21/02/2021
পুরুষদের যৌনস্বাস্থ্য সমস্যা: নির্ণয় এবং প্রতিরোধের উপায়
যৌনসমস্যা হল সেই সমস্যা যা যৌন সম্পর্ক/প্রক্রিয়ার পুরো চক্রের যে কোন পর্যায়ে দম্পতিকে পূর্ণ তৃপ্তি অর্জনে বাঁধা প্রদান করে বা কোন সমস্যার সম্মুখীন করে।নারী বা পুরুষ উভয়েরই যৌন সমস্যা থাকতে পারে।পুরুষদের ক্ষেত্রে, এটি যেকোন বয়সী পুরুষদের দেখা দিতে পারে তবে সাধারণত বয়স্কদের মাঝে কিছু সমস্যা বেশি দেখা দেয়। সমস্যাগুলোর অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করে চিকিৎসা নিলে এগুলো ভালো হয়ে যায়। এ সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না।
কি ধরণের যৌনসমস্যা দেখা যায়?
পুরুষদের মাঝে সাধারণত ৪ ধরণের যৌন সমস্যা নিয়ে চিন্তিত হতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই সমস্যাগুলো সঠিক চিকিৎসায় ভালো হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে তা হয়তো তেমন কোন সমস্যা বলেও পরিলক্ষিত হয় না। এগুলো হল-
ইরেক্টাইল ডিসফাংশন
অকাল বীর্যপাত (খুব দ্রুত প্রচণ্ড উত্তেজনায় পৌঁছানো)
বিলম্বিত বা বীর্যপাতে বাঁধা (প্রচণ্ড আস্তে আস্তে অর্গাজম পৌঁছানো বা মোটেও না হওয়া বা শারীরিক কোন বাঁধা)
যৌনসম্পর্কে অনাগ্রহ
পুরুষদের যৌন সমস্যার কারণ
পুরুষদের মধ্যে যৌন সমস্যা দেখা দেওয়ার কারণ শারীরিক কিংবা মানসিক উভয়ই হতে পারে।
সামগ্রিকভাবে যৌন সমস্যার শারীরিক কারণগুলি হ’ল:
হরমোনের মাত্রার তারতম্য বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন
ঔষধের প্রভাব (কিছু এন্টিডিপ্রেসেন্টস, উচ্চ রক্তচাপের ওষুধ)।
রক্তনালীতে ব্যাধি যেমন এথেরোস্ক্লেরোসিস (ধমনীতে কোন বাঁধা) এবং উচ্চ রক্তচাপ।
স্ট্রোক বা ডায়াবেটিস বা অস্ত্রোপচারের ফলে স্নায়ুবিক অবস্থার পরিবর্তন ।
ধূমপান।
মদ্যপান এবং মাদক সেবন।
মানসিক কারণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:
শারীরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন।
দাম্পত্য বা পারিবারিক সম্পর্কের সমস্যা।
ডিপ্রেশন, অপরাধবোধ।
অতীতের কোন যৌন তিক্ততা বা ট্রমা।
কর্ম-সম্পর্কিত চাপ এবং উদ্বেগ।
যৌন সমস্যার কারণ নির্ণয় করে কিভাবে?
আপনার ডাক্তার সমস্যার বিস্তারিত জেনে প্রাথমিকভাবে রোগীকে দেখে কোনও শারীরিক পরীক্ষা দিয়ে রোগের কারণ নির্ণয়ের প্রক্রিয়া শুরু করতে পারেন। শারীরিক পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকতে পারে-
রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা, রক্তে সুগার (ডায়াবেটিসের জন্য) এবং কোলেস্টেরল মাত্রা নির্ধারণ
রক্তচাপ পরীক্ষা করে দেখা
প্রোস্টেট পরীক্ষা করার জন্য বিশেষ কিছু টেস্ট
লিঙ্গ এবং অন্ডকোষ পরীক্ষা
লিঙ্গে রক্ত প্রবাহের বা অন্য সমস্যা আছে কিনা তা প্রয়োজনীয় পরীক্ষা করে দেখা
আপনার ডাক্তার আপনার উপসর্গ, পূর্বের চিকিৎসা এবং যৌন ইতিহাস সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এই প্রশ্নগুলি খুব ব্যক্তিগত মনে হলেও বিব্রত হবেন না। সঠিক চিকিৎসা পেতে সততার সাথে প্রশ্নের উত্তর প্রদান অত্যন্ত জরুরী। প্রয়োজনে ডাক্তার আপনাকে অন্য ধরণের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রেরণ করতে পারেন (উদাহরণস্বরূপ-ইউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট বা কাউন্সিলর,) যিনি আপনাকে সহায়তা করতে পারেন।
প্রতিকার
যৌন সমস্যার ধরণ বুঝে ডাক্তার আপনাকে ঔষধ, হরমোন থেরাপি, মানসিক থেরাপি কিংবা উপসর্গ বুঝে চিকিৎসা প্রদান করবেন বা প্রয়োজনীয় বিশেষজ্ঞের কাছে পাঠাবেন।
প্রতিরোধ
যৌন সমস্যার কারণগুলো অনুসন্ধান করে এবং তা বুঝে সমস্যাটি উপশমের চেষ্টা করা উচিৎ। এজন্য নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করলে উপকার পেতে পারেন-
আপনার যে কোনও স্বাস্থ্য সমস্যায় ডাক্তারের পরামর্শগুলো সঠিক ভাবে মেনে চলুন।
আপনার অ্যালকোহল পানের অভ্যাস ত্যাগ করুন বা সীমিত করুন।
ধুমপান ত্যাগ করুন। .
হার্টের জন্য ভালো এমন স্বাস্থ্যকর এবং ব্যালেন্সড ডায়েট খান।
সঠিক ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম করুন।
মানসিক সমস্যা যেমন স্ট্রেস, হতাশা এবং উদ্বেগের জন্য যদি প্রয়োজন হয় তবে মনোবিদের সাহায্য নিন।
আপনার সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং খোলাখুলি ভাবে কথা বলুন।
যৌনসংক্রান্ত যে কোন সমস্যায় পরিচয় গোপন রেখেই নির্দ্বিধায় আমাদের ডাক্তার এবং মনোসামাজিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার একটি সুস্থ এবং সুন্দর দাম্পত্য জীবন আমাদের সবার কাম্য।