি আমার মত লিখা পড়ে একটু সাহস করে মুভমেন্ট করেন, সেদিন ব্যথা বাড়ে আর আপনি ভুলেও দ্বিতীয়বার মুভমেন্ট করেন না।
কাইনেশিওফোবিয়ার বায়োমেকানিক্স একটু বলা যাক; আমাদের মেরুদন্ডের মুভমেন্ট হলো ডিস্কের খাদ্য, যত মুভমেন্ট ডিস্ক তত হাইড্রেশন আর নিউট্রিশন পায়। ইঞ্জুরি হলে একটা ডিস্কে আরো বেশি খাবার দরকার, কিন্তু অতি প্রয়োজনে আমরা তার কিছু মুভমেন্ট ২-৩ সপ্তাহ অফ রাখি, অনেকটা অসুস্থ্য রোগীকে ভারী খাবার না দিয়ে স্যালাইন দেয়ার মত।
কিন্তু এ স্যালাইন কি দীর্ঘদিন চলে? না, ধীরে সুস্থ্যে রোগীকে খাবার দেয়ার চেস্টা করা হয়। কিভাবে? শুরুতে স্যুপ, তারপর আস্তে ধীরে খিচুড়ি, নরম ভাত, তারপর নরমাল খাবার, তারপর বিরিয়ানি। PLID তে রেস্টে থাকা রোগী হটাৎ সামনে ঝুকা বা এক্সারসাইজ করার মানে হলো স্যালাইনে চলা রোগীকে বিরিয়ানি হজম করতে দেয়া, পেট খারাপ হবেই, ব্যথা বাড়বেই!
আর ব্যথা বাড়লেই ব্যথার ভয় ও বাড়ে, এর সাথে যুক্ত হয় সোশ্যাল মিডিয়ায় হতাশা আর ডাক্তারদের প্যারালাইসিস হয়ে যাবার ভয়! এখানে স্পাইনের মোশান সেগমেন্ট বা ডিস্কের আশে পাশের জায়গার মোবিলিটি বা আর্থ্রোকাইনেমেটিকস, দূরের মাসলের এডাপটেশন, নিউরাল সেন্সিটিভিটি আগে চিকিৎসা করতে হয়, তারপর ব্যায়াম বা আর্থ্রোকাইনেমেটিক মোবিলিটি।
এছাড়া মাসলের এন্ডুরেন্স বা লোড/টাইম ক্যাপাসিটি, স্ট্রেংথ বা ফোর্স/টাইম ক্যাপাসিটি স্বাভাবিক করা খুব জরুরি। দেখা গেলে মুভমেন্ট ভালো, কিন্তু মাসলের এন্ডুরেন্স বা স্ট্রেংথ ক্যাপাসিটি কমের জন্য রেডিয়েটিং পেইন আসে! জ্বি, মাসলের দূর্বলতায় নিউরোলজিক্যাল রেডিকুলোপ্যাথির মত ব্যথা।
শুনতে অবাক লাগছে, আমাদের মাসলের মেমরি থাকে, একদম ব্রেইনের মত! মাসল রেকর্ড করে রাখে যে তার গড় কতটা লোড আর স্ট্রেংথ নিতে হয়, এ গড়টাকে সে স্বাভাবিক ধরে রাখে। আপনি যখন শুধু শুয়ে থাকেন তখন মাসলের লোড ও ফোর্স ক্যাপাসিটি কমে, এমন কমে যে স্বাভাবিক মুভমেন্টের লোড ও ফোর্স তার কাছে বেশি লাগে আর সে নোসিসেপটিভ ইম্পালস নার্ভে পাঠায়, ব্যথা লাগে।
এর মানে আপনি হয়ত রেস্ট নিয়ে, ফিজিওথেরাপি নিয়ে বা সার্জারি করে ডিস্ক পজিশন হয়ে, চুপসে গিয়ে বা শ্রিংক হয়ে, বা সার্জারি করে নার্ভ ডিকমপ্রেশন অর্জন করেছেন, নার্ভ ও ভালো কাজ করছে, কিন্তু মাসল রেডি না বলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না।
PLID, DDD বা সায়াটিকা রোগীদের কাইনেশিওফোবিয়া হলো মুভমেন্টের ক্যান্সার, এ রোগী ফিজিওথেরাপি নিয়ে স্বাভাবিক মুভমেন্টে ফিরতে যত দেরী করবে তত দিনে গানিতিক হারে তার জটিলতা বাড়বে, এমন সব জটিলতা যা আপনি কল্পনাও করতে পারবেন না।