03/08/2026
কোয়াকের ধর্মীয় বিশ্বাসের ওপর আক্রমণ
সম্প্রতি যতগুলো পোস্ট করেছি প্রায় সবগুলোতেই প্রচন্ডভাবে আমার পাঞ্জাবি, টুপি, দাড়ি এবং ইসলামিক বিশ্বাসের উপর আক্রমণ করা হয়েছে।
প্রায় তাদের সবার দাবি আমি কিভাবে পাঞ্জাবি টুপি পরে মানুষের সঙ্গে প্রতারণা করছি। মানুষের দাঁতের চিকিৎসা করাকেই তারা প্রতারণা মনে করছে। তাদের দাবি আমি বিডিএস না হয়ে কিভাবে দাঁতের চিকিৎসা করি? এটাতো ধোকা এবং প্রতারণার সামিল, আমার ইনকাম হালাল হবে না, ইত্যাদি ইত্যাদি।
চলেন আমরা বিষয়টা নিয়ে একটু ভাবি।
মনে করেন সারা দেশে খাবার বিতরনের দায়িত্ব আপনি নিলেন এখন যদি দেশের কোথাও একজন মানুষও পর্যাপ্ত খাবার না পায় তার জন্য আল্লাহর কাছে কি আপনার জবাবদিহি করতে হবে না?
অনেকে মনে করে বিডিএস ডাক্তার ছাড়া বাচ্চাদের দুধ দাঁত পর্যন্ত কেউ ফেলতে পারবে না, যেই দুধ দাঁত ছোটবেলায় আমাদের বাড়িতেই বাবা-মা ফেলে দিছেন (যদি জটিল না হয়)।
মেনে নিলাম বিডিএস ছাড়া কেউ দাঁতের কোন রকম চিকিৎসা দিতে পারবেনা, তাহলে কি বিডিএস ডাক্তাররা সারা দেশের সব মানুষের দাঁতের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে??
দায়িত্বটা কিন্তু অনেক বড়!! একটু নিজেকে সময় দেন, দায়িত্বটা নিয়ে একটু ভাবেন।
ধরেন আপনি কাউকে বিয়ে করলেন, এখানে সব থেকে সহজ কাজ হচ্ছে বিয়ে করা। কঠিন দায়িত্ব শুরু হয় বিয়ের পরে, তার জন্য নিরাপদ থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, তাকে সময় দেওয়া। এই দায়িত্বের কারণে বর্তমান সময়ের মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছে, এটা বাস্তবতা।
একজন মানুষের দায়িত্ব পালন করা এতটা কঠিন মনে হচ্ছে, সেখানে সারাদেশের সকল মানুষের দাঁতের চিকিৎসার দায়িত্বটা কিভাবে এত সহজে নিয়ে নিচ্ছেন? কোন চাপ অনুভব হচ্ছে না? কোন টেনশন লাগছে না? কোন ক্লান্তির মুখোমুখি হচ্ছেন না? যদি কোন অসুবিধাই না হয় তাহলে একবার ভাবুন তো আপনি কি আসলে দেশের প্রতিটা মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন?
ধরে নিলাম আপনি দায়িত্ব নিয়েছেন!! কংগ্রাচুলেশন। কিন্তু দেশের সব মানুষের অর্থনৈতিক অবস্থা তো সমান না। এখন যদি কেউ আপনার পরিশ্রমের যথাযথ মূল্য দিতে ব্যর্থ হয় তখন তাকে কি করবেন? আপনি পারবো না বলে দেওয়ার পরে সে দাঁতে ব্যথা নিয়ে কোথায় যাবে? তার চিকিৎসার দায়িত্ব তো আপনি নিছেন। এটা নিয়ে কি একটু ভেবেছেন?
এখন অনেকে চিল্লায় উঠতে পারে, আমি এতকিছু ভাবতে যাব কেন। দেখেন রাষ্ট্রের কোন জবাবদিহিতা নাই, হাসিনার কোন বিচার হয়েছে? হাসিনার সাথে যারা গুম খুন করেছে তাদের কোন বিচার হয়েছে? আল্লাহর কাছে বিচার হবে প্রতিটি মানুষের তার দায়িত্ব নিয়ে।
এখন আপনি রাষ্ট্রকে দিয়ে আইন তৈরি করলেন যেন আপনারা ছাড়া কেউ দাঁতের চিকিৎসা করতে না পারে এবং প্রশাসনের মাধ্যমে এই আইন বাস্তবায়ন করালেন। তাহলে বাংলাদেশের সকল মানুষের দাঁতের চিকিৎসার দায়িত্ব কাদের উপর পড়ে? আপনি কি সেই দায়িত্ববানদের একজন না? হিসাব দিতে পারবেন তো?
আপনারা যদি সক্রিয়ভাবে রাষ্ট্রকে ব্যবহার করে দেশের সকল মানুষের দাঁতের চিকিৎসার দায়িত্ব না নিতেন তাহলে হয়তো হিসাব দেওয়াটা একটু সহজ হতো। কিন্তু আপনি তো বিডিএস ছাড়া অন্য কেউ যেন চিকিৎসা না করতে পারে সেই ব্যবস্থা করলেন। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন বিডিএস ডাক্তার ছাড়া কেউ দাঁতের চিকিৎসা করতে পারবে না, তাহলে দেশের সব ধরনের শ্রেণীর সব ধরনের অর্থনৈতিক অবস্থার এবং সব ধরনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দাঁতের চিকিৎসার দায়িত্ব তো আপনার।
আপনি মুসলিম হলে আপনার তো দায়িত্বের হিসাব দিতে হবে তাই না?
অনেকে আরেক দফা আক্রমণ করে দেশের আইন মানা ওয়াজিব।
আমি যদি প্রশ্ন করি, আপনি ইসলামকে এতটা মেনে চলার চেষ্টা করেন, ইসলাম অনুযায়ী মেয়েদের পড়াশোনার পরিধি কতটুকু? সকল নারীর জন্য পর্দা কে বাধ্যতামূলক করতে পারবেন তো? চুরির শাস্তিতে হাত কাটতে পারবেন তো? পরকীয়ার শাস্তিতে পাথর মেরে হত্যা করতে পারবেন তো? গান বাজনা কে নিষিদ্ধ করতে পারবেন তো? ছেলে-মেয়ে সহ শিক্ষা বন্ধ করতে পারবেন তো? এরকম হাজারো প্রশ্ন....
এটা শুনে আবার চিল্লায় উঠবে, আমি কেন এগুলো করতে যাব? এগুলো বাস্তবায়ন করা কি আমার দায়িত্ব? বুঝলাম কিন্তু বিডিএস ছাড়া অন্য কেউ যদি দাঁতের চিকিৎসা করে তাহলে তাকে প্রতারক বলা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার দায়িত্ব হয়ে পড়ে তাই তো??
তাহলে ইসলাম অনুযায়ী কোয়াকদের কি হবে?
দেখেন আমি আলেম না, কিন্তু আমি একজন মুসলিম। আমি মনে করি আল্লাহ তায়ালা প্রতিটা চিকিৎসককে প্রশ্ন করবেন, সে যে চিকিৎসা করছে সেটা বুঝে শুনে জ্ঞান অর্জন করে সৎ উদ্দেশ্যে দক্ষতার সাথে করেছে কিনা। কোন বিডিএস ডাক্তার যদি ভুল চিকিৎসা করে বসে, যে ভুলটা ঠিক করার মত যোগ্যতা তার ছিল। উদাহরণ দিয়ে বুঝাই
ইন্টারন্যাশনাল ডাক্তারদের সাথে যদি বাংলাদেশের বিডিএস ডাক্তারদের রুট ক্যানেল ট্রিটমেন্ট তুলনা করা হয় তাহলে বাংলাদেশের কয়জন বিডিএস ডাক্তারের রুট ক্যানেল ট্রিটমেন্ট কোয়ালিফাইড হবে? ইন্টারন্যাশনাল ডাক্তাররা অনেকে আরসিটি তে ইরিগেশনের জন্য জেন্টেল ওয়েব নামে একটা মেশিন ব্যবহার করে যার দাম কয়েক কোটি টাকা। বাংলাদেশের কয়জন বিডিএস ডাক্তার এটা ব্যবহার করতে পারবে? এরকমভাবে চিকিৎসা করলে বাংলাদেশের ২০ কোটি মানুষের ভিতর এক লাখ মানুষের চিকিৎসা করা কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য হয়তো আল্লাহ তাআলা এত কড়া কড়ি ভাবে প্রশ্ন করবে না কিন্তু আপনি একটা দাঁতের ক্যানেল খুঁজে না পেয়ে দাঁতটা তুলে ফেলে দিলেন যেন কোয়াক বা অন্য বিডিএস ডাক্তার সমালোচনা করতে না পারে। অথচ আপনি চাইলেই রেফার করতে পারতেন।
আপনি কি মনে করেন আল্লাহ আপনার ডিগ্রী দেখে ছেড়ে দিবে? আবার যার ডিগ্রি নেই, ভুলভাল চিকিৎসা করে মানুষের ক্ষয়ক্ষতি করছে তাকেও ছেড়ে দিবে?
আল্লাহতালা বিডিএস ডিগ্রী ও দেখবে না, বিএমডিসির রেজিস্ট্রেশনও দেখবে না, দেখবে কাজটা করার মত আপনার যোগ্যতা ছিল কিনা।
---কোয়াক রিফাত