29/08/2026
ব্যথার ওষুধ কি কিডনির ক্ষতি করতে পারে?
আজকের আলোচনা- Analgesic Nephropathy (ব্যথার ওষুধের অতিরিক্ত ব্যবহারে কিডনির ক্ষতি)
ব্যথার ওষুধ আমাদের অনেক সময় দ্রুত স্বস্তি দেয়। কিন্তু অপ্রয়োজনীয়, অতিরিক্ত বা দীর্ঘদিন ধরে NSAID জাতীয় ব্যথার ঔষধ খেলে কিডনির ক্ষতি হতে পারে — এবং এই ক্ষতি দুইভাবে হতে পারে: ধীরে ধীরে (দীর্ঘমেয়াদি) অথবা হঠাৎ (স্বল্পমেয়াদি)।
#প্রশ্ন হলো কতদিন খেলে কিডনির ক্ষতি হতে পারে?
এটি সাধারণত রাতারাতি হয় না। এর কোনো নির্দিষ্ট “কতদিন” সীমা নেই।
প্রকৃত "Analgesic Nephropathy" (দীর্ঘমেয়াদি কিডনি রোগ) সাধারণত বছরের পর বছর ধরে খুব বেশি মাত্রায় সাথে একসাথে একের অধিক ব্যথার ঔষধ খাওয়ার সাথে সম্পর্কিত ।
কিন্তু হঠাৎ কিডনি বিকল (acute kidney injury বা AKI) হওয়ার জন্য বছর অপেক্ষা করতে হয় না। NSAID কিডনির রক্তপ্রবাহ কমিয়ে দেয়, এবং ব্যবহারের প্রথম কয়েক দিন থেকেই এই ঝুঁকি শুরু হয়ে যায়, প্রথম ৩০ দিনে ঝুঁকি সবচেয়ে বেশি থাকে । বিশেষ করে যাঁদের পানিশূন্যতা, আগে থাকেই কিডনির সমস্যা, বয়স বেশি, বা হার্ট ফেইলিওর (heart failure) আগে থেকেই থাকে।
#কিডনি সুরক্ষায় কী করবেন?
১. ব্যথার ঔষধ শুধুমাত্র প্রয়োজনে নিন।
২. সর্বনিম্ন কার্যকর dose, সর্বনিম্ন সময়ের জন্য ব্যবহার করুন।
৩. নিজে থেকে দীর্ঘদিন ibuprofen, diclofenac, naproxen, ketorolac ইত্যাদি ব্যথার ঔষধ খাবেন না।
৪. একসঙ্গে একাধিক ব্যথার ঔষধ (NSAID) খাবেন না।
৫. রক্তচাপ/হার্টের ওষুধের সাথে নিজে থেকে ব্যথার ঔষধ (NSAID) যোগ করবেন না ।
৬. উচ্চ রক্তচাপ, diabetes, heart failure বা বয়স বেশি হলে ব্যথার ঔষধ (NSAID) চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।
৭. পানিশূন্য অবস্থায় ব্যথার ঔষধ (NSAID) ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন।
#প্যারাসিটামল (Paracetamol) কি নিরাপদ?
সুপারিশকৃত মাত্রায় (দৈনিক সর্বোচ্চ প্রায় ৩-৪ গ্রাম পর্যন্ত (লিভারের সমস্যা না থাকলে) খাওয়া যায় । Paracetamol কিডনির জন্য ব্যথার ঔষধ (NSAID)-এর তুলনায় নিরাপদ বিকল্প।
সবশেষেঃ
"Painkiller বা ব্যথার ঔষধ মানেই ক্ষতিকর নয় — কিন্তু অপ্রয়োজনীয়, অতিরিক্ত, বা ঝুঁকিপূর্ণ কম্বিনেশনে ব্যবহার কিডনির জন্য মারাত্মক হতে পারে।"
👉 সর্বক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন, সুস্হ থাকুন ।
ধন্যবাদ-
ডা. আবু শাহীন
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১, লক্ষ্মীপুর, রাজশাহী
০১৭৭৬-৮৪৭৪৭৬ | ০৯৬৬৬-৭৮৭৮১১
📚 References:
1. National Kidney Foundation — Pain Medicines and Kidney Disease
2. National Kidney Foundation — How to Avoid Kidney Damage from Over-the-Counter Pain Medicines
3. MSD Manual Professional — Analgesic Nephropathy
4. bpacnz — Avoiding the "Triple Whammy" in Primary Care (ACE inhibitor/ARB + diuretic + NSAID)