18/06/2026
মৃত্যুর ওপারে অমরত্ব
এ্যাড মোমিনূল
৮/৬/২৬
কিন্তু না, মৃত্যু তো শেষ কথা নয়, নূহাস!
মৃত্যু তো কেবল এক পোশাক বদলানো নদীর নাম।
তুমি তো হারিয়ে যাওনি আমার এই ব্যথিত বুকের ভেতর থেকে।
যতদিন এই পৃথিবীতে সন্ধ্যা নামবে ধূসর আলোয়,
যতদিন জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদীটি বইবে,
যতদিন সুকান্তর মতো ক্ষুধার্ত মানুষ রুটি খুঁজবে—
ততদিন তুমি থাকবে আমার প্রতিটি দীর্ঘশ্বাসে।
তুমি আছো ওই আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রে,
তুমি আছো শরতের শিউলি-ঝরা ভেজা ঘাসে।
পিতার ভালোবাসা তো মরে না কখনো, নূহাস,
তা তো এক অন্তহীন সমুদ্র, যা মৃত্যুকেও গ্রাস করে নেয়।
মাটির অন্ধকারে নয়, তুমি বেঁচে আছো আমার কান্নায়,
আমার গর্বে, আমার কবিতার প্রতিটি অক্ষরের ভাঁজে।
আমাদের আবার দেখা হবে নূহাস, কোনো এক আলোর মিছিলে—
যেখানে কোনো রোগ নেই, শোক নেই, কোনো হাসপাতাল নেই;
আছে শুধু পিতা আর পুত্রের এক অনন্তকালের আলিঙ্গন।