22/06/2026
সময়ের সঠিক সিদ্ধান্তে বাঁচলো মা ও অনাগত শিশু
গভীর রাত। হঠাৎ তীব্র শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, কথা বলতে কষ্ট—সঙ্গে দুর্বলতা। ২৮ বছর বয়সী এক গর্ভবতী মা তখন গর্ভাবস্থার ২৬ সপ্তাহে। এমন উপসর্গ গর্ভাবস্থায় শুধু মায়ের জন্য নয়, অনাগত শিশুর জন্যও হতে পারে জীবন-ঝুঁকিপূর্ণ।
পরিবার পরিস্থিতির গুরুত্ব বুঝতে ভুল করেনি। এক মুহূর্তও দেরি না করে দ্রুত তাকে নিয়ে আসেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরে।
হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা ইমার্জেন্সি টিম রোগীর অবস্থা মূল্যায়ন করে দ্রুত চিকিৎসা শুরু করে। অক্সিজেন সাপোর্ট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা হয়।
সময়মতো সঠিক চিকিৎসা পাওয়ায় ধীরে ধীরে মায়ের শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসে। স্থিতিশীল থাকে অনাগত শিশুর অবস্থাও। পরবর্তী কয়েকদিন ফিমেল ওয়ার্ডে মা ও শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
চিকিৎসা শেষে তিনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান। হাসপাতাল ছাড়ার সময় ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের আন্তরিক সেবা, যত্ন ও মানবিক ব্যবহারের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গর্ভাবস্থায় শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, অতিরিক্ত হাত-পা বা মুখ ফোলা, রক্তপাত, তীব্র পেটব্যথা, খিঁচুনি, শিশুর নড়াচড়া কমে যাওয়া কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ কখনোই অবহেলা করবেন না।
বিশেষ করে ২৬ সপ্তাহ বা তার পরের গর্ভাবস্থায় এমন যেকোনো উপসর্গ মা ও অনাগত শিশু—উভয়ের জন্যই গুরুতর ঝুঁকির কারণ হতে পারে।
ফ্রেন্ডশিপ হাসপাতালের অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ, জরুরি বিভাগের চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টা মা ও অনাগত শিশুর নিরাপত্তায় সেবায় নিয়োজিত।
সময়মতো চিকিৎসাই পারে মা ও শিশুর জীবন রক্ষা করতে।