24/06/2026
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা: আপিল বিভাগের রায়
বিডিএস (BDS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জনদের মতো প্র্যাকটিস করার অনুমতির জন্য রিট করেছিলেন ডিপ্লোমা ডিগ্রিধারী ডেন্টাল টেকনোলজিস্টরা। পরবর্তীতে ২০১৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ ডেন্টাল টেকনোলজিস্টদের কয়েকটি ক্ষেত্র নির্ধারণ করে প্র্যাকটিস করার অনুমতি প্রদান করেন। উক্ত রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করে এবং তাতে বিডিএস ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটিও পক্ষভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।
আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত ফুল বেঞ্চ আপিলটি মঞ্জুর করেন। যার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস করতে পারবেন না ডিপ্লোমা ডিগ্রিধারী ডেন্টাল টেকনোলজিস্টরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী, ডেন্টাল টেকনোলজিস্টদের সরাসরি রোগীর চিকিৎসা বা ব্যবস্থাপত্র দেওয়ার কোনো আইনি অনুমতি নেই। তাদের প্রধান দায়িত্ব হলো ডেন্টাল সার্জন বা চিকিৎসকদের ল্যাবরেটরিতে সহায়তা করা। আইন অনুযায়ী, শুধুমাত্র বিএমডিসি নিবন্ধিত ও অনুমোদিত বিডিএস (BDS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জনরাই দাঁতের চিকিৎসা করতে পারবেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ও ব্যারিস্টার এরশাদ হোসেন রাশেদ। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ তরিক উল্যাহ। অপরদিকে, ডিপ্লোমা ডিগ্রিধারী ডেন্টাল টেকনোলজিস্টদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।
— অ্যাডভোকেট তরিক
#বিডিএস_নয়তো_ডেন্টিস্ট_নয়