19/08/2026
Mind reading, Negative interpretation, Overthinking
“আমি খুব একা হয়ে যাচ্ছি।”
“কেউ আমাকে পছন্দ করে না।”
“সবাই আমাকে এড়িয়ে চলছে।”
চেম্বারে বসে এই ধরনের কথা আমাকে প্রায়ই শুনতে হয়।
একটু খুঁটিয়ে জানতে চাইলে দেখা যায়, এই বিশ্বাসের পিছনে অনেক সময় খুব ছোট ছোট ঘটনা থাকে।
রাস্তায় পরিচিত একজনের সঙ্গে দেখা হলো। আমি হাসলাম, কিন্তু সে মুখ ঘুরিয়ে চলে গেল।
মেসেজ করলাম। Seen হয়েছে, কিন্তু reply আসেনি।
ফোন করলাম। বলল, “এখন ব্যস্ত আছি, পরে ফোন করব।”তারপর আর ফোন করেনি।
এরপর শুরু হয় মনের মধ্যে গল্প তৈরি হওয়া—
“নিশ্চয়ই ও আমাকে এড়িয়ে যাচ্ছে।”
“ও আর আমাকে পছন্দ করে না।”
“আমাদের সম্পর্কটা বোধহয় শেষ।”
“সবাই ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে।”
একটা ঘটনা থেকে আরেকটা ধারণা...
একটা ধারণা থেকে আরেকটা আশঙ্কা...
আর শেষ পর্যন্ত সেই আশঙ্কাটাই যেন সত্যি মনে হয়।
অথচ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভুলে যাই—
অপর মানুষটি কিন্তু কখনও বলেনি যে সে আমাদের অপছন্দ করে।
তার নীরবতা, দেরীতে উত্তর দেওয়া, ফোন না করা—এসবের অন্য অনেক কারণ থাকতে পারে।
হয়তো সে ব্যস্ত ছিল।
হয়তো কোনো সমস্যার মধ্যে ছিল।
হয়তো সত্যিই কোনো কারণে কথা বলতে পারেনি।
কিন্তু আমরা সেই আচরণের সবচেয়ে নেতিবাচক ব্যাখ্যাটাই বেছে নিই এবং সেটাকেই সত্যি ধরে নিই।
তারপর সেই চিন্তাই আমাদের মনের সমস্ত জায়গা দখল করে নেয়।
কাজে মন বসে না।
Energy কমে যায়।
ঘুমের সমস্যা হয়।
খিদে কমে যায়।
মাথার মধ্যে শুধু একই প্রশ্ন ঘুরতে থাকে—
“ও আমার সঙ্গে এমন কেন করল ?”
এখানেই Overthinking-এর একটা বড় ফাঁদ তৈরি হয়।
আমরা অন্য মানুষের আচরণ দেখি, কিন্তু তার উদ্দেশ্য নিজের মতো করে ধরে নিই।
অথচ সত্যিটা হলো—
অন্য একজন মানুষের মনের ভেতর কী চলছে, সেটা আমরা বড়জোর অনুমান করতে পারি, নিশ্চিতভাবে জানতে পারি না।
Psychotherapy-তে এই ধরনের Thought pattern নিয়ে কাজ করার একটি কার্যকরী উপায় হল Cognitive Restructuring।
ঘটনাটা কী?
আমি কী ব্যাখ্যা করলাম?
আমার মাথায় কী চিন্তা এল?
এই চিন্তার পক্ষে সত্যিই কী প্রমাণ আছে?
এর অন্য কোনো ব্যাখ্যা কি হতে পারে?
এই প্রশ্নগুলো নিজেকে করতে শেখা খুব জরুরি।
লক্ষ্য হলো প্রতিটি চিন্তাকে আরও যুক্তিসঙ্গত ও balanced দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখা ।
তাই পরের বার কেউ আপনার মেসেজের উত্তর দিল না, ফোন করল না, অথবা আপনাকে দেখেও কথা না বলে চলে গেল—
সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছবেন না।
চিন্তাগুলোকে পরপর সাজিয়ে ভেবে দেখুন—
অপর মানুষটির নীরবতা একটি ঘটনা।
“সে আমাকে আর পছন্দ করে না”—এটা ঘটনার প্রতি আমার নিজের ব্যাখ্যা।
আর এই ঘটনা ও ব্যাখ্যার মাঝখানের দূরত্বটুকু চিনতে পারাই Cognitive Restructuring-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
কারণ তথ্য যেখানে শেষ হয়, Overthinking অনেক সময় সেখান থেকেই গল্প লেখা শুরু করে।
রূপা সিকদার ধর
Psychological Counsellor
#অন্দরমহলেরমনস্তত্ত্ব