04/08/2026
বরকত কী?
বরকত হলো— বছরের পর বছর কেটে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না হওয়া। কারণ আল্লাহ তাআলা আপনার সুস্থতায় বরকত দান করেছেন।
বরকত হলো— আয় অল্প, কিন্তু পরিবারের সকলের প্রয়োজন সুন্দরভাবে পূরণ হয়ে যায়। মাস শেষে ঋণের বোঝা কাঁধে চাপাতে হয় না।
বরকত হলো— ঘরের ছোট-বড় প্রয়োজনীয় জিনিসগুলো দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা। অকারণে নষ্ট না হওয়া, ভেঙে না যাওয়া।
বরকত হলো— ঘর হয়তো ছোট, সম্পদও সীমিত; কিন্তু সেখানে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও মানসিক প্রশান্তি ভরপুর।
বরকত হলো— পরিচিত মানুষ বা বন্ধু কম হলেও, যারা আছে তারা বিশ্বস্ত, আন্তরিক ও বিপদে-আপদে পাশে থাকার মতো মানুষ।
বরকত হলো— অল্প সময়েও অনেক কল্যাণকর কাজ সম্পন্ন হয়ে যাওয়া, কম রিজিকেও তৃপ্ত থাকা, আর জীবনের প্রতিটি নিয়ামতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা।
বরকত মানে শুধু অর্থ-সম্পদের প্রাচুর্য নয়।
বরকত মানে— আল্লাহর দেওয়া সামান্য নিয়ামতেও প্রশান্তি, সন্তুষ্টি ও কল্যাণ খুঁজে পাওয়া। কারণ আল্লাহর বরকতই অল্পকে অনেক করে দেয়।
আল্লাহ তাআলা বলেন:
"আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দ্বার খুলে দিতাম।"
📖 সূরা আল-আ'রাফ, ৭:৯৬
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।"
📚 সহিহ আল-বুখারি, হাদিস: ২০৬৭; সহিহ মুসলিম, হাদিস: ২৫৫৭
হে আল্লাহ! আমাদের রিজিক, স্বাস্থ্য, সময়, পরিবার, সন্তান-সন্ততি এবং জীবনের প্রতিটি কাজে বরকত দান করুন। আমীন।
— সংগৃহীত (পরিমার্জিত)