06/14/2026
নিকোলাস ব্লানশোর ঈমানজাগানিয়া কাহিনি
তুষারাচ্ছন্ন পর্বত, নীলাভ হ্রদ এবং আধুনিক সভ্যতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের এই যুবককে মানুষ নিকোলাস ব্লানশো (Nicolas Blancho) নামে চিনত। কেউ কল্পনাও করতে পারেনি যে খ্রিস্টান পটভূমির একটি উদারপন্থী ইউরোপীয় পরিবারের এই ছেলে একদিন ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে, আরবি ভাষা শিখবে, কুরআনকে নিজের পথপ্রদর্শক বানাবে এবং পরে সেই সুইজারল্যান্ডেই হাজারো মুসলমানের প্রতিনিধিত্বকারী নেতৃত্বের অংশ হয়ে উঠবে।
এটি শুধু একজন মানুষের মুসলিম হওয়ার গল্প নয়; বরং এমন একটি হৃদয়ের কাহিনি, যা সত্যের সন্ধানে অস্থির ছিল। এমন একটি মনের ইতিহাস, যা প্রশ্নের জঙ্গলে পথ হারিয়েছিল। আর এমন একটি আত্মার সফর, যা শেষ পর্যন্ত তার স্রষ্টার কাছে পৌঁছে গিয়েছিল।
১৯৮৩ সালের ১২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের বিয়েল (Biel/Bienne) শহরে জন্মগ্রহণ করেন নিকোলাস। তিনি একটি বহুসাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা ছিলেন ফরাসি বংশোদ্ভূত এবং মা ছিলেন জার্মান বংশোদ্ভূত। পরিবারের পরিবেশ খ্রিস্টান হলেও ধর্মীয় অনুশীলন ছিল দুর্বল। পরবর্তীতে তাঁর বাবা বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন এবং মা ধীরে ধীরে গির্জা থেকে দূরে সরে যান। ফলে নিকোলাস এমন এক পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে ধর্ম ছিল, কিন্তু জীবনের কেন্দ্রবিন্দু ছিল না।
শৈশবে তিনি অন্যান্য ইউরোপীয় শিশুদের মতোই প্রাণবন্ত, চঞ্চল এবং দুষ্টুমি-প্রিয় ছিলেন। খেলাধুলা, দৌড়ঝাঁপ এবং নতুন নতুন অভিযানে মেতে থাকতেন। কিন্তু তেরো বছর বয়সে তাঁর জীবনে এমন একটি মোড় আসে, যা তাঁর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল পরিবর্তন হয়, পুরোনো বন্ধুদের থেকে বিচ্ছেদ ঘটে এবং নতুন পরিবেশে তিনি একাকীত্বের মুখোমুখি হন। কিছু শিক্ষার্থী তাঁকে উত্যক্ত করত, উপহাস করত, এমনকি শারীরিক নির্যাতনও করত।
একজন সংবেদনশীল কিশোরের জন্য এসব পরিস্থিতি সহজ ছিল না। নিরাপত্তার খোঁজে তিনি এমন কিছু তরুণের দলে যোগ দেন, যারা মারামারি ও শক্তি প্রদর্শনের জন্য পরিচিত ছিল। কিছুদিন তাঁর মনে হয়েছিল যে তিনি এখন নিরাপদ। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁর বিবেক জেগে ওঠে। তিনি উপলব্ধি করেন, যে পথে তিনি চলছেন তা তাঁকে আরও অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।
এখান থেকেই শুরু হয় তাঁর বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান।
তিনি জীবনের মৌলিক প্রশ্নগুলো নিয়ে ভাবতে শুরু করেন। মানুষ কেন জন্মেছে? ঈশ্বর কে? বিভিন্ন ধর্ম কেন রয়েছে? সত্য কার কাছে? এসব প্রশ্ন তাঁকে বইয়ের জগতে নিয়ে যায়। তিনি বৌদ্ধধর্ম অধ্যয়ন করেন, হিন্দুধর্মের মতবাদ পড়েন, খ্রিস্টধর্মের বিশ্বাসসমূহ নিয়ে চিন্তা করেন এবং বিভিন্ন আধ্যাত্মিক আন্দোলনের সাহিত্য পর্যালোচনা করেন।
তবে একটি প্রশ্ন সবসময় তাঁর মনে ঘুরপাক খেতে থাকে যদি ঈশ্বর একজনই হন, তাহলে মানুষকে কেন মানুষের উপাসনা করতে হবে?
হযরত ঈসা (আ.) সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি ঈসা (আ.)-কে গভীর শ্রদ্ধা করতেন, কিন্তু তাঁকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র হিসেবে মানতে তাঁর মন সায় দিত না। তাঁর ভেতরে তাওহীদের একটি স্বাভাবিক ধারণা ছিল, যা কোনো সৃষ্টিকে উপাসনার যোগ্য মনে করতে অস্বীকার করত।
এমন সময় তাঁর পরিচয় হয় কয়েকজন আলবেনীয় মুসলিমের সঙ্গে। ধর্ম নিয়ে আলোচনার সময় একজন মুসলিম বন্ধু তাঁকে বলেছিল:
“তোমার চিন্তাধারা ইসলামের খুব কাছাকাছি।”
এই কথাটি নিকোলাসের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে।
তিনি ইসলাম সম্পর্কে জানার সিদ্ধান্ত নেন। বাবার কাছে ইসলামবিষয়ক বই আনার অনুরোধ করেন। তাঁর বাবা এটিকে একটি বুদ্ধিবৃত্তিক আগ্রহ মনে করে কুরআনের একটি অনুবাদ এনে দেন।
সম্ভবত তিনি জানতেন না, তাঁর হাতে তুলে দেওয়া এই বইটিই তাঁর ছেলের পুরো জীবনের গতিপথ বদলে দেবে।
কুরআন খোলা হলো, আর তাঁর সামনে উন্মোচিত হলো এক নতুন জগৎ।
পরবর্তীতে নিকোলাস বলতেন, কুরআনের প্রথম যে বিষয়টি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল তা হলো তিনি এমন একজন রবকে খুঁজে পেলেন, যিনি কোনো জাতি, বর্ণ বা অঞ্চলের নন; বরং সমগ্র মানবজাতির রব। তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছিল এই বিষয়টি যে কুরআন সব নবীকে একই ধারার অংশ হিসেবে উপস্থাপন করে এবং সবাইকে তাওহীদের দাওয়াতদাতা বলে ঘোষণা করে।
কুরআনের পৃষ্ঠাগুলো যেমন তাঁর সামনে উন্মুক্ত হতে থাকে, তেমনি তাঁর হৃদয়ের বন্ধ দরজাগুলোও খুলতে থাকে।
এ সময় তাঁর জীবনে এমন একটি ঘটনা ঘটে, যা তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হয়।
তাঁর স্কুলে ফ্রান্স থেকে আগত কয়েকজন মুসলিম দাঈ একটি পরিচিতিমূলক সভার আয়োজন করেন। সেখানে প্রায় ত্রিশজন জার্মানভাষী তরুণ উপস্থিত ছিল। নিকোলাস ফরাসি ও জার্মান দুই ভাষাতেই দক্ষ হওয়ায় তাঁকে অনুবাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তিনি অন্যদের জন্য অনুবাদ করতে গিয়েছিলেন, কিন্তু সেদিন সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল তাঁর নিজের হৃদয়।
প্রায় দেড় ঘণ্টার আলোচনায় ইসলামের আকিদা, আল্লাহর একত্ববাদ এবং রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষার কথা তুলে ধরা হয়। নিকোলাস প্রতিটি বাক্য ফরাসি থেকে জার্মানে অনুবাদ করছিলেন, কিন্তু তাঁর অনুভূতি ছিল যেন প্রতিটি শব্দ সরাসরি তাঁর হৃদয়ে নেমে আসছে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি নীরবে বসে থাকলেন। তাঁর অন্তরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। এরপর একজন দাঈ কয়েক মিনিট তাঁর সঙ্গে আলাপ করেন।
মাত্র কয়েক মিনিটের সেই কথোপকথনের পর ১৬ বছর বয়সী নিকোলাস শাহাদাত পাঠ করেন।
সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেছিলেন:
“আমি মসজিদ থেকে এমনভাবে বের হয়েছিলাম, যেন কোনো পাখি মুক্ত হয়ে আকাশে উড়ে যাচ্ছে। আমার হৃদয়ে এমন এক আনন্দ ছিল, যা আমি আগে কখনও অনুভব করিনি।”
বাড়ি ফিরে তিনি মাকে জানালেন যে তিনি মুসলিম হয়ে গেছেন। তাঁর মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি কঠোর বিরোধিতা করলেন। কখনো আবেগের মাধ্যমে ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, কখনো তাঁর সিদ্ধান্তকে সাময়িক উন্মাদনা বলে আখ্যায়িত করলেন, আবার কখনো তাঁর নতুন ইসলামী পরিচয় নিয়ে উপহাস করলেন। কিন্তু তাঁর হৃদয়ে জ্বলে ওঠা ঈমানের আলো আর নিভে যাওয়ার ছিল না।
ইসলাম গ্রহণের পর তাঁর জীবনে বিস্ময়কর পরিবর্তন আসে। যে যুবককে আগে শিক্ষাক্ষেত্রে সাধারণ মানের মনে করা হতো, সে জ্ঞানপিপাসু হয়ে ওঠে।
তিনি পূর্বের কারিগরি শিক্ষা ছেড়ে পুনরায় মাধ্যমিক শিক্ষায় ফিরে যান এবং এমন পরিশ্রম করেন যে প্রায় ৪০০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এটি শুধু একটি পরীক্ষায় সাফল্য ছিল না; বরং ছিল এক নতুন মানুষের জন্ম।
এখন তাঁর সামনে জীবনের একটি স্পষ্ট লক্ষ্য ছিল। তিনি ইসলামী জ্ঞান অর্জনের সিদ্ধান্ত নেন। প্রথমে ফ্রান্সে যান, যেখানে ইসলাম ও ইসলামী চিন্তাধারা অধ্যয়ন করেন। এরপর তিনি ইয়েমেনে পাড়ি জমান। সে সময় ইয়েমেন ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসত। সেখানে তিনি আরবি ভাষা শিখেন, ক্লাসিক ইসলামী জ্ঞান অর্জন করেন এবং মুসলিম সমাজকে কাছ থেকে দেখেন। পরে ইউরোপীয় আইন ও ইসলামী শরিয়তের তুলনামূলক অধ্যয়নের ওপর গবেষণা করেন।
এই সফর তাঁর জন্য শুধু শিক্ষামূলকই নয়, আধ্যাত্মিক বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।
জার্মান ও ফরাসি ভাষার পাশাপাশি তিনি আরবিতেও দক্ষতা অর্জন করেন। ফলে তিনি বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধনে পরিণত হন।
সুইজারল্যান্ডে ফিরে এসে তিনি আইনশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তবে তাঁর প্রধান আগ্রহ ছিল মুসলমানদের সেবা এবং ইসলামের দাওয়াত।
তিনি উপলব্ধি করেছিলেন যে ইউরোপে মুসলমানদের শুধু মসজিদ নয়, শক্তিশালী প্রতিনিধিত্ব, জ্ঞানভিত্তিক নেতৃত্ব এবং সুসংগঠিত সামাজিক প্রচেষ্টারও প্রয়োজন রয়েছে। এই চিন্তাই তাঁকে বাস্তব কাজের ময়দানে নিয়ে আসে।
তিনি কুরআনের অনুবাদ প্রচারের উদ্যোগ নেন, যাতে অমুসলিম সুইস নাগরিকরা সরাসরি ইসলামের মূল উৎসকে বুঝতে পারেন। বিভিন্ন শহরে দাওয়াতি ক্যাম্প ও তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরিচিতিমূলক স্টল স্থাপন করেন, যেখানে সাধারণ মানুষ এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে পারত।
সেই সময় ইউরোপে ইসলাম সম্পর্কে ভুল ধারণা বাড়ছিল। ১১ সেপ্টেম্বরের ঘটনার পর মুসলমানদের সন্দেহের চোখে দেখা হতো। এমন পরিস্থিতিতে নিকোলাস গণমাধ্যম, জনসভা এবং বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে ইসলামের ইতিবাচক পরিচয় তুলে ধরার চেষ্টা করেন।
তাঁর বক্তৃতাশৈলী, উপস্থিত বুদ্ধি এবং যুক্তিশক্তি তাঁকে দ্রুত পরিচিত করে তোলে। তিনি সমালোচকদের আপত্তির জবাব যুক্তির মাধ্যমে দিতেন এবং ইসলামের শিক্ষাকে আধুনিক ইউরোপীয় মানসিকতার জন্য বোধগম্য ভাষায় উপস্থাপন করতেন।
২০০৬ সালে বিতর্কিত ব্যঙ্গচিত্র ইস্যুর সময় তিনি সুইজারল্যান্ডে প্রতিবাদী কর্মসূচি আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবস্থান ছিল মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অবমাননাকে এক জিনিস হিসেবে দেখা যায় না।
পরবর্তীতে তিনি সুইজারল্যান্ডে মুসলমানদের সমষ্টিগত প্রতিনিধিত্বের জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে বিভিন্ন ইসলামী কেন্দ্র ও সংগঠনকে একত্রিত করার চেষ্টা করেন। এসব কার্যক্রমের ফলে তিনি ইসলামী সংগঠনগত নেতৃত্বের অন্যতম পরিচিত মুখে পরিণত হন।
আবদুল্লাহ আবু আম্মার (নিকোলাস ব্লানশো)-এর দাওয়াতি কার্যক্রম শুধু সংগঠন গঠনেই সীমাবদ্ধ ছিল না। তিনি তরুণদের প্রশিক্ষণ, দ্বীনি শিক্ষা, আন্তধর্মীয় সংলাপ, গণমাধ্যমে প্রতিনিধিত্ব, ইসলামী সচেতনতা বৃদ্ধি এবং মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায়ও নিরলসভাবে কাজ করেছেন। তিনি মসজিদে পাঠদান করতেন, ইসলামী কেন্দ্রে বক্তৃতা দিতেন, প্রশ্নোত্তর সভায় অংশ নিতেন এবং বহু মানুষের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করার চেষ্টা করতেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের অন্যতম পরিচিত মুসলিম ধর্মীয় নেতা এবং Islamic Central Council of Switzerland (ICCS)-এর সভাপতি।
বাস্তবতা হলো, হেদায়েত জাতি, ভাষা, দেশ বা সংস্কৃতির ওপর নির্ভর করে না; এটি নির্ভর করে হৃদয়ের আন্তরিক অনুসন্ধানের ওপর। ফরাসি বংশোদ্ভূত বাবা এবং জার্মান বংশোদ্ভূত মায়ের ঘরে জন্ম নেওয়া এক তরুণ যখন সত্যের সন্ধানে বের হয়, তখন সে কুরআনের মধ্যে তার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায়। এরপর সেই তরুণ জ্ঞান অর্জনের জন্য ইউরোপ থেকে আরব বিশ্ব পর্যন্ত ভ্রমণ করে, বিভিন্ন ভাষা শেখে, উচ্চশিক্ষা লাভ করে এবং শেষ পর্যন্ত নিজের পুরো জীবন ইসলাম ও সমাজসেবার কাজে উৎসর্গ করে।
আল্লাহ তাঁকে অবিচলতা দান করুন এবং তাঁর প্রচেষ্টাগুলো কবুল করুন। আমিন।